মুক্ত করো হে বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মত প্রকাশের স্বাধীনতা ও মুক্তচিন্তার ওপর গুরুত্ব দিয়ে ইউরোপীয় পার্লামেন্ট গত বৃহস্পতিবার বাংলাদেশ সম্পর্কে যে প্রস্তাব নিয়েছে, সরকারের উচিত সেটি গুরুত্বের সঙ্গে আমলে নিয়ে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা। ওই প্রস্তাবে ধর্মীয় ও জাতিগত সংঘাত বন্ধের পাশাপাশি সরকারের বিরুদ্ধে সমালোচনামূলক প্রতিবেদন ও নিবন্ধ প্রকাশের অভিযোগে সম্পাদক ও সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার এবং বন্ধ হওয়া গণমাধ্যম অবিলম্বে চালু করার ওপর জোর দেওয়া হয়েছে; যা যেকোনো গণতান্ত্রিক রাষ্ট্রের অবশ্য কর্তব্য বলে মনে করি। স্বাধীন গণমাধ্যম ছাড়া গণতান্ত্রিক সমাজ কল্পনা করা যায় না।
আমরা দেখছি একদিকে মত প্রকাশের স্বাধীনতার ওপর বিধিনিষেধ বেড়ে যাচ্ছে আর অন্যদিকে ধর্মীয় উগ্রবাদের বিস্তার, অসহিষ্ণুতা ও চরম সহিংসতার বিস্তার ঘটেছে। ধর্মীয় উগ্রবাদের উত্থানকে নিছক আইনশৃঙ্খলাজনিত সমস্যা হিসেবে না দেখে এর সামাজিক, রাজনৈতিক ও আন্তর্জাতিক প্রেক্ষাপটও বিবেচনায় নেওয়া জরুরি।
ইউরোপীয় পার্লামেন্ট যেদিন এই প্রস্তাবটি গ্রহণ করে, সেদিনই বগুড়ার একটি শিয়া মসজিদে হামলা চালিয়ে দুর্বৃত্তরা একজনকে খুন ও তিনজনকে গুরুতর আহত করেছে। সাম্প্রতিক কালে বিভিন্ন হত্যাকাণ্ড ও সন্ত্রাসী হামলার ঘটনা নিয়ে প্রবল রাজনৈতিক বিতণ্ডা হলেও অপরাধের শিকড় সন্ধান কিংবা অপরাধীদের গ্রেপ্তারে কার্যকর অগ্রগতি লক্ষ করা যায়নি। দু-একটি ব্যতিক্রম বাদে অপরাধীরা ধরাছোঁয়ার বাইরেই থেকে যাচ্ছে। অনেক ঘটনায় নীতিনির্ধারকদের পরস্পরবিরোধী বক্তব্যও জনমনে শঙ্কা বাড়িয়ে দেয়।
সরকার যদি মনে করে থাকে গণমাধ্যম ও ভিন্নমত প্রকাশের পথ সংকুচিত করে সমাজে শান্তি ও শৃঙ্খলা এবং আইনের শাসন ফিরিয়ে আনতে পারবে, সেটি হবে মারাত্মক ভুল। বরং জঙ্গিগোষ্ঠী ও সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি তখনই সফল হবে, যখন মানুষ নিঃশঙ্কচিত্তে মত প্রকাশ করতে পারবে এবং সেই মতের বাহন হিসেবে গণমাধ্যম নির্ভয়ে তা পাঠক ও দর্শকদের সামনে তুলে ধরতে সক্ষম হবে।
রবীন্দ্রনাথের ভাষায় আমরা বলতে চাই, ‘যুক্ত করো হে সবার সঙ্গে, মুক্ত করো হে বন্ধ।’