মুঠোফোন ও ট্রেনে কাটা পড়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুঠোফোনে কথা বলতে বলতে রেললাইন পার হচ্ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের দ্বিতীয় সেমিস্টারের এক শিক্ষার্থী। তাঁর এক হাতে ছিল ফোন, অন্য হাতে আইসক্রিম। কথা বলায় এতই মগ্ন ছিলেন যে ট্রেন আসার শব্দ বা তাঁকে সতর্ক করতে আশপাশের মানুষের চিৎকার—কিছুই শুনতে পাননি তিনি। ছুটে আসা ওই ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তাঁর প্রাণ গেল। সাধারণ সচেতনতার অভাব যে কতটা মর্মান্তিক পরিণতি বয়ে আনতে পারে, গত মঙ্গলবার দুপুরের এই দুর্ঘটনা তারই একটি নিদর্শন।
মুঠোফোনে কথা বলতে বলতে রেললাইন পার হওয়ার সময় বা রেললাইনের পাশ দিয়ে চলাচল করার সময় দুর্ঘটনার শিকার হওয়া এখন নিত্যনৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে, যাঁরা মুঠোফোনে গান শুনতে শুনতে রেললাইনের পাশ দিয়ে চলাচল করেন, তাঁরাই বেশি দুর্ঘটনার শিকার হন। গণমাধ্যমে এসব খবর প্রায়ই প্রকাশিত হয়, কিন্তু লোকজনের সতর্কতা বাড়ছে এমন লক্ষণ দেখা যাচ্ছে না।
পথ চলতে চলতে বা এমনকি রাস্তা পার হওয়ার সময়ও অনেকে মুঠোফোনে কথা বলেন বা টেক্সট মেসেজ পাঠান। অনেকে ইন্টারনেট ঘাঁটাঘাঁটি করেন, ফেসবুক দেখেন। অনেকে মোটরসাইকেল ও গাড়ি চালাতে চালাতেই মুঠোফোনে কথা বলেন। এগুলো যেমন নিজের জন্য খুব বিপজ্জনক, তেমনি অন্যদের জন্যও। একটুখানি অসতর্কতাই প্রাণহানির কারণ হতে পারে।
চলতি বছরের গোড়ার দিকে একটি জাতীয় দৈনিকে প্রকাশিত এক প্রতিবেদন অনুযায়ী, গত বছরে ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয়েছে ২ হাজার ১০০-এরও বেশি মানুষের। এর মূল কারণ অসতর্কতা। কাজেই এ বিষয়ে জনসচেতনতা বাড়ানোর উদ্যোগ নেওয়া প্রয়োজন। ট্রেনে কাটা পড়ে মৃত্যুর হার বাড়তে থাকলে রেললাইনের ওপর দিয়ে চলাচল করায় নিষেধাজ্ঞা আরোপ করার কথাও হয়তো ভেবে দেখতে হবে। তাই এ ব্যাপারে নিজেদের সচেতনতা বাড়ানো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ।