প্রতিবছরের ডিসেম্বর ও জুনের শেষে কেন্দ্রীয় ব্যাংক যে ষাণ্মাসিক মুদ্রানীতি ঘোষণা করে, তার দিকে একটা দৃষ্টি থাকে দেশের ব্যাংকগুলোর। কারণ, ব্যাংকের জন্য এবং দেশের অর্থনীতির জন্যও মুদ্রানীতি একটা অতি গুরুত্বপূর্ণ বিষয়। সাধারণ পাঠকদের জ্ঞাতার্থে জানাই, বাজারে মূল্যস্তর স্থিতিশীল রাখা তথা মুদ্রাস্ফীতি সহনীয় পর্যায়ে রাখার জন্য অর্থ সরবরাহের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার জন্য দেশের কেন্দ্রীয় ব্যাংক যেসব পদক্ষেপ নেয়, সেসবই মুদ্রানীতির অংশ। এসব পদক্ষেপের মধ্যে আছে সুদের হার বাড়ানো, কেন্দ্রীয় ব্যাংকে বাণিজ্যিক ব্যাংকগুলোর সংবিধিবদ্ধ তারল্য সংরক্ষণের (ব্যাংকের আমানতের একটা নির্দিষ্ট অংশ কেন্দ্রীয় ব্যাংকে নগদ জমা) হার বৃদ্ধি করা, ঋণপ্রবাহ নিয়ন্ত্রণের জন্য বিভিন্ন বিধিনিষেধ আরোপ করা, সঞ্চয়পত্র ও এ-জাতীয় সরকারি সিকিউরিটির বিক্রি বাড়িয়ে বাজার থেকে উদ্বৃত্ত তারল্য কমিয়ে দেওয়া ইত্যাদি। এসব পদক্ষেপের সব কটি কিংবা কোনো একটি ব্যাংকগুলোর ঋণদানের সক্ষমতা কমিয়ে দেয় এবং তার পরিণামে বাজারে ঋণপ্রবাহ তথা নগদ অর্থপ্রবাহ কমে যায় এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রিত হয়। মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের এটি একটি শাস্ত্রীয় ও স্বীকৃত পন্থা।প্রতি ষাণ্মাসিকের মতো ২০১২-১৩ অর্থবছরের দ্বিতীয়ার্ধের জন্য সম্প্রতি ঘোষিত হয়েছে মুদ্রানীতি। এর আগের পর পর তিনটি সংকোচনমুখী মুদ্রানীতির বিপরীতে বিবেচনা করলে অন্তত তিনটি কারণে এবারেরটি অপেক্ষাকৃত উদার বলে প্রতীয়মান হয়। কারণ, প্রথমত, গত তিনটি মুদ্রানীতিতে বেসরকারি খাতে ঋণপ্রবাহ সংকোচনের ব্যবস্থা করা হলেও এবার এই খাতে ঋণপ্রবাহের গতবারের লক্ষ্যমাত্রা ১৮ থেকে শূন্য দশমিক ৫ শতাংশ বাড়িয়ে ১৮ দশমিক ৫ শতাংশে ধার্য করা হয়েছে। দ্বিতীয়ত, সাময়িক তারল্যসংকট কাটানোর জন্য ব্যাংকগুলো তাদের কিনে রাখা ট্রেজারি বিলের বিপরীতে কেন্দ্রীয় ব্যাংক থেকে যে ঋণসহায়তা গ্রহণ করে, যা রেপো নামে পরিচিত, তার ওপর সুদের হার কমানো হয়েছে শূন্য দশমিক ৫০ শতাংশ। তৃতীয়ত, ব্যাপক মুদ্রা সরবরাহের হার আগের ১৬ দশমিক ৫ শতাংশ থেকে বাড়িয়ে ১৭ দশমিক ৭ শতাংশে উন্নীত