মিশুকের বদলে সিএনজি অটোরিকশা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিএনজিচালিত অটোরিকশা নিয়ে যে কেলেঙ্কারি হয়েছিল বিগত বিএনপি সরকারের আমলে, তারই যেন পুনরাবৃত্তি হতে যাচ্ছে। পুরোনো মিশুকের পরিবর্তে সিএনজিচালিত অটোরিকশা দেওয়ার যে বরাদ্দ তালিকা তৈরি করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ), তার প্রায় সবই ভুয়া। জালিয়াতির মাধ্যমে অটোরিকশা বরাদ্দ নিয়ে বাণিজ্য করাই যে মূল উদ্দেশ্য, সেটা পরিষ্কার। ২০০৩ সালে টু স্ট্রোক ইঞ্জিনের অটোরিকশার বদলে সিএনজি অটোরিকশা বরাদ্দের সময় ব্যাপক দুর্নীতি ও অনিয়মের যে ঘটনা ঘটেছে, সেটার ফল কিছুটা বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে ভোগ করেছিলেন এই অপকর্মের সঙ্গে জড়িত কয়েকজন মালিক ও শ্রমিকনেতা। এবার মিশুকের বদলে সিএনজি অটোরিকশা বরাদ্দ দেওয়ার যে প্রক্রিয়া শুরু হয়েছে, সেখানেও তৎপর রয়েছেন কেউ কেউ। নিয়ম অনুযায়ী মিশুকের প্রকৃত মালিককে মিশুকের পরিবর্তে সিএনজি অটোরিকশা বরাদ্দ দেওয়ার কথা। এক হাজার ৫০৭টি মিশুকের বিপরীতে যে আবেদন করা হয়েছে, তার মধ্যে এক হাজার ৪৩০টি আবেদনই ভুয়া। মালিকদের কাছ থেকে পুরোনো ও মেয়াদোত্তীর্ণ মিশুক কিনে রাতারাতি মালিক বনে গেছেন অনেকে। প্রথম আলোয় প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, হলফনামায় মালিকদের অধিকাংশ স্বাক্ষরই জাল। আর ২০১২ সালে কেনা দলিলে দেখানো হয়েছে মিশুক বিক্রি হয়েছে ২০০১ বা ২০০২ সালে।এটা স্পষ্ট যে বড় ধরনের অনিয়ম ও জালিয়াতির চেষ্টা হচ্ছে এই সিএনজি অটোরিকশা বরাদ্দ নিয়ে। কিছু মালিক ও শ্রমিকনেতা এই বরাদ্দ নিজেদের মধ্যে ভাগাভাগি করে নিতে চাইছেন। একজন মালিক যখন নির্ধারিত দামের চেয়ে বেশি দামে একটি সিএনজি অটোরিকশার মালিক হবেন, তখন নির্ধারিত ভাড়া না মানার প্রবণতাটি শুরু থেকেই দেখা দেবে। সিএনজি অটোরিকশায় ভাড়ার ক্ষেত্রে বর্তমানে যে নৈরাজ্য চলছে, তার মূল কারণ ২০০৩ সালে বরাদ্দ দেওয়ার সময়ের ব্যাপক অনিয়ম ও দুর্নীতি। আমরা নতুন অটোরিকশা বরাদ্দের ক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম দেখতে চাই না। শুরুতেই এই অনিয়মের চেষ্টা ঠেকাতে হবে। প্রকৃত মিশুকমালিকদের বরাদ্দ দেওয়া না হলে গুটি কয়েক লোকের হাতে এই ব্যবসা জিম্মি হয়ে যাবে।