মুদ্রানীতি বাস্তবায়নের চ্যালেঞ্জ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ব্যাংক জানুয়ারি-জুন সময়ের জন্য মুদ্রানীতি ঘোষণা করেছে। কেন্দ্রীয় ব্যাংক যখন এই মুদ্রানীতি ঘোষণা করল, তখন দেশে শিল্প-বিনিয়োগে একধরনের স্থবিরতা চলছে। বলা হচ্ছে, গ্যাস-বিদ্যুতের সংকটেই মূলত শিল্প-বিনিয়োগ থমকে পড়েছে। এর পাশাপাশি শিল্পের জন্য উপযুক্ত জমির দুষপ্রাপ্যতা, বন্দর ও যোগাযোগব্যবস্থায় অপ্রতুলতার কারণেও বিনিয়োগ ও ব্যবসার কাঙ্ক্ষিত গতি আসছে না।ব্যবসা-বাণিজ্য তথা উৎপাদন কার্যক্রমের শ্লথ গতির বিষয়টি সামষ্টিক অর্থনীতিতে প্রভাব ফেলছে। কেন্দ্রীয় ব্যাংক, একাধিক আন্তর্জাতিক সংস্থা ও দেশীয় গবেষণাপ্রতিষ্ঠান জোর দিয়েই বলছে, চলতি অর্থবছর মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৭ দশমিক ২০ শতাংশ অর্জন করা যাবে না। তাদের ধারণা, প্রবৃদ্ধি হবে সাড়ে ৬ শতাংশের মতো। বিনিয়োগের গতিময়তা না থাকলে প্রবৃদ্ধি যে জোরদার হবে না, তা ব্যাখ্যার অবকাশ রাখে না।অর্থনীতিবিদেরা বলছেন, এই যে বিনিয়োগের মন্দা পরিস্থিতি, তার কারণ, অর্থনীতিতে চাহিদা কমে গেছে। গ্রামের মানুষের প্রকৃত ক্রয়ক্ষমতা কমেছে। দেশের ৬০ থেকে ৭০ শতাংশ মানুষ এখনো গ্রামে বাস করে। সেখানে উৎপাদিত ধানের বিক্রয়মূল্য কমেছে; কিন্তু জীবনযাত্রার ব্যয় বেড়েছে। আবার শহরের মানুষের সম্পদের স্ফীতিও কমে গেছে। জমি ও ফ্ল্যাট বিক্রি আটকে পড়েছে, দামও পড়তির দিকে। শেয়ারবাজারের আয় তো নেই-ই, বিনিয়োগও আটকে আছে। অন্যদিকে, বিশ্ববাজারে দেশের পণ্যের চাহিদাও আগের গতিতে বাড়ছে না।এমন পরিস্থিতিতে সাধারণভাবেই বাংলাদেশ ব্যাংকের মুদ্রা সরবরাহ বৃদ্ধির বিষয়টি যৌক্তিক বলেই মনে করা যেতে পারে। ঋণকে সস্তা করতে কেন্দ্রীয় ব্যাংক তার নীতিনির্ধারণী দুটি উপাদানের সুদের হার দশমিক ৫ শতাংশ কমিয়েছে। ব্যবসায়ীরা একে স্বাগতই জানাবেন। বেসরকারি খাতে ঋণ বৃদ্ধির লক্ষ্যমাত্রাও সুখকর খবর। চাহিদা বৃদ্ধির জন্যই এসব চেষ্টা।বলার অপেক্ষা রাখে না, এই চেষ্টার সফলতা অনেক চ্যালেঞ্জ মোকাবিলা করেই সম্ভব হতে পারে। তবে অবকাঠামো নিশ্চিত করা না গেলে এ চেষ্টা হিতে বিপরীতও হওয়ার আশঙ্কা আছে। ফাটকা কারবারে পণ্যমূল্যে বুদ্বুদ (বাবলস) তৈরি ঠেকাতে ভারসাম্য রক্ষার কথা কেন্দ্রীয় ব্যাংক নিজেই বলেছে। সে ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের নজরদারি বৃদ্ধি এবং শক্ত হাতে ব্যবস্থা নেওয়ার সাহস দেখাতে হবে।কিন্তু তার চেয়েও যে বিষয়টি এখন বড় হয়ে সামনে আসছে, তা হলো দেশের রাজনৈতিক পরিস্থিতি। আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিরোধী দলের আন্দোলন কোথায় গিয়ে ঠেকে, সেই শঙ্কায় আছেন উদ্যোক্তারা।বাংলাদেশ ব্যাংক মুদ্রানীতি ঘোষণার সংবাদ সম্মেলনে বলেছে, দেশজ প্রবৃদ্ধি অর্জন বিষয়ে তাদের প্রাক্কলন সরকারের চেয়ে কম হলেও তারা রাজস্বনীতিতে ঘোষিত জিডিপি অর্জনে সহায়তা দিতে মুদ্রা সরবরাহ বাড়িয়ে দিচ্ছে। এখন দেখার বিষয়, সরকার কীভাবে এই সহায়তাকে কতটা কাজে লাগাতে পারে। সরকারের নীতি-কৌশলে রাজনৈতিক স্থিতিশীলতার পাশাপাশি অর্থনৈতিক উন্নয়ন অগ্রাধিকার পাবে বলেই প্রত্যাশিত।