মুখ ও মোবাইল বন্ধ করা গণতন্ত্র!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পৃথিবীতে নানা কিসিমের গণতন্ত্র আছে—সংসদীয় পদ্ধতি, রাষ্ট্রপতি শাসিত। আবার যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের মতো অনেক দেশে রাষ্ট্রপতি-পদ্ধতি থাকা সত্ত্বেও সংসদ যথেষ্ট শক্তিশালী। কিন্তু বাংলাদেশের গণতন্ত্র বরাবরই ব্যক্তিনির্ভর। পৃথিবীর সব দেশে জাতীয় সংসদের কাছে মন্ত্রিসভা দায়ী থাকলেও বাংলাদেশে প্রধানমন্ত্রী দায়বদ্ধ। বাংলাদেশে যখন রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থা ছিল, তখন রাষ্ট্রপতিই সব। সংসদ ছিল রাবার স্ট্যাম্প। আর এখন সাবেক রাষ্ট্রপতি বিচারপতি সাহাবুদ্দীন আহমদের ভাষায় রাষ্ট্রপতির ‘কবর জেয়ারত ছাড়া কিছু করার নেই’।তত্ত্বাবধায়ক সরকারের আমলে এই রাষ্ট্রপতিই ছিলেন সর্বময় ক্ষমতার অধিকারী। এখন সংবিধানে তত্ত্বাবধায়কব্যবস্থা জারি নেই। আছে সংসদীয় মোড়কে প্রধানমন্ত্রী শাসিত ব্যবস্থা। ১৯৯১ সালে বিএনপি ও আওয়ামী লীগ মিলেই এটি করেছিল এবং সেটি করা হয়েছিল ব্যক্তিকে সামনে রেখে। অর্থাৎ দুই নেত্রীর যিনিই ক্ষমতায় থাকুন না কেন, তাঁর হাতেই ত্রিভুবনের ভার। তিনি একাধারে প্রধানমন্ত্রী, সংসদ নেতা ও দলীয় প্রধান।আমাদের নেতা-নেত্রীরা প্রায়ই অন্যান্য গণতান্ত্রিক দেশের উদাহরণ টানেন। কিন্তু বাস্তব হলো, অন্যান্য দেশের গণতন্ত্রের সঙ্গে বাংলাদেশের গণতন্ত্র কোনোভাবে মিলমিশ খায় না। অন্যান্য সংসদীয় গণতন্ত্রের দেশে জাতীয় সংসদই রাজনীতির কেন্দ্রবিন্দু হয়। সাংসদেরা স্বাধীনভাবে সংসদে তাঁদের বক্তব্য তুলে ধরেন। এমনকি দলের বিরুদ্ধে ভোট দিতে পারেন। কিন্তু বাংলাদেশের সংবিধানের ৭০ অনুচ্ছেদ দ্বারা সাংসদদের সেই অধিকার পুরোপুরি হরণ করা হয়েছে।দেশে দুই দশকের বেশি সময় ধরে সংসদীয় গণতন্ত্র বহাল থাকলেও সাধারণ রীতি হলো, বিরোধী দল সংসদ বর্জন করতে থাকবে। বর্জন করতে করতে যখন সদস্যপদ শূন্য হওয়ার উপক্রম হয়, তখনই তারা এক দিন সংসদে থাকার পরিবেশ নেই বলে আবার বুলন্দ আওয়াজ তুলে বেরিয়ে আসবে। আর সরকারি দল তাদের সংসদে ফিরিয়ে নেওয়ার চেষ্টা না করে ইচ্ছামতো সংসদ চালাবে। বিরোধী দলে থাকতে তারা যে আইনের প্রতিবাদে রাজপথ কাঁপাত, ক্ষমতায় গিয়ে তার চেয়েও কঠোর আইন অবলীলায় পাস করে। আর এসব আইনের খসড়া নিয়ে সংসদীয় কমিটিতে তেমন আলোচনারও দরকার পড়ে না। একদিন সুবেহ সাদেকে উঠে কারও মনে হলো, আইনটি সংশোধন করা দরকার। ব্যস, আইনটি সংশোধিত হয়ে যাবে। পরদিন থেকে কমিটির সদস্যরা, মন্ত্রীরা সেই সংশোধনের পক্ষে জোরালো আওয়াজ তুলবেন। এখানে ভিন্নমতের বা ভিন্নচিন্তার অবকাশ নেই। ভিন্নমত প্রকাশ করায় অনেক জাঁদরেল নেতাকে আওয়ামী লীগ ও বিএনপি থেকে বেরিয়ে যেতে হয়েছে। কেউ কেউ পেন্ডুলামের মতো ঝুলে আছেন। সংবিধানে ৭০ অনুচ্ছেদ থাকায় সংসদে দলীয় সিদ্ধান্তের বাইরে কথা বললে সদস্যপদ চলে যাওয়ার ভয় আছে। কিন্তু রাজনৈতিক