মুশার্রফ হোসেনের প্রয়াণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যাপক মুশার্রফ হোসেনের মৃত্যুতে আমরা শোকাভিভূত। তিনি কেবল অর্থনীতিবিদ ছিলেন না, বাংলাদেশ রাষ্ট্রটির জন্মের সঙ্গে তাঁর ছিল নিবিড় ও গভীর সম্পর্ক। মুক্তিযুদ্ধের অনেক আগেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করার সময় বাষট্টিতে আইয়ুববিরোধী আন্দোলনে সেখানকার ছাত্রদের সংগঠিত করতে নেপথ্যে থেকে মুশার্রফ হোসেন সক্রিয় ভূমিকা রেখেছেন। একাত্তরের মুক্তিযুদ্ধের সময় মুজিবনগর সরকার দেশের ভবিষ্যৎ অর্থনৈতিক নীতি-কাঠামোর জন্য যে পরিকল্পনা সেল গঠন করেছিল, তিনি ছিলেন তার অন্যতম সদস্য। এর আগে পাকিস্তান আমলে পূর্ব পাকিস্তান পরিকল্পনা বোর্ডের প্রধান অর্থনীতিবিদ হিসেবেও তিনি বাঙালিদের অধিকার ও স্বার্থরক্ষায় সোচ্চার ছিলেন।লন্ডন বিশ্ববিদ্যালয়ের পিএইচডি ডিগ্রিধারী মুশার্রফ হোসেন বাংলাদেশের প্রথম পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবে প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা প্রণয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। তাঁর গবেষণার প্রধান ক্ষেত্র ছিল কৃষি, ভূমি সংস্কার ও গ্রামীণ দারিদ্র্য। ভূমি সংস্কারের লক্ষ্যে তিনি সে সময় সরকারের কাছে একটি পরিকল্পনাও পেশ করেছিলেন, যা কখনোই আলোর মুখ দেখেনি। ১৯৭৪ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে জাতিসংঘে প্রেরিত বাংলাদেশ প্রতিনিধিদলেরও অন্যতম সদস্য তিনি।পঁচাত্তরের রাজনৈতিক পটপরিবর্তনের পর তিনি বিদেশে চলে যান এবং ইউএনডিপি, বিশ্ব খাদ্য কর্মসূচি, খাদ্য ও কৃষি সংস্থাসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থায় কর্মরত ছিলেন। দ্য অ্যাসল্ট দ্যাট ফেইলড তাঁর সাড়া জাগানো বই, যাতে বিশ্বব্যাংক ও আইএমএফের অর্থনৈতিক নীতিকে ভুল প্রমাণ করেছে। আশির দশকে স্বৈরাচারবিরোধী আন্দোলনে এই অর্থনীতিবিদ সাহসী ভূমিকা রাখেন, এরশাদের বিরুদ্ধে ৩১ জন বুদ্ধিজীবীর সাড়া জাগানো বিবৃতির অন্যতম স্বাক্ষরদাতা ছিলেন তিনি। দীর্ঘদিন তিনি বঙ্গবন্ধু পরিষদের সভাপতির দায়িত্বও পালন করেন।অর্থনীতির চর্চা, গবেষণা ও অধ্যাপনার পাশাপাশি এই কীর্তিমান অর্থনীতিবিদ দেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে যে অসামান্য অবদান রেখেছেন, তা স্মরণীয় হয়ে থাকবে। তিনি বেঁচে থাকবেন তাঁর অজস্র শিক্ষার্থীর মাঝে, তাঁর নিজের কর্ম ও সাধনার অত্যুজ্জ্বল ভুবনে। এই ধ্যানী অধ্যাপক যে ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন, তার বাস্তবায়নই হতে পারে মুশার্রফ হোসেনের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা ও সম্মান প্রদর্শন।