করার ব্যবস্থা নেওয়া হয়েছে। সাধারণ পাঠকদের জানানো উচিত, মুদ্রা সরবরাহ তত্ত্বে মুদ্রা দুই ধরনের—সংকীর্ণ মুদ্রা (এম ১) ও ব্যাপক মুদ্রা (এম ২)। তাৎক্ষণিকভাবে দায় মেটাতে সক্ষম সংকীর্ণ মুদ্রা বলতে বোঝায়, বাজারে চালু অর্থাৎ জনগণের হাতে থাকা সব ধরনের মুদ্রা ও নোট এবং ব্যাংকের চলতি আমানত, যা যেকোনো সময় বিনা বাধায় তুলে নেওয়া যায়। আর ব্যাপক মুদ্রা (এম ২) হচ্ছে, এম ১ এবং ব্যাংকের সব সঞ্চয়ী ও মেয়াদি আমানতের সমষ্টি, অর্থাৎ যে আমানত তাৎক্ষণিকভাবে না হলেও স্বল্পসময়ে নগদ অর্থে রূপান্তরিত করা যায়। সুতরাং মুদ্রাপ্রবাহ নিয়ন্ত্রণ বোঝাতে শুধু মুদ্রার প্রবাহকে বোঝায় না, তার সঙ্গে ব্যাংকের বিভিন্ন ধরনের আমানতের হ্রাস-বৃদ্ধিকেও বোঝাবে। কারণ, ব্যাংকের আমানত চলতি কিংবা মেয়াদি—যা-ই হোক না কেন, সময়ভেদে ব্যাংকের বাইরের মুদ্রাপ্রবাহের সঙ্গে একীভূত হয়ে যেতে পারে। আমাদের এ কথাও স্মরণ রাখা উচিত যে ব্যাংকগুলোর ঋণ প্রদান কার্যক্রমের সঙ্গে বৃদ্ধি পায় এম ২। কারণ, কোনো এক ব্যাংকের বিতরণ করা ঋণ বিভিন্ন পর্যায় অতিক্রম করে অন্য ব্যাংকের আমানতে পরিণত হয়।এবারের মুদ্রানীতিতে গৃহীত উপরিউক্ত তিনটি পদক্ষেপের কারণে সর্বশেষ এই মুদ্রানীতিকে তাত্ত্বিকভাবে সম্প্রসারণমুখী মনে হলেও এটি বস্তুত সংকোচনমুখী। কেন্দ্রীয় ব্যাংকও এটিকে শিথিল বা সম্প্রসারণমূলক বলে দাবি করছে না, বলা হয়েছে এটি ভারসাম্যপূর্ণ। পক্ষান্তরে, আগের তিনটি মুদ্রানীতিকে বলা হয়েছে সংযত ও সতর্ক। গত বছরগুলোর মুদ্রানীতিতে সর্বাধিক গুরুত্বারোপ করা হয়েছিল মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের ওপর। কারণ, মূল্যস্ফীতির অর্থনৈতিক তাৎপর্য ছাড়াও রয়েছে রাজনৈতিক পরিণতি। সীমিত আয়ের মানুষ মূল্যস্ফীতির নিকটতম শিকার হয় বলে কোনো রাজনৈতিক সরকারের মূল উদ্দেশ্য থাকে এটিকে নিয়ন্ত্রণে রাখা। এমনকি তার জন্য স্বল্প মেয়াদে অর্থনৈতিক প্রবৃদ্ধি বাধাগ্রস্ত হওয়ার বিপদ মেনে নিতেও দ্বিধাগ্রস্ত হয় না সরকার। আর মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে রাখার ভারসাম্য রক্ষাকারী এই কঠিন কাজটি সব সময় পালন করতে হয় কেন্দ্রীয় ব্যাংককেই, মুদ্রানীতির মাধ্যমে। আমাদের স্মরণে থাকার