দলে তো সেই ভয় থাকার কথা নয়। দল তো আইন প্রণয়ন করে না। কিন্তু আমাদের দেশে দলীয় প্রধানের কথাই আইন। অতএব তাঁর সঙ্গে দ্বিমত প্রকাশ করার সুযোগ নেই। দলের সব ভালো তিনি বুঝবেন, দেশের সব ভালো করার দায়িত্বও তাঁর। এই ব্যাধি কেবল বড় দুই দলে নয়, ছোট, অতি ছোট—সব দলে আছে। বাংলাদেশে অতি ছোট দলেও বড় নেতার কথার বাইরে কেউ যেতে পারেন না। ভিন্নমত প্রকাশ করলেই শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাঁকে বহিষ্কৃত হতে হয়। এখানে মহান গণতান্ত্রিক দল আছে। গণতন্ত্র রক্ষার অতন্দ্র প্রহরী নেতা-নেত্রী আছেন। কিন্তু দলের নেতৃত্বের বিপক্ষে কথা বলা যায় না। নেতার সমালোচনা করা যায় না। আপনি যত পারুন জয়ধ্বনি দিন, যত পারুন প্রতিপক্ষ দলের গালমন্দ করুন। কিন্তু নিজ দল ও নেতা সম্পর্কে কিছু বলতে পারবেন না।সম্প্রতি সেন্টার ফর পলিসি ডায়ালগ আয়োজিত গোলটেবিল বৈঠকে দেশের বর্তমান পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করে গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন আওয়ামী লীগের নেতা তোফায়েল আহমেদের দৃষ্টি আকর্ষণ করে বলেছেন, ‘মুখ খুলুন, তোফায়েল আহমেদ।’ একই ধরনের মন্তব্য করেছেন সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরীও। দুজনই আগে আওয়ামী লীগের রাজনীতিতে ওতপ্রোত জড়িত ছিলেন। এখন নেই। কেন নেই, সেই প্রশ্নের জবাবও দিয়েছেন তোফায়েল আহমেদ। তিনি বলেছেন, ‘মুখ খুলে কি আমি আপনাদের অবস্থানে চলে যাব?’ অর্থাৎ তিনি বলতে চাইছেন, ‘মুখ খুলে সত্য বললে দলে থাকা যাবে না। এর আগে যাঁরাই সত্য বলেছেন, তাঁদেরই নাকি দল ছাড়তে হয়েছে।ইংরেজি সহযোগী ডেইলি স্টার আরও ভয়াবহ একটি খবর দিয়েছে। ১২ এপ্রিল বিএনপির স্থায়ী কমিটির বৈঠক ছিল। স্থায়ী কমিটির সব সদস্য এসে উপস্থিত। এসেছেন দলের চেয়ারপারসন খালেদা জিয়াও। বৈঠক শুরু করার আগে তিনি বললেন, সবাইকে তাঁর মুঠোফোন ব্যক্তিগত কর্মকর্তার হাতে জমা দিতে হবে। তাঁর এ হুকুমে সবাই অবাক হলেন এবং মুখ চাওয়াচাওয়ি করলেন। তাঁরা নিজেদের প্রশ্ন করলেন, ‘সত্যি শুনছেন তো।’ দু-একজন মৃদুস্বরে বলার চেষ্টা করলেন, ‘ম্যাডাম কি আমাদের অবিশ্বাস করছেন?’কিন্তু ম্যাডাম কোনো ওজর-আপত্তি আমলে নিলেন না। তিনি বললেন, ‘বৈঠকের কথোপকথন পত্রিকায় হুবহু ফাঁস হয়ে যায়। অতএব মুঠোফোনগুলো ব্যক্তিগত কর্মকর্তার কাছে জমা দিতে হবে।’ এবং শেষ পর্যন্ত দলের নেতারা নেতার হুকুম মেনে নিয়ে তাঁদের মুঠোফোনগুলো জমা দিলেন। এরপর বৈঠক শুরু হলো।এই ছোট্ট ঘটনাটি আমাদের কী বার্তা দেয়? বার্তা দেয়, দলীয় প্রধান দলের কাউকে বিশ্বাস করেন না। হতে পারে দলের নেতারাও সেই বিশ্বাস ও আস্থা অর্জন করতে পারেননি।এই হলো গণতন্ত্রের বাংলাদেশি রূপ। স্টাইল। এখানে কথা বন্ধ থাকবে এবং ফোনও বন্ধ রাখতে হবে। তবু বলতে হবে, ‘ম্যাডাম জিন্দাবাদ।’ ‘জননেত্রী গণতন্ত্র চিরজীবী হোক।’সোহরাব হাসান: কবি, সাংবাদিক।[email protected]