মিয়ানমারের রোহিঙ্গা সংকট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিয়ানমারে গণতন্ত্র পুনরুদ্ধারের কৃতিত্বের দাবিদার অং সান সু চি রোহিঙ্গা সমস্যা নিরসনে জাতিসংঘের সাবেক মহাসচিব ও শান্তিতে নোবেলজয়ী কফি আনানের নেতৃত্বে যে একটি অ্যাডভাইজরি কমিশন গঠন করেছেন, তাকে আমরা স্বাগত জানাই। যদিও ৫ সেপ্টেম্বর কফি আনানের আরাকান কমিশনটি তার কাজ শুরু করার মুহূর্তে কয়েকটি বৌদ্ধ গোষ্ঠীর বিরোধিতা ও বিক্ষোভ প্রত্যক্ষ করেছে। কিন্তু স্বস্তির খবর হেলা, সশস্ত্র জাতিগত সংখ্যালঘু সংগঠনগুলোর সঙ্গে ১৯৪৭ সালের পর ইতিহাসের প্রথম শান্তি সম্মেলনটি মিয়ানমার ইতিমধ্যে সম্পন্ন করেছে। এই প্রেক্ষাপটে রাষ্ট্রীয় পরামর্শক ও পররাষ্ট্রমন্ত্রী সু চির পক্ষে তাঁর রোহিঙ্গা কমিশনের কার্যক্রম এগিয়ে নেওয়া কঠিন হবে বলে মনে হয় না।
বাংলাদেশ সরকারের উচিত হবে এই বিষয়ে নিবিড় পর্যবেক্ষণ অব্যাহত রাখা। অবশ্য প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক উন্নয়নে সতত উন্মুখ থাকার পাশাপাশি যতক্ষণ না রোহিঙ্গাদের নাগরিকত্ব দেওয়ার প্রক্রিয়া শুরু হয়, ততক্ষণ পর্যন্ত এই সমস্যা সমাধানের পথে প্রকৃত যাত্রা শুরু হবে বলে মনে হয় না। সু চির উদ্যোগে কমিশন গঠনকে আমরা সেই পথের একটি সূচনা হিসেবে দেখতে চাই।
রোহিঙ্গা মাত্রেই বাংলাদেশি—এই অভাবনীয় নৃতাত্ত্বিক সমাধানে মিয়ানমার কেন পৌঁছেছে, তা রহস্যাবৃত। দুই প্রতিবেশী রাষ্ট্রের নাগরিক সমাজের মধ্যে একটা ‘ট্রাক টু ডিপ্লোমেসি’ চালু করা সম্ভব কি না, তা খতিয়ে দেখতে আমরা উভয় সরকারের প্রতি আহ্বান জানাই। দীর্ঘ সামরিক শাসনে পর্যুদস্ত মিয়ানমারের সামনে মূল চ্যালেঞ্জ হলো বঞ্চিত ও নিপীিড়ত জাতিগত সংখ্যালঘুদের জাতীয় জীবন ও প্রশাসনের মূল ধারায় শামিল করা। রোহিঙ্গাদের বাদ দিয়ে সেই লক্ষ্য পূরণ হবে না।
গত সোমবার সু চি এক সংবাদ সম্মেলনে রোহিঙ্গা নাম না নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন যে কমিশন এই সমস্যার ‘মূল শিকড়’ উদ্ঘাটন করতে পারবে। কফি আনান বলেছেন, তিনি আস্থাশীল যে আরাকানের জনগণের জন্য একটি অভিন্ন শান্তির পথ বের করতে তাঁরা সক্ষম হবেন। আমরা এই দুই নোবেলজয়ীর রোহিঙ্গা উদ্যোগের সাফল্য কামনা করি।