ভবন নির্মাণে আবারও নিম্নমানের উপকরণ ব্যবহারের অভিযোগ উঠল। এবার জামালপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্স ভবন হস্তান্তরের আগেই বেশ কটি ছোট-বড় ফাটল সৃষ্টি হয়েছে। জামালপুরের গণপূর্ত বিভাগ প্রথমে বলেছিল, তদন্তের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু তারা পূর্ণাঙ্গ তদন্ত না করেই বলে দিয়েছে, এটা বড় সমস্যা নয়। তাদের এই বক্তব্য মোটেও গ্রহণযোগ্য নয়।
যে মুক্তিযোদ্ধারা দেশের গর্ব, সেই মুক্তিযোদ্ধাদের সংসদ কমপ্লেক্স ভবনে হস্তান্তরের আগেই ফাটল দেখা যাওয়া জাতির জন্য গ্লানিকর। অবশ্য দেশের সার্বিক যে পরিস্থিতি, তাতে এই ঘটনায় বিস্মিত হওয়ার কিছু নেই। কিছুদিন আগেই আমরা দেখলাম, চুয়াডাঙ্গার দর্শনায় এক উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্র নির্মাণে রডের বদলে বাঁশ ব্যবহার করা হয়েছে। সরকারি ভবন নির্মাণে এভাবে অর্থের অপচয় মেনে নেওয়া যায় না।
কথা হচ্ছে, সরকারি ভবন বা সরকারি অর্থে নির্মিত ভবন নির্মাণের সময়ই তো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদারকি করা উচিত। কিন্তু এ ক্ষেত্রে তা করা হয়নি। সেটা করা হলে তো এই অনিয়ম আগেই ধরা পড়ত। সরকারি কর্মকর্তাদের মধ্যে যাঁরা কাজে গাফিলতি করেছেন, তাঁদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে হবে।
সরকারি অর্থের অপচয় আমাদের দেশে নতুন কিছু নয়। ইতিপূর্বে আমরা দেখেছি, ধানখেতের মাঝখানে সেতু বানানো হয়েছে, যেটা কেউ ব্যবহার করে না। আবার যেখানে সেতুর দরকার আছে, সেখানে সেতু বানানো হয় না। এমনকি সরকারি কাজ না করেও বিল তুলে নেওয়া হয়েছে, সেটাও আমরা দেখেছি। জনগণের করের টাকা এভাবে কেউ নয়ছয় করবে, তা হতে পারে না।
সেই ভবনে বড় সমস্যা আছে কি না, তা আমরা এখানে বসে বলতে পারব না। কিন্তু যেভাবে গণপূর্ত বিভাগ তদন্তের আগেই রায় দিয়ে দিল, আমরা তার প্রতিবাদ জানাই। এরপর বড় সমস্যা হলে তারাই এর জন্য দায়ী থাকবে।