মুক্তিযোদ্ধা কবরস্থান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমি একজন মুক্তিযোদ্ধা। আমার সনদ নম্বর ২৫১৪৮, তারিখ ২৪/৪/২০০০। এটি প্রধানমন্ত্রী স্বাক্ষরিত। মুক্তিযুদ্ধের আগে থেকে আমি সমাজসেবা বিভাগে চাকরি করতাম। ১৯৭১ সালে আমি বৃহত্তর ময়মনসিংহের ধলা ভবঘুরে কল্যাণ কেন্দ্রের ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলাম।মুক্তিযুদ্ধ শুরু হলে প্রথম পর্যায়ে দেশের ভেতরে থেকেই আমি নানা ধরনের কাজ করতাম। মুক্তিযুদ্ধের মাঝামাঝি রাজাকাররা আমার কার্যক্রম একসময় টের পেয়ে যায়। তারা আমাকে আটক করে এবং হত্যার জন্য নদীর পাড়ে নিয়ে যায়। কিন্তু ঘটনাচক্রে বেঁচে যাই। এটা বিরাট এক কাহিনি। এরপর আমি পালিয়ে যাই। পরে আমি সরাসরি যুদ্ধে অংশ নিই।মুক্তিযোদ্ধাদের জন্য সরকার কী করেছে আর কী করেনি, সেই বিতর্কে আমি যেতে চাই না। এখন আমার চাওয়া শুধু একটি। স্বাধীন দেশে এখনো আমি বেঁচে আছি। আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন। আরও অনেক মুক্তিযোদ্ধা আমার মতো বেঁচে আছেন। তাঁদেরও বয়স হয়েছে।এখন মৃত্যুচিন্তা আর কবরের জায়গার আকুতি ছাড়া আমার চাওয়ার কিছু নেই। ১৯৭১ সালে রাজাকাররা যদি আমাকে হত্যা করে লাশ নদীতে ফেলে দিত, তা হলে আজ আমার কবরের জায়গা চাওয়ার প্রয়োজন হতো না। বর্তমানে আমি ঢাকায় বাস করি। আমার মতো আরও অনেকে ঢাকায় বাস করেন। আমাদের জন্য ঢাকায় একটি আলাদা কবরস্থানের ব্যবস্থা করার জন্য সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি।সাভারের জাতীয় স্মৃতিসৌধ নতুন প্রজন্মের কাছে দৃষ্টি আকর্ষণ করে। এর আশপাশে কোথাও মুক্তিযোদ্ধাদের জন্য কবরস্থান করা হলে তা হবে সুন্দর একটি উদ্যোগ। এতে একদিকে যেমন মুক্তিযোদ্ধারা সম্মানিত হবেন, অন্যদিকে নতুন প্রজন্ম উদ্বুদ্ধ হবে। এ ধরনের উদ্যোগ আমাদের স্বাধীনতাসংগ্রাম ও মুক্তিযুদ্ধকে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে মহান করবে।মুক্তিযোদ্ধা মো. ফয়জুর রহমানমাদ্রাসা রোড, জয়েন্ট কোয়ার্টার, মোহাম্মদপুর, ঢাকা।