মুকুটধারী জেলা প্রশাসক!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে জেলা প্রশাসক বা যেকোনো পদাধিকারীর দায়িত্ব জনগণের সেবা করা। কিন্তু আমাদের দেশে একশ্রেণির সরকারি কর্মকর্তা জনগণকে সেবা দেওয়ার চেয়ে তাঁদের থেকে সেবা নিতেই অভ্যস্ত। ময়মনসিংহের সদ্য বিদায় হওয়া জেলা প্রশাসক মুস্তাকীম বিল্লাহর বদলি উপলক্ষে তিন সপ্তাহ ধরে ৩৫টি সংবর্ধনার আয়োজন বড় খবর নয়। তার চেয়েও চমকপ্রদ খবর হলো—এসব সংবর্ধনায় তিনি রাজমুকুট পরেছেন, রাজাসনে বসেছেন এবং সোনার কোটপিন উপহার নিয়েছেন।
ময়মনসিংহে থাকতে এই জেলা প্রশাসক সেখানকার উন্নয়ন কিংবা জনগণের সমস্যার সমাধানে কী কী করেছেন, তা স্পষ্ট নয়। আগে জেলাবাসী যেসব সমস্যায় ছিলেন, কমবেশি সেসব সমস্যা এখনো আছে। আর তিনি যদি সেখানে ভালো কাজ করেও থাকেন, সেটি করেছেন সরকারি দায়িত্ব হিসেবে। এতে তাঁর ব্যক্তিগত মাহাত্ম্য জাহির করার কিছু নেই।
এই সরকারি কর্মকর্তা তিন সপ্তাহ ধরে কী কারণে রাজকীয় সংবর্ধনা নিলেন এবং কী কারণে এসব সংস্থা ও প্রতিষ্ঠান সংবর্ধনা দিল—সেই রহস্য উন্মোচিত হওয়া প্রয়োজন। একটি ছোট্ট পৌরসভার মেয়রই বা কেন ১৮ হাজার টাকা খরচ করে সোনার কোটপিন উপহার দেবেন? তিনি সেখানে ভালো কাজ করছেন বলে দাবি করেছেন। সে ক্ষেত্রে তাঁর উচিত ছিল উল্লিখিত সংবর্ধনায় যে অর্থ ও সময় ব্যয় হয়েছে, সেটি জনগণের কল্যাণে ব্যয় করা। যেহেতু সংবর্ধনাগুলো রাতের বেলায় হয়নি, সেহেতু আমরা ধরে নিতে পারি, অফিস সময়েই তিনি এসব অনুষ্ঠানে যোগ দিয়েছেন। এর মাধ্যমে জেলা প্রশাসক এলাকাবাসীকেও জনসেবা থেকে বঞ্চিত করেছেন।
একজন জেলা প্রশাসক যতই ক্ষমতাধর ও জনপ্রিয় হন না কেন, সরকারি কর্মকর্তাদের জন্য যেসব বিধিমালা আছে, তিনি তা অমান্য করতে পারেন না। সংশ্লিষ্ট সংস্থা ও প্রতিষ্ঠানগুলো নিজস্ব নিয়মে সংবর্ধনা দিতে গিয়ে কিংবা তিনি তাদের কাছ থেকে সংবর্ধনা নিতে গিয়ে যে বিধি ভেঙেছেন, তার জন্য তাঁকে জবাবদিহি করতে হবে। আমরা পুরো বিষয়টির তদন্ত দাবি করছি।