গত শনিবার অনুষ্ঠিত বিবিসি সংলাপে অনেক বিষয়ের সঙ্গে মুক্তিযোদ্ধা সনদ জালিয়াতির বিষয়টিও গুরুত্বের সঙ্গে আলোচিত হয়। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন মুক্তিযোদ্ধা সনদ জালিয়াতির সঙ্গে জড়িত সরকারি কর্মকর্তাদের চাকরিচ্যুতি করা উচিত বলে মন্তব্য করেছেন। অন্য বক্তারাও দোষী ব্যক্তিদের কঠিন শাস্তি দেওয়ার দাবি জানিয়েছেন।
মুক্তিযোদ্ধাদের চাকরির মেয়াদ বাড়ানোর পর থেকে মুক্তিযোদ্ধা সনদ জালিয়াতির ঘটনা ঘটলেও সরকারের তরফে এত দিন কারও বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি। প্রথম আলোয় সরকারি কর্মকর্তাদের মুক্তিযোদ্ধা সনদ জালিয়াতির খবর প্রকাশিত হলে সরকার কিছুটা নড়েচড়ে ওঠে। মুক্তিযোদ্ধা সনদ দেওয়ার এখতিয়ার মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের হলেও মুক্তিযুদ্ধবিষয়ক সাবেক প্রতিমন্ত্রী একক সিদ্ধান্তে তাঁদের সনদ দিয়েছিলেন বলে অভিযোগ আছে। মুক্তিযুদ্ধের বিদেশি সুহৃদদের দেওয়া ক্রেস্টে সোনা জালিয়াতির ঘটনায় মন্ত্রণালয়ের অনেক কর্মকর্তা জড়িত থাকলেও অদ্যাবধি কারও বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি। বরং সরকারের সর্বোচ্চ মহল থেকে বিষয়টি খুবই হালকা করে দেখা হয়েছে, যা দায়মুক্তির শামিল।
মুক্তিযোদ্ধা সেজে নেওয়া সুবিধা বাতিল হচ্ছেসরকারের গঠিত তদন্ত কমিটিই সরকারি কর্মকর্তাদের জালিয়াতির বিষয়টি উদ্ঘাটন করে এবং তাদের সুপারিশ অনুযায়ী সনদ বাতিলের সিদ্ধান্ত নেয়। তাঁদের মধ্যে পাঁচজন সচিবও আছেন, যাঁরা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রধান জবাবদিহি কর্মকর্তাও বটে। এত বড় জালিয়াতির পরও তাঁরা নিজ নিজ পদে বহাল থাকবেন? দুর্নীতি ও নৈতিক বিচ্যুতির পর কোনো ব্যক্তির সরকারি দায়িত্বে থাকা উচিত নয়। যাঁরা মুক্তিযোদ্ধা সনদ জালিয়াতির মতো অপরাধ করেছেন, তাঁরা কীভাবে অন্যের জবাবদিহি চাইবেন?
অতএব, যাঁরা মুক্তিযোদ্ধা সনদ ও বিদেশি সুহৃদদের ক্রেস্টের সোনা জালিয়াতি করেছেন, তাঁদের কোনোভাবেই সরকারি চাকরিতে রাখা যাবে না। একই সঙ্গে ফৌজদারি দণ্ডবিধি অনুযায়ী তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থাও নিতে হবে। এটি মুক্তিযুদ্ধের পবিত্রতা রক্ষার জন্য যেমন জরুরি, তেমনি জরুরি প্রশাসনে স্বচ্ছতা ও ন্যায়পরায়ণতা প্রতিষ্ঠার জন্যও।