কথা, ২০০৯ থেকে ২০১১ সাল পর্যন্ত বিশ্বমন্দার প্রেক্ষাপটে আমাদের মুদ্রানীতিতে আনা হয়েছিল যথেষ্ট শিথিলতা। এ কারণে ২০১০-১১ অর্থবছরের প্রথমার্ধেই বেসরকারি খাতে ঋণ বৃদ্ধির হার দাঁড়িয়েছিল ২৭ দশমিক ৮ শতাংশে, অথচ সে বছরের লক্ষ্যমাত্রা ছিল শতকরা ১৭ দশমিক ৯ ভাগ। ২০১১ সালের মার্চে ভোক্তা মূল্যসূচক ১০ শতাংশ অতিক্রম করে যায়, যা পরের বছরের জানুয়ারিতে দাঁড়ায় ১২ শতাংশে। সে সময়কার শিথিল মুদ্রানীতির কারণে প্রায় সব কটি প্রধান ব্যাংকের ফেঁপে ওঠা ঋণ কাঙ্ক্ষিত ঋণ-আমানত অনুপাতের নির্ধারিত সীমা ছাড়িয়ে গিয়েছিল। ব্যাংক ঋণপ্রবাহের উদ্দাম গতির সঙ্গে বেড়ে চলছিল রিয়েল এস্টেট খাতে ব্যাপক মূল্যস্ফীতি।এ কারণে একসময় কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোর ঋণ-আমানত অনুপাত কাঙ্ক্ষিত সীমার মধ্যে নামিয়ে আনা এবং অপ্রয়োজনীয় খাতে ঋণ সম্প্রসারণ বন্ধ করার উদ্যোগ নেয়। এমনকি একপর্যায়ে কেন্দ্রীয় ব্যাংক ভূসম্পদ কেনার জন্য ব্যাংকের ঋণদান বন্ধ করার নির্দেশ দেয়। ২০১১ সালের জুন থেকে পর পর তিনটি মুদ্রানীতিই প্রণীত হয়েছিল আগের দুই বছরের শিথিল নীতির বিপরীত ব্যবস্থায়। সেসব সংকোচনমূলক নীতির সুফলও পাওয়া গেছে। তবে তার সঙ্গে অনিবার্যভাবে যা ঘটার সেটাও ঘটেছে। স্থবিরতা এসেছে বিনিয়োগে, যার ইঙ্গিত পাওয়া যায় শিল্পের যন্ত্র ও যন্ত্রাংশ এবং কাঁচামাল আমদানির নিম্নাভিমুখী প্রবণতা থেকে। তবে বিনিয়োগের এই স্থবিরতা কেবল সংকোচনশীল মুদ্রানীতির জন্যই ঘটেছে, এমন সিদ্ধান্তে পৌঁছানো যুক্তিযুক্ত নয়। কারণ, শিল্প বিনিয়োগে স্থবিরতার অন্য সব কারণের মধ্যে রয়েছে জ্বালানি তথা গ্যাস ও বিদ্যুৎ-সংযোগ প্রাপ্তির অনিশ্চয়তা। বিনিয়োগ স্থবিরতার আরও একটি কারণ নীরবে ক্রিয়াশীল, সেটি হচ্ছে, ২০০৮ সালের ভোগ্যপণ্য ও ইস্পাত বাজারের বিপর্যয়ের কারণে ব্যাংকগুলোর বড় অঙ্কের তহবিল দেশের বড় কিছু ঋণগ্রহীতার কাছে আটকা পড়েছে। এ ছাড়া ২০১০ ও ২০১১ সালের ঋণ সম্প্রসারণের সুযোগে অনেক ঋণগ্রহীতা গৃহীত ঋণের অর্থ অধিক লাভের হাতছানিতে পুঁজিবাজার ও ভূসম্পদ খাতে সরিয়ে ফেলেছিল। এসব আটকে পড়া ঋণ এত দিন ব্যাংকগুলো বিশেষ কায়দায় আদায়ের সম্ভাবনা-নির্বিশেষে বারবার পুনঃ তফসিল করে আসছিল। কিন্তু ২০১২ সালের শেষ ভাগে এসে কেন্দ্রীয় ব্যাংক নির্বিচার পুনঃ তফসিলীকরণের সুযোগ সীমিত করে দিলে ব্যাংকগুলোর মন্দঋণ সংস্থান বেড়ে যায়, তার ধাক্কায় ব্যাংকগুলোকে ঋণ আদায়ে আরও তৎপর হতে হয়। এই তৎপরতা ও পুনঃ তফসিল করা ঋণের গ্রহীতাকে নতুন ঋণ দেওয়ার সীমাবদ্ধতা ভবিষ্যৎ বিনিয়োগ পরিস্থিতিকে আরও বাধাগ্রস্ত করবে।আগের কয়েকটি সংকোচনমূলক মুদ্রানীতির কারণে দেশে বিনিয়োগ-স্থবির পরিবেশ সৃষ্টি হয়ে প্রবৃদ্ধির হারকে শ্লথ করে দেওয়ার আশঙ্কার প্রেক্ষাপটে ধারণা করা যায়, এবারের মুদ্রানীতির মাধ্যমে ঋণপ্রবাহ হ্রাস না করে প্রায় স্থিতাবস্থায় রাখা হয়েছে, যদিও বলা হয়েছে বেসরকারি খাতে ঋণ জোগানের ঊর্ধ্বসীমা দশমিক ৫ শতাংশ বাড়ানো হয়েছে। এবারের মুদ্রানীতির উদ্দেশ্যগুলো বিবেচনা করলে দেখা যায়, মোট পাঁচটি প্রধান বিষয়ের ওপর গুরুত্বারোপ করা হয়েছে। (১) মুদ্রা জোগানের প্রবৃদ্ধি দেশজ উৎপাদনে প্রকৃত প্রবৃদ্ধির সরকার-নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনের সঙ্গে সংগতিপূর্ণ রাখা, (২) গড় বার্ষিক ভোক্তা মূল্যস্ফীতি ৭ দশমিক ৫ শতাংশে নামিয়ে আনার লক্ষ্যে মুদ্রা সরবরাহ সংগতিপূর্ণ মাত্রায় সীমিত রাখা, (৩) প্রবৃদ্ধিমুখী ও উৎপাদনমুখী উদ্যোগে ঋণ জোগানের পর্যাপ্ততা নিশ্চিত করা, (৪) পুঁজিবাজারে সম্পদমূল্য বুদ্বুদ সৃষ্টিকারী ঝুঁকিপ্রবণ অনুৎপাদনশীল কর্মকাণ্ডে ঋণ জোগান নিরুৎসাহী করা ও (৫) টাকার মূল্যমানে অবাঞ্ছনীয় উচ্চ অস্থিতিশীলতা রোধ করা।চলতি অর্থবছরের বাজেটে ৭ দশমিক ২ শতাংশ হারে প্রক্ষেপিত জিডিপি প্রবৃদ্ধির সঙ্গে মুদ্রানীতিতে ঘোষিত অভ্যন্তরীণ ঋণপ্রবাহের হারকে সংগতিপূর্ণ এবং সে লক্ষ্য অর্জনে পর্যাপ্ত উল্লেখ করেও ‘বিশ্ব অর্থনীতিতে প্রবৃদ্ধি মন্দার প্রেক্ষাপটে এই লক্ষ্যমাত্রা অর্জনের পথে বিদ্যমান বহুবিধ ঝুঁকির’ কথা সতর্কভাবে স্বীকার করা হয়েছে। এমনকি পরোক্ষে বলাও হয়েছে যে সরকারের এই লক্ষ্যমাত্রা অর্জিত না হওয়ার আশঙ্কা আছে, বরং বাংলাদেশ ব্যাংকের নিজস্ব গবেষণায় পাওয়া পূর্বাভাস অনুযায়ী এই হার গত ১০ বছরের গড় হারের বেশি বৈ কম হবে না।