১৯৬২ সালে গৌরবের সঙ্গে মাথা তুলেছিল সামাজিক শিক্ষা কেন্দ্র। ২০১৪ সালে সেই বিদ্যালয়ের শিক্ষার্থীরা ভাঙাচোরা মাঠে বসে ক্লাস করছে, পরীক্ষা দিতে হচ্ছে ফুটপাতে বসে। একসময়ের রমরমা বিদ্যালয়টিতে পাঁচ শতাধিক শিক্ষার্থী ছিল, এখন মাত্র ৪৩ জন! ঢাকার বেইলি রোড থেকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় মাত্র দুই কিলোমিটার দূরে। অথচ সময় থাকতে তারা বিদ্যালয়টির প্রতি সুবিচার করতে পারল না। মঙ্গলবারের প্রথম আলোয় এই দুঃখজনক সংবাদের চিত্র প্রকাশিত হয়েছে। রাজধানীতে শিশুদের রোদের মধ্যে খোলা জায়গায় পরীক্ষা দিতে দেখা সত্যিই হৃদয়বিদারক!
গার্ল গাইডস অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠিত এ বিদ্যালয়টি ১৯৭৩ সালে সরকারি করা হয়। একপর্যায়ে গাইড হাউস কর্তৃপক্ষ জমির মালিকানা দাবি করে মামলা করে। আদালতের রায় গার্ল গাইডস কর্তৃপক্ষের পক্ষে যাওয়ায় তারা তড়িঘড়ি করেই বিদ্যালয়টি উচ্ছেদ করে। বিদ্যালয়টির প্রধান শিক্ষিকার অভিযোগ, বাচ্চাদের বিদ্যালয়ে ঢুকতে বাধা দেওয়া, নামফলক লাগাতে না দেওয়া, পানি-বিদ্যুৎ লাইন কেটে দেওয়া, ইত্যাদি উপায়ে বিদ্যালয়টি উঠিয়ে দেওয়ার চেষ্টায় অবশেষে তারা ‘সফল’ হলো। প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তর সম্পূর্ণ বিষয় অবগত থেকেও সময় থাকতে বিদ্যালয়টি স্থানান্তরের কোনো উদ্যোগ নেয়নি।
সর্বশেষ, উচ্চ আদালত বিদ্যালয়টি স্থানান্তরের রায় স্থগিত করেননি। আমাদের কথা হচ্ছে, আদালতের রায় অনুযায়ী স্কুল স্থানান্তরের বিষয়টি প্রশাসনের মাধ্যমেই হওয়ার কথা। তার আগেই তড়িঘড়ি করে নিয়মসংগত প্রক্রিয়ার বাইরে স্কুলটি
ভেঙে ফেলা হলো! ৭ আগস্ট সকালবেলা শিক্ষক ও শিক্ষার্থীরা এসে দেখে, তাদের প্রিয় বিদ্যাভবন মুখ থুবড়ে পড়ে আছে! আইনগতভাবে গাইড হাউস জমির মালিক হলেও পরীক্ষার সময় শিক্ষার্থীদের পথে না বসিয়ে আরও কিছুদিন অপেক্ষা করার মানবিকতা প্রত্যাশিত ছিল।
এটি ওই এলাকার একমাত্র সরকারি বিদ্যালয়। অবিলম্বে বিদ্যালয়টিকে ওই এলাকারই অন্য কোনো ভবনে স্থানান্তর করে শিক্ষার্থীদের শিক্ষার সুযোগ ও পরিবেশ দুটোই নিশ্চিত করা জরুরি।