মীর কাসেমের মৃত্যুদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে চট্টগ্রামের আলবদর কমান্ডার মীর কাসেম আলীর মৃত্যুদণ্ডপ্রাপ্তি সংগতকারণেই অপ্রত্যাশিত ছিল না। কিন্তু রায় ঘোষণার পর তাঁর ঔদ্ধত্য ও আস্ফালন নজিরবিহীন। মীর কাসেমের বিরুদ্ধে আনা ১৪টি অভিযোগের মধ্যে ১০টি প্রমাণিত হয়েছে। এর মধ্যে ১১ নম্বর অভিযোগে তিন বিচারক সর্বসম্মত প্রাণদণ্ডের রায় দিলেও ১২ নম্বর অভিযোগে ফাঁসির সিদ্ধান্ত হয়েছে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে। সন্দেহাতীতভাবে প্রমাণিত আটটি অভিযোগে অপহরণ ও আটকে রেখে নির্যাতনের দায়ে মীর কাসেমকে সব মিলিয়ে ৭২ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
তবে আদালতের কাঠগড়ায় দণ্ডিতের আচরণ ছিল অত্যন্ত ন্যক্কারজনক ও বেপরোয়া। রায় পড়ার পর আদালতকে উদ্দেশ করে মীর কাসেম আলী ‘মিথ্যা ঘটনা’, ‘মিথ্যা সাক্ষী’, ‘কালো আইন’, ‘ফরমায়েশি রায়’ ইত্যাদি মন্তব্য করেন, যা সুস্পষ্টভাবে ফৌজদারি আদালত অবমাননা। এটা দেখার বিষয় হবে যে দণ্ডিত কাসেম আলী ‘ফরমায়েশি রায়ের’ বিরুদ্ধে আপিলে কী যুক্তির অবতারণা করেন।
মীর কাসেমের রায় আজআদালতের রায়ে বিক্ষুব্ধ ব্যক্তি আইনানুগভাবেই তাঁর প্রতিবাদ জানাতে পারেন। উচ্চ আদালতে প্রতিকার চাইতে পারেন। কিন্তু এভাবে আদালতকে তুচ্ছ-তাচ্ছিল্য করার ঘটনা অভাবনীয়। অথচ মীর কাসেম আলী সেই অপকর্মটিই করেছেন। তিনি কেবল আদালত নয়, প্রকারান্তরে আইন অমান্যের হুমকি দিয়েছেন। বিচারক, সাক্ষী সবার প্রতি প্রকাশ্যে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন।
এসব আচরণ ও মন্তব্যের মাধ্যমে একাত্তরের আলবদর কমান্ডার নিজের ক্লেদাক্ত চরিত্র ও উগ্র চেহারাই সবার সামনে তুলে ধরলেন। আদালত তাঁর রায়ে মীর কাসেম আলীকে ‘বাঙালি খানসেনা’ বলে অভিহিত করেন, মীর কাসেম আলী স্বীয় আচরণ দিয়ে তারই সত্যতা প্রমাণ করলেন। যুদ্ধাপরাধ আদালতে এর আগে ১০টি রায় হয়েছে, তার কোনোটিতেই এ রকম ঘটনা ঘটেনি। একটি ছাড়া বাকি সব রায়ই হয়েছে আসামিদের উপস্থিতিতে। কিন্তু তাঁদের কেউ মীর কাসেম আলীর মতো স্পর্ধা ও দম্ভ দেখাননি।