মুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মালালা ইউসুফজাই নামের পাকিস্তানি মেয়েটিকে যে লক্ষ্য স্থির করেই গুলি করা হয়েছিল, সে বিষয়ে তালেবানরা নিজেরাই বুক ফুলিয়ে আড়াল থেকে বিবৃতি দিয়েছে পাকিস্তানের গণমাধ্যমে। ১৪ বছরের মেয়েটিকে খুন করার জন্য নিজেদের দুজন সদস্যকে তারা আলাদাভাবে বিশেষ প্রশিক্ষণ দিয়েছিল। গুলিতে মালালার মৃত্যু হয়নি। গুরুতর আহত হয়েছে সে। যুক্তরাজ্যে চিকিৎসাধীন মালালা একটু একটু করে পায়ে ভর দিয়ে দাঁড়াতে পারছে। আশা করা হচ্ছে, মালালা ধীরে ধীরে সুস্থ হয়ে উঠবে।কিন্তু মালালার স্বপ্নের কী হবে? নিজের স্বপ্ন তো সে দেখেছিল মানবিক বোধসম্পন্ন মানুষের মতোই। লেখাপড়া করতে চেয়েছিল নির্বিঘ্নে। শুধু একা নয়, যেখানে তার দীর্ঘদিন দীর্ঘরাত্রি কাটে তালেবানি আতঙ্কে, সেই সোয়াত অঞ্চলের মেয়েরা যেন স্কুলে যেতে পারে নিরাপদে, এই উচ্চারণ নিয়ে সে নির্ভয় মুক্তকণ্ঠ হয়ে উঠছিল দিন দিন। তার চাওয়া ছিল সামান্য এবং তা ইহজাগতিক। চারপাশের পুরুষতান্ত্রিক পশ্চাৎপদ সমাজ, ধর্মের নামের উগ্র জঙ্গিপনা মালালাকে অন্য এক জগৎ খুঁজতে বাধ্য করেছিল। সুড়ঙ্গের শেষ মাথায় যে আলোর আভাস, তাকে স্পর্শ করতেই তার নিঃশঙ্ক যাত্রা। প্রতিদিন তাই তার স্কুলবাসে উঠে পড়া, প্রতিদিন আলোর পৃষ্ঠা উল্টে উল্টে দেখা। করাচির ডন পত্রিকায় তালেবানের মুখপাত্র বড়াই করে বলেছেন যে মালালাকে নিশানা করা হয়েছিল, কারণ সে ‘সেক্যুলারিজম’ ও ‘এনলাইটেন্ড এডুকেশনে’র পক্ষে যুক্তি দেখিয়েছিল।এই ‘সেক্যুলারিজম’ ও ‘এনলাইটেন্ড এডুকেশন’ নিয়ে বাংলাদেশে পুরো নব্বইয়ের দশক এরশাদ সামরিক জান্তার বিরুদ্ধে লড়াই করেছে এ দেশের ছাত্রসমাজ। একটা বিজ্ঞানমনস্ক দৃষ্টিভঙ্গি, জগৎ ও জীবনকে ব্যাখ্যা করার অনুসন্ধিৎসা এবং গণতান্ত্রিক রাষ্ট্র-সমাজ গড়ে তোলার ক্ষেত্রে সব রকমের প্রতিবন্ধকতা হলো ধর্মতন্ত্র। গোটা ভারতবর্ষে এই বিষবৃক্ষ ছড়িয়ে আছে। স্বর্গ ও নরকের লোভ আর ভয় মিলে তৈরি হয় পারলৌকিক প্রাপ্তির উন্মাদনা। জিঘাংসায় উন্মত্ত এক সম্প্রদায় ঝাঁপিয়ে পড়ে অন্য সম্প্রদায়ের ওপর। কক্সবাজারের রামু ও উখিয়ায় যারা বুদ্ধমূর্তি ভেঙেছে, বৌদ্ধবিহার পুড়িয়েছে, বসতভিটা জ্বালিয়ে ছারখার করেছে, ধর্মের নামে জয়োল্লাস করেছে এবং সবশেষে শান্তির ঘুম দিয়েছে পুলকিত চিত্তে, অনুমান করি তাদের নিদ্রার নাম ছিল সুখনিদ্রা। কারণ, প্রাপ্তিটা দ্বিমুখী যে! একটা পারলৌকিক। অন্যটা ইহলৌকিক। যে বিশাল জনপদজুড়ে বৌদ্ধধর্মের অনুসারীরা বাস করতেন দীর্ঘদিন, নিরাপত্তাহীনতায় তাঁরা এখন ওই এলাকা ছেড়ে যাওয়ার কথা ভাবছেন। আর তাই বুঝি কায়েমি স্বার্থবাদীদের এলাকায় এক কাতারে দাঁড়াল আওয়ামী লীগ, বিএনপি ও জামায়াত?