পূর্বাঞ্চলীয় প্রতিবেশী দেশ মিয়ানমারে আবার সাম্প্রদায়িক সহিংসতার খবরে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। দেশটির উত্তরাঞ্চলীয় শহর মিকতিলায় জাতিগত দাঙ্গায় ১০ জনের মৃত্যু, মসজিদসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান ও দোকানে আগুনের ঘটনার পরিপ্রেক্ষিতে সেখানে কারফিউ ও জরুরি অবস্থা জারির খবর পাওয়া গেছে।মাস কয়েক আগে মিয়ানমারের মুসলিম-অধ্যুষিত রাখাইন প্রদেশেও ভয়াবহ দাঙ্গার ঘটনা ঘটে, যাতে ১৮০ জনের বেশি প্রাণ হারিয়েছিল এবং উদ্বাস্তু হয়েছিল এক লাখ ১০ হাজার মানুষ। অনেকে বাধ্য হয়ে বাংলাদেশের সীমান্তে আশ্রয় নেওয়ার চেষ্টা করেছিল, যদিও অনেক আগে থেকেই কয়েক লাখ রাখাইন নাগরিক বাংলাদেশে অবস্থান করছে। দীর্ঘদিন ধরেই মুসলমানেরা মিয়ানমারে বসবাস করে এলেও নাগরিকত্ব দেওয়ার ক্ষেত্রে দেশটির সামরিক সরকার বৈষম্য নীতি অনুসরণ করে আসছিল। এখন সেখানে গণতন্ত্রের হাওয়া বইছে। অতএব গণতন্ত্র ও মানবতার স্বার্থেই সেখানে সামরিক শাসকদের জাতিবিদ্বেষী নীতি পরিহার করা জরুরি। মিকতিলার ঘটনায় মিয়ানমারে দায়িত্বরত মার্কিন রাষ্ট্রদূতসহ অনেকেই উদ্বেগ প্রকাশ করেছেন। এ মুহূর্তে মিয়ানমার সরকারের কর্তব্য দাঙ্গাকারীদের কঠোর হাতে দমন এবং ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ ও পুনর্বাসনের ব্যবস্থা করা। দাঙ্গা যাতে অন্যান্য রাজ্যে ছড়িয়ে পড়তে না পারে, সে ব্যাপারে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। আর স্থায়ী সমস্যার সমাধানের জন্য রাখাইন বা অন্যান্য জনগোষ্ঠীর মুসলমানদের নাগরিক স্বীকৃতি দিতে হবে। শান্তিতে নোবেল বিজয়ী অং সান সু চির দেশে আমরা এই অশান্তির ছায়া দেখতে চাই না। আশা করি, মিয়ানমার সরকার অবিলম্বে দাঙ্গা নিয়ন্ত্রণে দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে। আর তারা সেটি করতে ব্যর্থ হলে আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত হবে, তাদের ওপর চাপ সৃষ্টি করা। এ ব্যাপারে বাংলাদেশ সরকারের কূটনৈতিক তৎপরতাও জোরদার করতে হবে। যেসব পশ্চিমা রাষ্ট্র মানবাধিকারের দোহাই দিয়ে বাস্তুত্যাগী রাখাইনদের গ্রহণ করার জন্য বাংলাদেশকে সদুপদেশ দিচ্ছে, তারা মিয়ানমার সরকারকে আন্তর্জাতিক আইন ও রীতিনীতি মানতে বাধ্য করছে না কেন?