মুক্তিযোদ্ধাদের তালিকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুজিব বাহিনীর হাজার হাজার মুক্তিযোদ্ধাসহ এখনো অনেক মুক্তিযোদ্ধা জাতীয় মুক্তিযোদ্ধা তালিকার বাইরে। মুক্তিযুদ্ধে প্রত্যক্ষভাবে অংশ নিয়েও তাঁরা এখনো মুক্তিযোদ্ধার সনদ পাননি। জীবদ্দশায় তাঁরা আর সনদ পাবেন কি না, সে আশাও ক্ষীণ হয়ে আসছে। সংবাদপত্র, রেডিও-টিভিতে ঢাকঢোল পিটিয়ে যেসব মুক্তিযোদ্ধা সনদ পাননি বা আগে আবেদন করেননি, তাঁদের আবেদনপত্র জমা নেওয়া হয় আজ থেকে তিন বছর আগে।কিন্তু দীর্ঘ তিন বছরে যাচাই-বাছাই কার্যক্রম শুরু হয়নি। বৃহত্তর ময়মনসিংহের কোথাও যাচাই-বাছাই কার্যক্রম শুরু হয়েছে বলে খবর পাওয়া যায়নি। অথচ বেশ কিছু বিত্তবান, প্রভাবশালী ব্যক্তি ইতিমধ্যে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের মাধ্যমে দ্রুত যাচাই-বাছাই সম্পন্ন করে সুযোগ-সুবিধা ভোগ করেছেন এমন কিছু ব্যক্তি আবার ভুয়া মুক্তিযোদ্ধা হিসেবে চিহ্নিত হয়েছেন। ভুয়া মুক্তিযোদ্ধাদের যাঁরা সনদপত্র সরবরাহ করেছেন, তাঁরাই মূলত দায়ী বেশি। দেশের প্রতিটি জেলায় একই সময় ও তারিখে যাচাই-বাছাই কার্যক্রম শুরু ও শেষ করতে বাধা কোথায়! মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় ও মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল তাহলে দীর্ঘ তিন বছরে কী কাজটি করল। তারা কি তাহলে প্রভাবশালী ও মতলববাজদের মুক্তিযোদ্ধা সনদপত্র সরবরাহের জন্য লোক দেখানো এ যাচাই-বাছাইয়ের আয়োজন করে? মুজিব বাহিনীর হাজার হাজার সদস্যসহ গ্রামের অবহেলিত, বঞ্চিত কৃষক শ্রমিকের সন্তান যাঁরা প্রত্যক্ষ মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন, তাঁদের যাচাই-বাছাই কি আদৌ হবে, তাঁরা কি আদৌ মুক্তিযোদ্ধার সনদ পাবেন? একটি সঠিক জাতীয় মুক্তিযোদ্ধা তালিকা প্রণয়নে দেশের সর্বোচ্চ আদালত স্বপ্রণোদিত হয়ে একটি দিকনির্দেশনা দিতে পারেন, মুক্তিযুদ্ধের পক্ষের দেশের বিশিষ্ট আইনজীবীরাও এ ব্যাপারে বিশেষ ভূমিকা রাখতে পারেন।ডা. এ এফ এম হেফজুল বারী খানময়মনসিংহ মেডিকেল কলেজ ময়মনসিংহ।