উল্লেখ্য, ১০ বছরের গড় প্রবৃদ্ধির হার ৬ দশমিক ১৪ শতাংশ। ব্যাংকগুলোর জন্য মুখ্য নীতি সুদহার শূন্য দশমিক ৫ শতাংশ কমানো, বেসরকারি খাতে ঋণপ্রবাহের সীমা বৃদ্ধি, ব্যাপক মুদ্রা সরবরাহ বৃদ্ধি—এসবই প্রবৃদ্ধি অর্জনের জন্য বিনিয়োগ-সহায়ক ব্যবস্থা। কিন্তু উৎপাদনশীল খাতে বিনিয়োগ নিশ্চিত করা না গেলে এই ব্যবস্থা ফলবতী হয় না। তার সঙ্গে আর একটি বাড়তি উপাদান যোগ হবে, যা রাজনৈতিক, যার দুটি দিক আছে। প্রথমত, পরবর্তী নির্বাচনের আগে রাজনৈতিক অস্থিরতা বৃদ্ধি পেলে কাঙ্ক্ষিত বিনিয়োগ নিশ্চিত হবে না। দ্বিতীয়ত, আমাদের দেশের মতো দেশগুলোয় নির্বাচনের আগে নতুন বিনিয়োগ সব সময়ই দ্বিধাগ্রস্ত থাকে। কারণ, সরকার পরিবর্তন ও তার সঙ্গে সরকারি নীতি পরিবর্তনের অনিশ্চয়তা।মুদ্রানীতির মাধ্যমে মূল্যস্ফীতি হ্রাস করার বিষয়টি নিশ্চিত হয় চাহিদাজাত মূল্যস্ফীতির বেলায়, অথচ আমাদের দেশের মূল্যস্ফীতি মূলত ব্যয়বৃদ্ধিজনিত। এ ধরনের মূল্যস্ফীতি অর্থ সরবরাহ হ্রাস কিংবা ঋণ নিয়ন্ত্রণ করে রোধ করা যায় না। সুতরাং বিশ্ববাজারে জ্বালানি তেল কিংবা অন্য পণ্যমূল্য বৃদ্ধি পেলে মূল্যস্ফীতি রোধ করার বিষয়টি হুমকির মুখে পড়বে। মুদ্রানীতিতে বলা হয়েছে, ‘প্রবৃদ্ধিমুখী ও উৎপাদনমুখী উদ্যোগে ঋণ জোগানের পর্যাপ্ততা নিশ্চিতকরণে ব্যবহার করা হবে।’ বাস্তবে সেটি কার্যকরভাবে করা যাবে কি না, সে বিষয়ে সংশয় থেকেই যায়। কারণ, ব্যাংকগুলোর মুনাফা করার প্রবণতার মধ্যে ঋণ বিতরণ উৎপাদনমুখী খাতে যাচ্ছে কি না, সেটি দেখার অবকাশ থাকে না। এ ব্যাপারে বাংলাদেশ ব্যাংককে আরও সক্রিয় হয়ে কার্যকর নীতিমালা প্রণয়ন করতে হবে, যাতে ব্যাংকগুলোর বাড়তি ঋণদান সক্ষমতা অনুৎপাদনশীল খাতে ব্যবহূত না হয়। পুঁজিবাজারের সম্পদমূল্যে বুদ্বুদ সৃষ্টির বিষয়টিকে বিবেচনায় রেখে কেন্দ্রীয় ব্যাংকের আরও সতর্ক নজরদারি নিশ্চিত করতে হবে, যাতে ব্যাংকের তহবিল উৎপাদনমুখী বিনিয়োগের পরিবর্তে পুঁজিবাজারে ঢুকে না পড়ে। এ ব্যাপারে ২০১০ সালের অভিজ্ঞতা থেকে আমাদের শিক্ষা নিতে হবে। বাজারে নতুন ব্যাংক চালু হওয়ার পরিপ্রেক্ষিতে অস্বাস্থ্যকর প্রতিযোগিতার মাধ্যমে বাজার অস্থিতিশীল হয়ে পড়ার আশঙ্কায় বাংলাদেশ ব্যাংকের আরও নিবিড় তত্ত্বাবধান নিশ্চিত করতে হবে, তাহলেই মুদ্রানীতির লক্ষ্যগুলো অর্জিত হতে পারে।ফারুক মঈনউদ্দীন: লেখক ও ব্যাংকার। [email protected]