লাভ আর লোভ হাত ধরাধরি করে চলে। এখানে কোনো স্থায়ী শত্রু নেই। বন্ধু নেই। মুনাফাই শেষ কথা। একটি রাষ্ট্রীয় ব্যাংকের হাজার হাজার কোটি টাকা লোপাট হলো, একটু একটু করে প্রমাণ মিলছে যে ব্যাংকের সর্বোচ্চ ঊর্ধ্বতন কর্মকর্তারা এই লোপাট-কাণ্ডের হোতা। কর্মকর্তারা হল-মার্ক গ্রুপকে হাজার হাজার কোটি টাকা ঋণ দিয়েছেন, বিনিময়ে প্রাপ্তি যোগ ঘটেছে তাঁদেরও। গণমাধ্যমে এসবই পুরোনো সংবাদ। কিন্তু আশ্চর্য বিষয় হলো মানুষের নীরবতা। শাসক দলের স্তুতি, বিরোধী দলের নিষ্ফল হুংকার আর শিক্ষিত সম্প্রদায়ের গা বাঁচিয়ে চলার ক্লীবতর দিনরাত আমাদের জন্য কোন ভবিষ্যতের ইঙ্গিত করে? যে পাকিস্তানকে নিয়ে, তাদের নিজস্ব ও তালেবানি বিশৃঙ্খলা নিয়ে আমরা মুখ টিপে হাসি, মালালার ঘটনাকে কেন্দ্র করে সেই পাকিস্তানে কী অসাধারণ প্রতিবাদের ঢেউ উঠেছে! ছোট্ট শিশু থেকে শুরু করে মুক্তবাক মানুষ, অন্তঃপুরবাসিনী নারী থেকে শুরু করে অভিজাত পুরুষ, কে নেই সেই প্রতিবাদ ও সংহতির মিছিলে? ধর্মের নামে কত বড় অধর্ম ঘটছে এখানেও। আমাদের প্রতিবাদ কই? একটা অসাম্প্রদায়িক রাষ্ট্রের জন্য না একাত্তরে কত বলিদান হলো এই দেশে? তার বিনিময়ে এই লুটপাটের স্বর্গরাজ্য? ধর্মের নামে হিংসা-বিদ্বেষের এই স্বদেশ?রামু-উখিয়ার ঘটনা ও মালালার ওপর নৃশংস হামলায় আমাদের চোখ নিবদ্ধ হয়েছিল বলেই বোধ হয় দেশের দুটি বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক সরকারি ও প্রশাসনিক তাণ্ডব চোখে পড়ল না সেভাবে। ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে সম্মান প্রথম বর্ষে ভর্তির বর্ধিত ফি বাতিলের দাবিতে আন্দোলনরত প্রগতিশীল ছাত্রজোটের নেতা-কর্মীদের ৯ অক্টোবর রড, লাঠি দিয়ে পিটিয়েছে ছাত্রলীগ। দৈনিক পত্রিকায় প্রকাশিত আলোকচিত্রে ছাত্রীদের লাঞ্ছিত হওয়ার দৃশ্য ফুটে উঠেছে। ১০ অক্টোবর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পুলিশ ও ছাত্রলীগ যৌথভাবে একই কাজ করেছে। কৃষি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের নয়জন নেতা-কর্মীকে সাময়িক বহিষ্কার করেছে। প্রগতিশীল ছাত্রজোটের শিক্ষার দাবি-দাওয়াভিত্তিক আন্দোলন অনেক দিনের। এরাও সেক্যুলার শিক্ষা চায়। পাকিস্তানে মালালাও চেয়েছে। মালালাকে গুলি করেছে তালেবান। এখানে পেটাচ্ছে ছাত্রলীগ। ওখানে প্রতিবাদ আছে। এখানে নেই। এখানে যুদ্ধ হয়েছিল। ওখানে হয়নি। কে মুক্ত? কে দাস?মাহমুদুজ্জামান বাবু: গায়ক ও সংস্কৃতিকর্মী।[email protected]