মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেঠিক পদ্ধতিতে ‘সঠিক’ মুক্তিযোদ্ধার তালিকা প্রণয়নের কাজটি ভেস্তে যেতে বসেছে। বিদ্যমান ২ লাখ ৩০ হাজার সদস্যের মধ্যে কারা ভুয়া, তা যাচাই-বাছাই এবং নতুন অন্তর্ভুক্তির জন্য সারা দেশে কমিটি করে দিয়েছিল মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। শতাধিক কমিটির সদস্যদের নিয়ে গুরুতর অভিযোগ উঠেছে, ৩৫টি উপজেলার ৪৫টি কমিটি পুনর্গঠিত হয়েছে। সবচেয়ে আশ্চর্যের, নতুন আবেদন জমা পড়েছে প্রায় দেড় লাখ!
এভাবে বারবার আমলা ও রাজনীতিবিদদের দিয়ে ত্রুটিপূর্ণ তালিকা তৈরি করা প্রকৃত মুক্তিযোদ্ধাদের অপমান করার শামিল। পাশাপাশি, এ ধরনের তালিকার সুবাদে মুক্তিযোদ্ধাদের দেওয়া রাষ্ট্রীয় সুবিধাও বেহাত হয়ে যাচ্ছে বলে অভিযোগ। প্রথম আলোর সোমবারের সংবাদ থেকে দেখা যাচ্ছে, মৃত ও ভিন্ন এলাকার ব্যক্তিকেও মুক্তিযোদ্ধার তালিকা যাচাই-বাছাই কমিটিতে রাখা হয়েছে। একাধিক সদস্যের বিরুদ্ধে ঘুষ নেওয়া ও পক্ষপাতিত্বের অভিযোগ উঠেছে। সারা দেশ থেকে ‘মুক্তিযোদ্ধারাই’ এসব অভিযোগ করছেন। ইতিমধ্যে কমিটির সম্মানী ও খরচ বাবদ প্রায় সোয়া চার কোটি টাকা বরাদ্দ হয়েছে।
প্রতিটি সরকার আসে আর মুক্তিযোদ্ধার সংখ্যা বেড়ে যায়। ছয়বার তালিকা সংশোধিত হয়েছে, মুক্তিযোদ্ধার সংজ্ঞা ও মানদণ্ড বদলেছে ১০ বার! আমাদের হাত দিতে হবে সমস্যার গোড়ায়। তালিকা প্রণয়ন আমলা ও রাজনীতিবিদ বা সাংসদনির্ভর হলে চলবে না। মুক্তিযুদ্ধের সময় প্রকাশিত লাল মুক্তি বার্তা, ভারতীয় তালিকা, বিভিন্ন রেজিমেন্ট ও সেক্টর কমান্ডের তালিকা প্রকৃত মুক্তিযোদ্ধা ও গবেষকদের মাধ্যমে যাচাই করে নিতে হবে। প্রধানমন্ত্রী, জেনারেল ওসমানীসহ যাঁদের সই জাল করে নকল সনদ বানানো হয়েছে, সেগুলো চিহ্নিত করা অসম্ভব নয়। মুক্তিযোদ্ধার সংজ্ঞা, বয়স ও তালিকা প্রণয়নপদ্ধতি বিষয়ে পরীক্ষিত বিশেষজ্ঞদের পরামর্শ নিতে হবে।
মূলত মুক্তিযোদ্ধাদের দেওয়া রাষ্ট্রীয় বিশেষ সুবিধা, নাতি-নাতনি পর্যন্ত সংরক্ষিত চাকরির কোটাসহ আর্থিক ও অন্যান্য সুবিধার সুযোগ নিতেই মুক্তিযোদ্ধা তালিকায় ভুয়া ব্যক্তিরা ঢুকে পড়েছেন। এ বিষয়ে মুক্তিযুদ্ধ গবেষক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক মুনতাসীর মামুনের মত প্রণিধানযোগ্য। তিনি প্রথম আলোকে বলেছিলেন, ‘সরকার যদি এখন ঘোষণা দেয় মুক্তিযোদ্ধাদের বাড়তি সুবিধা দেওয়া হবে না এবং আহত ও আর্থিকভাবে অসচ্ছল ছাড়া আর কাউকে কোনো সুবিধা দেওয়া হবে না, তাহলে কাল থেকে আর কেউ মুক্তিযোদ্ধার তালিকায় নাম তুলতে চাইবে না।’