মুক্তিযোদ্ধাদের তালিকা নিয়ে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক গত সোমবার জাতীয় সংসদে যা বলেছেন, তা পুরো সত্য নয়। আংশিক সত্য। মুক্তিযোদ্ধার তালিকা নিয়ে যে অনিয়ম ও দুর্নীতি হয়েছে, তিনি তার পুরো দায় আদালতের ওপর চাপানোর চেষ্টা করেছেন। কিন্তু বাস্তবতা হলো, কোনো তালিকা নিয়ে আপত্তি ওঠার পরই সেটি আদালতে গিয়েছে। মন্ত্রণালয় যদি পুরো তালিকা বাতিল না করে নাম যাচাই–বাছাই করে আপত্তি জানাত, তাহলে বিষয়টি হয়তো আদালতে যাওয়ারই প্রয়োজন হতো না।
মন্ত্রী মহোদয়ের ভাষ্যমতে, মুক্তিযুদ্ধের সময় যাঁর বয়স চার বছর ছিল, তাঁকেও মুক্তিযোদ্ধা হিসেবে অন্তর্ভুক্ত করতে আদালত তাঁকে নির্দেশ দিয়েছেন। এই নির্দেশে তিনি বিব্রতবোধ করছেন বলে জানিয়েছেন। কোনো তালিকায় চার বছরের শিশুকে মুক্তিযোদ্ধা বানানোর চেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আশা করি, উচ্চতর আদালতে আইনি লড়াইয়ের মাধ্যমে এর প্রতিকার পাওয়া যাবে। জাতীয় সংসদের স্পিকারও সে রকম পরামর্শ দিয়েছেন।
কিন্তু মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় ও জাতীয় মুক্তিযুদ্ধ কাউন্সিল (জামুইকা) মুক্তিযোদ্ধা তালিকা তৈরিতে যে কী পরিমাণ অনিয়ম-দুর্নীতি করেছে, তার ভূরি ভূরি প্রমাণ আছে। মন্ত্রী মহোদয়ের নিশ্চয়ই মনে আছে, আরও অনেকের মতো ২০১৪ সালে পাঁচ সচিবের মুক্তিযোদ্ধা সনদ বাতিল হয়ে গিয়েছিল, যার মধ্যে খোদ মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সাবেক সচিবও ছিলেন। ভুয়া সনদ দিয়ে তাঁরা চাকরির মেয়াদ বাড়ানোর চেষ্টা করেছিলেন। সেই সময়ে কিন্তু মন্ত্রী মহোদয় কিংবা মন্ত্রণালয়ের কোনো পদাধিকারীকে বিব্রত বোধ করতে দেখা যায়নি। তখন মন্ত্রণালয় শক্ত ব্যবস্থা নিলে হয়তো আমরা আগেই একটি নির্ভুল তালিকা পেতাম।
কেবল মুক্তিযোদ্ধা তালিকা নয়, মুক্তিযুদ্ধের বিদেশি সুহৃদদের দেওয়া স্বর্ণপদকে খাদ মেশানোর কাজটিও হয়েছিল মন্ত্রণালয়ের কর্তাব্যক্তিদের যোগসাজশে। আর সরকার বদলের সঙ্গে সঙ্গে মুক্তিযোদ্ধাদের তালিকা বদলের পেছনের রহস্যটা জানা দরকার।
কোনো তালিকায় ভুয়া মুক্তিযোদ্ধা থাকলে অবশ্যই তাঁর নাম বাদ দিতে হবে। কিন্তু সে ক্ষেত্রে দলীয় বিবেচনার কোনো সুযোগ নেই। একাত্তরের মুক্তিযুদ্ধ আমাদের জাতির শ্রেষ্ঠ ঘটনা। সেই মুক্তিযুদ্ধের বীরদের তালিকা নিয়ে অনিয়ম-দুর্নীতি বন্ধ হোক।