আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের মৃত্যুদণ্ডের আদেশ প্রত্যাশিত ছিল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এ রায়ের মাধ্যমে মানবতাবিরোধী অপরাধের বিরুদ্ধে ন্যায়বিচারের জয় হলো। মুক্তিযুদ্ধ চলাকালে তাঁর দ্বারা সংঘটিত মানবতাবিরোধী অপরাধসমূহের শিকার ব্যক্তিদের পরিবারবর্গের জন্য এটা যেমন স্বস্তি ও সন্তোষের বিষয়, তেমনি বাংলাদেশের একটি ঐতিহাসিক গ্লানিমোচনের পথেও আরেক ধাপ অগ্রগতি।জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে উত্থাপিত সাতটি অভিযোগের পাঁচটিই সত্য বলে প্রমাণিত হয়েছে। মুক্তিযুদ্ধ চলাকালে তিনি দলটির তৎকালীন ছাত্র শাখা ইসলামী ছাত্র সংঘের শীর্ষ নেতৃত্বে ছিলেন, সেই সূত্রে বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের সক্রিয় সহযোগী হিসেবে কুখ্যাত আলবদর বাহিনীর নিয়ন্ত্রণও ছিল তাঁর হাতে। তাঁর বিরুদ্ধে মামলায় দৈনিক ইত্তেফাক-এর সে সময়ের নির্বাহী ও বার্তা সম্পাদক সিরাজুদ্দীন হোসেনকে অপহরণ ও হত্যার অভিযোগ সত্য বলে প্রমাণিত হয়েছে। বিশিষ্ট সংগীতশিল্পী আলতাফ মাহমুদ, মুক্তিযোদ্ধা বদি, রুমি, জুয়েল ও আজাদকে আটক অবস্থায় অমানবিক নির্যাতন ও হত্যা করাসহ ফরিদপুরের বাকচর গ্রামের হিন্দু সম্প্রদায়ের ওপর নির্বিচার হত্যাকাণ্ড, অগ্নিসংযোগ ও ধর্ষণের ঘটনাগুলোর সঙ্গে তাঁর সক্রিয় অংশগ্রহণের অভিযোগও সত্য প্রমাণিত হয়েছে বলে ট্রাইব্যুনালের রায়ে উল্লেখ করা হয়।এ রায়ের সুবাদে বাংলাদেশের ইতিহাসের নৃশংসতম মানবতাবিরোধী অপরাধের ঘটনাগুলো আবার স্মরণে আসছে। আমরা এতকাল অত্যন্ত বেদনা ও গ্লানির সঙ্গে স্মরণ করেছি যে বুদ্ধিজীবীদের সুপরিকল্পিত হত্যাযজ্ঞে হানাদার পাকিস্তানি বাহিনীকে সক্রিয়ভাবে সহযোগিতা করেছে আমাদের এ দেশেরই কিছু মানুষ। রণাঙ্গনে নয়, গৃহ থেকে নিরীহ-নিরস্ত্র বুদ্ধিজীবীদের বেছে বেছে ধরে নিয়ে গিয়ে নির্যাতন করে হত্যা করা হয়েছে। এ দেশের রাজাকার-আলবদররা তাঁদের চিনিয়ে দিয়েছে, গ্রেপ্তারের সময় পাকিস্তানি হানাদারদের সঙ্গে থেকে পথ দেখিয়েছে। বুদ্ধিজীবী ও মুক্তিযোদ্ধাদের আটক অবস্থায় অমানুষিক নির্যাতন ও হত্যায় অংশ নিয়েছে। সংখ্যালঘু মানুষের গ্রাম জ্বালিয়ে, গণহত্যা ও ধর্ষণ চালিয়ে যারা বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে মর্মান্তিক অধ্যায় রচনায় হাত লাগিয়েছিল, আজ তাদের নেতৃত্বস্থানীয় একজনের সর্বোচ্চ শাস্তির রায় ঘোষিত হওয়ার মধ্য দিয়ে আইনের শাসনভিত্তিক রাষ্ট্র হিসেবে বাংলাদেশের বিরাট এক ঐতিহাসিক দায়মুক্তির পথ প্রশস্ত হলো।এর এক দিন আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া আরেকটি রায়ে জামায়াতের সাবেক আমির গোলাম আযমের সর্বোচ্চ দণ্ড হয়নি বলে যে হতাশা ও ক্ষোভ লক্ষ করা গেছে, মুজাহিদের মৃত্যুদণ্ডের রায় হওয়ায় তার কিছু প্রশমন ঘটেছে। অন্যদিকে, মুজাহিদ নিজে আদালতকক্ষে এ রায়কে ‘রং জাজমেন্ট’ বা ভুল বিচার বলে তা প্রত্যাখ্যান করেছেন, আর জামায়াত-শিবিরের কর্মীরা রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে সহিংসতা ও নাশকতায় লিপ্ত হয়েছেন। এমন দুর্বৃত্তপনা তাঁরা বরাবরই করে আসছেন, যা কোনোভাবেই তাঁদের জন্য রাজনৈতিক সুফল বয়ে আনবে না। উপরন্তু জামায়াত লাগাতার চতুর্থ দিনের মতো আজও হরতাল ডেকেছে। রায়ের বিরুদ্ধে আপিল করার সুযোগ থাকা সত্ত্বেও উপর্যুপরি হরতাল ডাকা এবং সহিংসতায় লিপ্ত হওয়া আত্মঘাতী হঠকারিতা ছাড়া আর কিছু নয়। জামায়াত-শিবিরের উচিত সহিংসতা পরিত্যাগ করে আইনি লড়াই চালিয়ে যাওয়া।