‘আসেন, আপনাকে দেখাই আমার পরিকল্পনা।’যতবারই আমাদের বিশ্ববিদ্যালয়ের (বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়) লাইব্রেরিতে গেছি, ততবারই এ কথা শুনিয়েছেন অধ্যাপক তৈমুর এ কে মাহমুদ। মেডিসিনের অধ্যাপক হয়েও যিনি চিফ লাইব্রেরিয়ানের দায়িত্ব পালন করেছিলেন দক্ষতার সঙ্গে।আইপিজিএমআর বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের পরপরই লাইব্রেরিকে নতুন আঙ্গিকে গড়ে তোলার পরিকল্পনা নেয় কর্তৃপক্ষ। একপর্যায়ে লাইব্রেরিয়ানের পদটি শূন্য হলে অধ্যাপক তৈমুরকে দায়িত্ব দেয় কর্তৃপক্ষ। মেডিসিনের শিক্ষক লাইব্রেরিয়ানের দায়িত্বে? তার পরও কর্তৃপক্ষের অনুরোধ উপেক্ষা করেননি বিরল মনের অধিকারী এ মানুষটি। হাসিমুখে দায়িত্ব নিয়েছেন। মেডিসিন বিভাগের দায়িত্ব পালনের অতিরিক্ত দায়িত্ব হিসেবে দক্ষতার সঙ্গে তা পালন করেছেন। স্বল্পসময়ের ভেতর কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে গভীর আন্তরিকতায় মনোনিবেশ করেন নতুন আঙ্গিকে বিশ্ববিদ্যালয় লাইব্রেরিকে সাজাতে। নিরলস পরিশ্রমের দরুন নতুন রূপ লাভ করে বিশ্ববিদ্যালয় লাইব্রেরি।কোনো প্রয়োজনে যখনই এ লাইব্রেরিতে গেছি, অধ্যাপক তৈমুর এসে ধরে নিয়ে যেতেন রেফারেন্স সেকশনে। তিনি বলতেন, ‘এই যে দেখুন পাশের স্পেস, এ স্পেসেই আমি গড়ে তুলব মুক্তিযুদ্ধ কর্নার। বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে মুক্তিযুদ্ধের জন্য আলাদা কিছু থাকবে না, তা কি হয়?’ নিজেই প্রশ্ন করে জবাব হিসেবে তা স্থাপনের প্রত্যয় ব্যক্ত করতেন। আমি তাঁর মুখের দিকে তাকিয়ে থাকতাম। আমার চোখের সামনে ভেসে উঠত একাত্তরের চিত্র। মুক্তিবাহিনীর ক্যাম্প। আমাদের পত্রিকা অফিস, যেখানে বসে আমরা কয়েকজন সহযোদ্ধা যুদ্ধক্ষেত্রের সংবাদ তৈরি করতাম। তিনি হেসে বলতেন, ‘কী ভাবছেন?’ বলতাম, ‘সহযোদ্ধার ছবি দেখছি।’তৈমুর বলতেন, মুক্তিযুদ্ধের কর্নারে আমি অনেক কিছুই রাখব—যুদ্ধের ইতিহাস, মুক্তিযুদ্ধবিষয়ক যাবতীয় বই, প্রচারপত্র ও প্রকাশনা। আপনারগুলোও দেবেন।তৈমুর জানতেন, একাত্তরে আমি মুক্তিযুদ্ধের একটি পত্রিকা প্রকাশনার সঙ্গে যুক্ত ছিলাম। তিনি বলতেন, ‘বিশ্ববিদ্যালয়ে পড়তে আসা চিকিৎসকেরা কেবল চিকিৎসাবিজ্ঞান নিয়ে অধ্যয়ন করবে, তা হয় না। তারা জানবে দেশকে, জানবে একাত্তরকে। তারা জানবে, কেমন ছিলেন মুক্তিযোদ্ধারা, কেমন ছিল হায়েনার দল পাকিস্তানি বাহিনী ও তার এদেশীয় দোসর রাজাকার-আলবদররা। আপনারা আসবেন লাইব্রেরিতে। এখানে এসে বসবেন। ভালো লাগবে।’