মুশফিকুর রহিমের প্রতিবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জে চার শিশু হত্যার প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মুশফিকুর রহিম। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিনি প্রশ্ন রেখেছেন ‘আমরা কি জীবনেও বদলাব না? এসবের শেষ কবে? আমাদের মানবতা কোথায় হারিয়ে গেল?’ গতকাল রোববার প্রথম আলোয় ফেসবুক পেজে দেওয়া তাঁর ছবিটি ছাপা হয়েছে। তিনি কেবল প্রশ্ন রাখেননি, অবিলম্বে শিশুহত্যা বন্ধ করতে সবাইকে এগিয়ে আসতে বলেছেন।
কেবল হবিগঞ্জে নয়, দেশের বিভিন্ন স্থানে একের পর এক শিশুহত্যার ঘটনা ঘটছে। শিশুরা নির্যাতন ও অপহরণের শিকার হচ্ছে। এসব ঘটনা এতটাই মর্মান্তিক ও পৈশাচিক যে কল্পনারও অতীত। আগের ঘটনার চেয়ে পরের ঘটনা আরও বেশি নৃশংস ও মর্মবিদারক। কোনো কোনো ক্ষেত্রে অপরাধীরা ধরা পড়লে কিংবা বিচার হলেও শিশুহত্যা ও নির্যাতনের মাত্রা কমছে না। পরিস্থিতি ভয়াবহ বলেই দেশের একজন কৃতী ক্রিকেটারকে শিশুহত্যার বিরুদ্ধে প্রতিবাদ ও আকুতি জানাতে হয়েছে। আমরা মুশফিকুর রহিমের এই আকুতি ও আহ্বানের সঙ্গে সংহতি প্রকাশ করছি। তিনি যেসব কথা বলেছেন, সেগুলো দেশের প্রতিটি শুভবুদ্ধিসম্পন্ন মানুষের মনের কথা। সেই সঙ্গে আমরা এও আশা করি, তাঁর আহ্বান সমাজের ঘুমন্ত বিবেককে জাগ্রত এবং মানুষের ভেতরে মনুষত্ববোধকে উজ্জীবিত করবে।
সমাজে ব্যক্তির সঙ্গে ব্যক্তির কিংবা গোষ্ঠীর সঙ্গে গোষ্ঠীর স্বার্থের বিরোধ থাকতে পারে। কিন্তু সেই বিরোধের শিকার কেন নিষ্পাপ শিশুরা হবে? কেনই–বা তারা মুক্তিপণের জন্য জিম্মি কিংবা পেটের দায়ে বিত্তবানের ঘরে কাজ করতে গিয়ে নিষ্ঠুরতার বলি হবে? এসবের বিরুদ্ধে সর্বাত্মক সামাজিক জাগরণ প্রয়োজন।
তাই, মুশফিকের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলতে চাই, আসুন আমরা শিশুহত্যা ও নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার হই। আমরা সমস্ত শক্তি দিয়ে বাংলাদেশকে সব শিশুর জন্য বাসযোগ্য করে গড়ে তুলি। শিশুহত্যার বিরুদ্ধে মুশফিকুর রহিম এগিয়ে এসেছেন। আপনারাও এগিয়ে আসুন।