বিশ্বজুড়ে প্রবাসী আয় অব্যাহতভাবে কমে যাওয়ার প্রক্রিয়ায় বাংলাদেশের চিত্র বেশ হতাশাব্যঞ্জক। প্রবাসী আয় হ্রাসে সর্বশেষ বৈশ্বিক গড় যেখানে ২ দশমিক ৪ শতাংশ, সেখানে গত ২০১৬-১৭ অর্থবছরে বাংলাদেশের প্রবাসী আয় কমেছে ১৪ শতাংশ। এই প্রবণতা আমাদের জন্য উদ্বেগজনক, কেননা আমাদের বৈদেশিক মুদ্রা আয়ের প্রধান খাতই প্রবাসী আয় বা রেমিট্যান্স। এটা আমাদের মোট ঋণ ও বিদেশি বিনিয়োগের চেয়েও বেশি। গত বছর প্রবাসী বাংলাদেশিরা মোট ১ হাজার ২৭৬ কোটি মার্কিন ডলার দেশে পাঠিয়েছেন।
এমন নয় যে বাংলাদেশ থেকে বিদেশে কাজ করতে যাওয়া মানুষের সংখ্যা কমে যাচ্ছে। বরং গত অর্থবছরে উপসাগরীয় দেশগুলোতে সাড়ে ৭ লাখের বেশি বাংলাদেশি কাজ করতে গেছেন। এটা আগের বছরের তুলনায় ৫৪ শতাংশ বেশি। কিন্তু প্রবাসী আয় সেভাবে বাড়েনি, বরং ২০১৫-১৬ অর্থবছরের চেয়ে পরের অর্থবছরে প্রায় ২০০ কোটি ডলার কম দেশে এসেছে। দেখা যাচ্ছে, আমাদের প্রবাসী আয় সবচেয়ে বেশি কমেছে যুক্তরাষ্ট্র থেকে। তবে মধ্যপ্রাচ্য, সিঙ্গাপুর, মালয়েশিয়া থেকেও বৈদেশিক মুদ্রা আসা কমেছে।
আমাদের বৈদেশিক শ্রমবাজার মধ্যপ্রাচ্যে সবচেয়ে বড়, সে অঞ্চলে যুদ্ধবিগ্রহ এবং জ্বালানি তেলের দাম কমে যাওয়ার ফলে প্রবাসী শ্রমিকদের আয় কিছুটা কমেছে। তা ছাড়া মধ্যপ্রাচ্যসহ অন্যান্য দেশ থেকে প্রবাসী বাংলাদেশিরা স্বদেশে অর্থ পাঠানোর ক্ষেত্রে প্রচলিত ব্যাংকিং ব্যবস্থা এড়িয়ে মোবাইল ব্যাংকি, হুন্ডি ইত্যাদি অনানুষ্ঠানিক পন্থার দিকে ক্রমেই বেশি করে ঝুঁকছেন। ফলে আনুষ্ঠানিক পন্থায় আসা অর্থের পরিমাণ কম দেখাচ্ছে। তবে অনানুষ্ঠানিক পন্থায় পাঠানো অর্থ হিসাবে নিলেও প্রকৃত অর্থে আমাদের প্রবাসী আয় কমছে, যা দুই বছর ধরে লক্ষণীয় বৈশ্বিক প্রবণতা। কিন্তু তা সত্ত্বেও কিছু কিছু দেশের প্রবাসী আয় খুব বেশি কমেনি, যেমন দক্ষিণ এশিয়ার মধ্যে শ্রীলঙ্কা ও পাকিস্তান। এই দুটি দেশের প্রবাসী শ্রমিকদের মধ্যে দক্ষ ও শিক্ষিত লোকবল আমাদের তুলনায় বেশি, তাঁদের আয়ও তুলনামূলকভাবে বেশি।
যেহেতু আমাদের জাতীয় অর্থনীতিতে প্রবাসী আয়ের ভূমিকা বিরাট, তাই এ আয় যেন আরও না কমে, বরং কীভাবে তা বাড়ানো যায় সেদিকে আমাদের দৃষ্টি দেওয়া প্রয়োজন। আমাদের ১৯ থেকে ৩৫ বছর বয়সী জনসংখ্যা এখন বিপুল, এই শ্রমশক্তিকে শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে তোলা দরকার, যেন তাঁরা বিদেশে চাকরির প্রতিযোগিতায় টিকতে পারেন। আর প্রবাসীদের অর্থ পাঠানোর অনানুষ্ঠানিক পন্থা নিষিদ্ধ বা নিরুৎসাহিত করতে হবে। সে জন্য প্রচলিত ব্যাংকিং পন্থাকে আরও সহজ, দ্রুতগতিসম্পন্ন ও লাভজনক করতে হবে।