মিয়ানমারের রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘের জরুরি হস্তক্ষেপ চেয়ে নিরাপত্তা পরিষদের সভাপতিকে লেখা ১৩ জন নোবেল বিজয়ীসহ ২৩ জন বিশিষ্ট ব্যক্তির খোলা চিঠিটি মিয়ানমারের শান্তিকন্যা অং সান সু চির ঘুম ভাঙাবে কি না, সেই প্রশ্নের জবাব ভবিষ্যৎই দিতে পারে। তাঁদের মধ্যে ২০০৬ সালে শান্তিতে নোবেলজয়ী বাংলাদেশের অর্থনীতিবিদ ও গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ড. মুহাম্মদ ইউনূসও রয়েছেন। আমরা তাঁদের ধন্যবাদ জানাই।
খোলা চিঠিতে বিশিষ্ট ব্যক্তিরা জরুরি আলোচ্য বিষয় হিসেবে মিয়ানমারের রোহিঙ্গাদের ওপর হত্যা ও নির্যাতন চালানোর বিষয়টি নিরাপত্তা পরিষদে উপস্থাপন এবং জাতিসংঘের বর্তমান মহাসচিবকে জরুরি ভিত্তিতে মিয়ানমার পরিদর্শনের যে অনুরোধ জানিয়েছেন, তার প্রতি আমরা সংহতি প্রকাশ করছি। যখন একটি দেশে একটি জনগোষ্ঠীর বিরুদ্ধে জাতিগত নিপীড়ন চলে, তখন এই পরিষদ বা জাতিসংঘ নিশ্চুপ থাকতে পারে না। এর আগে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থাও মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর গণহত্যা বন্ধের দাবি জানালে দেশটির সরকার তা আমলে নেয়নি। এমনকি তারা স্বাধীন পর্যবেক্ষক ও বিদেশি সাংবাদিকদের প্রবেশের ওপরও নিষেধাজ্ঞা জারি করেছে। জাতিসংঘের সাবেক মহাসচিব সেখানকার পরিস্থিতি ‘গণহত্যার মতো নয়’ বলে যে সাফাই গেয়েছেন, সেটি সত্যকে আড়াল করার প্রয়াস মাত্র। এ অবস্থায় নোবেল বিজয়ীসহ ২৩ বিশিষ্ট ব্যক্তির সঙ্গে সংহতি প্রকাশ করে আমরাও বলতে চাই যে ঘটনার নিরপেক্ষ ও আন্তর্জাতিক তদেন্তর বিকল্প নেই।
অং সান সু চি নিজেও শান্তির জন্য নোবেল পুরস্কার পেয়েছেন। তাঁর কাছে বারবার আবেদনের পরও রোহিঙ্গাদের ওপর নির্যাতন বন্ধে কার্যকর উদ্যোগ না নেওয়ার বিষয়টি তাই বিশেষভাবে গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত দুর্ভাগ্যজনক। মিয়ানমারের নেত্রীকে এ কথা স্মরণ করিয়ে দেওয়া অত্যুক্তি হবে না যে তিনি যখন সামরিক জান্তার হাতে নিগৃহীত হয়েছিলেন, তখন বাংলাদেশসহ বিশ্বের শান্তিকামী মানুষ তাঁর পাশে দাঁড়িয়েছিলেন। পাশে ছিল রোহিঙ্গা জনগোষ্ঠীও।
আরও উদ্বেগের বিষয় হলো মিয়ানমারের সশস্ত্র বাহিনী উগ্র রাখাইনদের নিয়ে নাডালা নামে একটি বাহিনী গঠন করেছে, যারা রোহিঙ্গাদের ওপর হত্যা, ধর্ষণ অব্যাহত রেখেছে। এটি ১৯৭১ সালে বাংলাদেশে পাকিস্তানি বাহিনী কর্তৃক গঠিত রাজাকার আলবদর বাহিনীর কথাই স্মরণ করিয়ে দেয়। ৯ অক্টোবর থেকে ৫০ হাজারের বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে। আগে থেকে আরও কয়েক লাখ রোহিঙ্গা শরণার্থী এখানে অবস্থান করছে। এ অবস্থায় অবিলম্বে মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর নিপীড়ন বন্ধে বিশ্ববিবেক জাগ্রত হবে, এটাই প্রত্যাশিত।