মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সীমান্তচৌকি (বিওপি) ও টহল দলের ওপর মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর হামলা ও গুলিবর্ষণের ঘটনাটি অত্যন্ত উদ্বেগজনক। গত বুধবার সংঘটিত এ ঘটনায় একজন বিজিবি সদস্য আহত হয়েছেন। পরে সেখানে অতিরিক্ত বিজিবি ও সেনাসদস্য পাঠানো হয়েছে। এ ধরনের ঘটনা কেবল বাংলাদেশ নয়, দুই দেশের জন্যই বিপজ্জনক।
প্রথম আলোর প্রতিবেদনে স্থানীয় সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, আরাকান আর্মি (এএ) নামে একটি বিচ্ছিন্নতাবাদী সংগঠন এই হামলার জন্য দায়ী। দুর্গম অঞ্চলে এই বাহিনীর প্রধান বাহন ঘোড়া। বিজিবির সাম্প্রতিক অভিযানে বেশ কিছু ঘোড়া আটক হওয়ার পর ক্ষুব্ধ হয়ে তারা এই হামলার ঘটনা ঘটিয়ে থাকতে পারে। বিজিবির বান্দরবান সেক্টরের উপ-অধিনায়ক সৈয়দ জহির উদ্দিন মোহাম্মদ বাবরের বর্ণনা অনুযায়ী, সকাল নয়টায় হামলার সময় বিজিবির সদস্যরাও পাল্টা গুলি চালান ও মর্টার শেল ছোড়েন। বিজিবির প্রতিরোধের মুখে সন্ত্রাসীরা কয়েকবার পিছু হটে গেলেও আবার সংগঠিত হয়ে আক্রমণ চালায়।
মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদীদের হামলা, প্রতিহত করল বিজিবিশুধু তা-ই নয়, পার্বত্য চট্টগ্রামের অন্যান্য জায়গায়ও তাদের তৎপরতা ও নেটওয়ার্ক রয়েছে। রাঙামাটির রাজস্থলী উপজেলা থেকে এএর একজন সন্দেহভাজন সহযোগীকে গ্রেপ্তার করা হয়। তাঁর কাছ থেকে আরাকান আর্মির পোশাক, পোশাক বানানোর কাপড়, ল্যাপটপ ও ক্যামেরা উদ্ধার করা হয়েছে।
মিয়ানমার সীমান্তে এই সন্ত্রাসী গোষ্ঠী দীর্ঘদিন ধরেই তৎপরতা চালিয়ে আসছে। মাদক পাচারসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গেও তারা জড়িত। এদের রুখতে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর কঠোর অবস্থানের বিকল্প নেই। এক দেশের সন্ত্রাসী গোষ্ঠী যাতে অন্য দেশে আশ্রয় না পায়, সে বিষয়ে সজাগ থাকতে হবে। যৌথ টহল ও অভিযানের মাধ্যমেই সীমান্তে সন্ত্রাসী গোষ্ঠী নির্মূল করা সম্ভব। তবে সে জন্য বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে আস্থার সম্পর্ক গড়ে তোলা জরুরি। কয়েক সপ্তাহ আগে একজন বিজিবি সদস্যের আটককে কেন্দ্র করে দুই দেশের মধ্যে যে ‘যুদ্ধ পরিস্থিতি’ বিরাজ করছিল, সীমান্তে শান্তি বজায় রাখতে তার পুনরাবৃত্তিও ঠেকাতে হবে।