আমি তাঁর মুখের দিকে তাকিয়ে থাকতাম। যতবার লাইব্রেরিতে গেছি, ততবারই এসব কথা বলেছেন। একাত্তরের শহীদ বাবার সন্তান ছিলেন তিনি। বাবা প্রগতিশীল রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। তাঁদের বাড়িতে মুক্তিযোদ্ধাদের যাতায়াত ছিল। ওয়ারীর ৩/৪ চণ্ডীচরণ বোস স্ট্রিটে অবস্থিত বাসাটার দিকে পাকিস্তানি বাহিনীর দোসরদের নজর ছিল। বিজয়ের প্রাক্কালে ডিসেম্বরের ১৪ তারিখ আলবদর বাহিনীর সদস্যরা ধরে নিয়ে যায় অধ্যাপক তৈমুরের বাবা এ কে এম ছিদ্দিক সাহেবকে। আর ফিরে আসেননি তিনি। শহীদ বাবার স্মৃতি বুকে ধরে এতটা বছর কাটিয়েছেন। চার দশকে চেপে থাকা বুকের কষ্টের ভেতর দিয়ে মুক্তিযুদ্ধের জন্য একটা কিছু করার আত্মজ তাড়না অনুভব করতেন। সে জন্যই গড়ে তুলতে চেয়েছেন মুক্তিযুদ্ধ কর্নার। প্রিয় মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত সামগ্রী দিয়ে গড়ে তোলা পবিত্র স্থান। প্রিয় শিক্ষাপ্রতিষ্ঠানে, যেখানে তিনি ছাত্র ছিলেন, শিক্ষক ছিলেন, সেখানেই তিনি গড়ে তুলেছেন মুক্তিযুদ্ধ কর্নার। ইতিমধ্যে এই কর্নারে মুক্তিযুদ্ধের বেশ কটি রচনাবলি সংগ্রহ করছেন। সংগ্রহ করেছেন স্বাধীন বাংলাদেশের হস্তলিখিত সংবিধান। সব গুছিয়ে কিছুদিনের ভেতর দ্বারোদ্ঘাটনের কথা ছিল মুক্তিযুদ্ধ কর্নারের। কিন্তু এর আগেই তাঁকে বিদায় নিতে হলো। গত ১১ জানুয়ারি সকালে ঘুম থেকে আর জাগেননি। তাঁর প্রিয় কর্নার, প্রিয় লাইব্রেরি, প্রিয় প্রতিষ্ঠান থেকে চিরতরে বিদায় নিয়েছেন।পরের দিন তাঁর জানাজা শেষে গিয়েছিলাম লাইব্রেরিতে। অসংখ্য শিক্ষার্থীর উপস্থিতি সত্ত্বেও মনে হয়েছে লাইব্রেরিটা শূন্য। ‘আসেন, আপনাকে দেখাই আমার পরিকল্পনা’ বলার তৈমুর ভাই নেই। আমি অদ্ভুত শূন্যতার ভেতর দিয়ে মুক্তিযুদ্ধের কর্নারে যাই। ভেতরে ঢুকে র্যাকগুলোর দিকে তাকিয়ে থাকি। বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ দলিলপত্র বাংলা পিডিয়া, বাংলাদেশের হস্তলিখিত সংবিধান ইত্যাদি পড়ে রয়েছে। এখনো সবকিছু গোছানো হয়নি। উপগ্রন্থাগারিক ফজলুল কাদের চৌধুরী অশ্রুসিক্ত হয়ে বলেন, ‘অনেক কাজ এখনো বাকি। স্যার খুব তাড়াতাড়ি এসব সম্পন্ন করতে চেয়েছিলেন। কেন যে এত তাড়াতাড়ি তা করতে চেয়েছিলেন, জানি না। হয়তো চলে যাবেন বলেই।’মুক্তিযুদ্ধ কর্নার এভাবে একজন একাত্তরের শহীদের সন্তানের দ্বারা কোনো প্রতিষ্ঠানে গড়ে উঠেছে কি না, জানি না। প্রতিটি প্রতিষ্ঠানের লাইব্রেরিতে এ রকম মুক্তিযুদ্ধের স্মৃতিসংবলিত বিশেষ কর্নার গড়ে উঠুক, অধ্যাপক তৈমুর এ কে মাহমুদের অকালমৃত্যুতে তা কামনা করি।মো. শফিকুল ইসলাম: অধ্যাপক, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়।