মুদ্রানীতিতে ভারসাম্যের চেষ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্থনীতির চাকা ঘোরানো অব্যাহত রাখতে হলে নিয়মিত ও চাহিদা অনুযায়ী টাকার জোগান নিশ্চিত হওয়া চাই। আর বিষয়টি দেখভাল করতে হয় কেন্দ্রীয় ব্যাংককে। কাজটি দুরূহ বলেই মুদ্রানীতি নিয়ে আলোচনা-সমালোচনার ঝড় ওঠে। তার পরও অন্য কেন্দ্রীয় ব্যাংকের মতো বাংলাদেশ ব্যাংককে বছরে দুবার আনুষ্ঠানিকভাবে মুদ্রানীতি ঘোষণা দিয়ে জানান দিতে হয়, পরবর্তী ছয় মাস কী পরিমাণ টাকার সরবরাহ বাজারে রাখতে চায়। এই ধারাবাহিকতায় গত সপ্তাহের শেষ কার্যদিবসে চলতি ২০১৩-১৪ অর্থবছরের প্রথমার্ধের মুদ্রানীতি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। এতে আগামী ছয় মাসে বেসরকারি খাতে ঋণের প্রবাহ ১৫ দশমিক ৫০ শতাংশ পর্যন্ত বাড়তে দিতে সম্মতি প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে সরকার যে চলতি অর্থবছর ৭ দশমিক ২০ শতাংশ হারে প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যমাত্রা ঘোষণা করেছে, রাজনৈতিক অনিশ্চয়তাসহ বিভিন্ন কারণে তা বাস্তবায়ন নিয়ে সংশয় প্রকাশ করা হয়েছে।যেহেতু বেসরকারি খাতের কর্মকাণ্ডই অর্থনীতির গতিময়তার প্রধান নিয়ামক, সেহেতু এই খাতে অর্থপ্রবাহ বা ঋণের জোগানটি গুরুত্বের সঙ্গে দেখতে হয়। গত অর্থবছর বেসরকারি ঋণের প্রবৃদ্ধি কেন্দ্রীয় ব্যাংকের নির্ধারিত সীমার থেকে খানিকটা নিচেই ছিল। এ জন্য রাজনৈতিক অস্থিরতা যেমন ভূমিকা রেখেছে, তেমনি মূল্যস্ফীতির চাপ প্রশমনে ঋণের জোগান নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ব্যাংকের রাশ টানাও কাজ করেছে। ফলে সামগ্রিক চাহিদা কমেছে। বার্ষিক গড় মূল্যস্ফীতির হার লক্ষ্যমাত্রার চেয়ে সামান্য ওপরে গিয়ে ঠেকেছে। আগামীতেও অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতিতে চাহিদা তেমন বাড়বে না ধরে নিয়েই হয়তো কেন্দ্রীয় ব্যাংক ঋণ প্রবৃদ্ধির সীমা আরেকটু নামিয়ে এনেছে। এটা আপাতত গ্রহণযোগ্য মনে হলেও পর্যালোচনার দাবি রাখে।মূল্যস্ফীতি যখন সহনীয় পর্যায়ে আর প্রবৃদ্ধির গতিময়তা যখন অনিশ্চিত, তখন অর্থনীতির গতিময়তা তৈরির জন্য বাংলাদেশ ব্যাংককেই ঋণের প্রবাহ বাড়ানোর সংকেত দেওয়া উচিত ছিল। অন্যদিকে বাজেটে সরকার যে ব্যাংক-ব্যবস্থা থেকে ২৬ হাজার কোটি টাকার ঋণ গ্রহণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে, তা পুরো জোগান দেওয়া নিশ্চিত করা হয়েছে মুদ্রানীতিতে। এখানে বরং সরকারকে ঋণ গ্রহণের বিষয়ে আরও সংযত হওয়ার বার্তা দেওয়া উচিত ছিল। তাহলে বোধ হয় ভারসাম্যপূর্ণ মুদ্রানীতির দাবির যৌক্তিকতা খুঁজে পাওয়া সম্ভব হতো।