মুফতি হান্নানকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জঙ্গি নেতা মুফতি হান্নানসহ তাঁর সহযোগীদের ছিনিয়ে নেওয়ার প্রচেষ্টা ইঙ্গিত করে যে, আইন প্রয়োগকারী সংস্থার শক্তি-সামর্থ্যের বিষয়ে একটা বড় ধরনের প্রশ্ন এখনো যথেষ্ট জোরালো। পুলিশের নিজের স্বার্থে এটা খতিয়ে দেখা ভালো যে সরষেয় ভূত লুকানো আছে কি না। যদি না থাকত, তাহলে গত মাসে মুফতি হান্নানের সেলে মুঠোফোন ও মেমোরি কার্ড কী করে জব্দ হলো? মুফতি হান্নানের মতো শীর্ষস্থানীয় জঙ্গিকে ছিনিয়ে নেওয়ার বিষয়ে আগাম গোয়েন্দা তথ্য ছিল। এমনকি গত ডিসেম্বরে একটি গোয়েন্দা সংস্থা মুফতি হান্নান কারাগার থেকে পালিয়ে যেতে পারে এমন আশঙ্কাও ব্যক্ত করেছিল।
এই প্রেক্ষাপটে তাঁকে বহনকারী প্রিজন ভ্যানে হামলার ঘটনা থেকে সরকারকে অন্তত তিনটি বিষয়ে শিক্ষা নিতে হবে। প্রথমত, মুফতি হান্নানের মতো ভয়ংকর অপরাধীদের কারাজীবন ও তাঁদের আদালতে আনা-নেওয়ার বিষয়ে নিরাপত্তা আরও জোরদার করতে হবে। দ্বিতীয়ত, ধরে নিতে হবে, মুফতি হান্নানের সংগঠন নিষিদ্ধ করা হলেও তাঁর অনুসারীরা হয়তো হারিয়ে যায়নি। তৃতীয়ত, মুফতি হান্নানদের পক্ষে দুর্নীতিগ্রস্ত প্রশাসনের বিভিন্ন ফাঁক-ফোকর দিয়ে কড়া নিরাপত্তাব্যবস্থাকে ধুলো দেওয়া অসম্ভব নয়।
এ প্রসঙ্গে আমরা ২০১৪ সালে ত্রিশালে প্রিজন ভ্যানে হামলা চালিয়ে জেএমবির তিন জঙ্গিকে ছিনিয়ে নেওয়ার ঘটনা স্মরণ করতে পারি। সেই ঘটনায় একজন পুলিশ সদস্য নিহত হয়েছিলেন। মুফতি হান্নানের প্রিজন ভ্যানে হামলার ঘটনা সে তুলনায় অসংগঠিত, কিন্তু একে আমরা একটি সতর্কবার্তা হিসেবেই বিবেচনা করতে চাই।
মুফতি হান্নানের ব্যাপারে যে তথ্যটি উদ্বেগজনক তা হচ্ছে, কারাগার থেকে গণমাধ্যমে প্রচারের জন্য তিনি ধারণ করা বার্তা দিতে চেয়েছিলেন। তার অর্থ হলো, এই জঙ্গিগোষ্ঠী এখনো বিশ্বাস করে, জনগণের কাছে তাদের কিছু বলার রয়েছে। মঙ্গলবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুটুম্বপুরে পুলিশের ওপর বোমা হামলার ঘটনা প্রমাণ করে যে জঙ্গি বা এ ধরনের অপরাধী চক্র কতটা বেপরোয়া। এই হামলাকারীদের বাড়ি থেকে পুলিশ ২৯টি গ্রেনেডসহ নানা সরঞ্জাম উদ্ধার করেছে।
তবে এসব অশুভ ঘটনা থেকে এই শিক্ষা নিতে হবে যে, জঙ্গি দমনে সরকারের সামগ্রিক কার্যক্রম নিয়ে আত্মতৃপ্তির কোনো সুযোগ নেই। এ ক্ষেত্রে অব্যাহত সতর্কতা ও নতুন নতুন কৌশল গ্রহণের কোনো বিকল্প নেই।