মুস্তাফিজের আলোর ঝলকানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে যে ক্রিকেট খেলায় মজে না, সেই মানুষও মুস্তাফিজুর রহমানকে নিয়ে মেতে ওঠে। যে বিদেশিরা বাংলাদেশ নিয়ে উদাসীন, মুস্তাফিজের খেলায় তারাও চিনছে বাংলাদেশকে। নিজের ও খেলার ভাগ্য দুটোই এখন হাতের মুঠোয় মুস্তাফিজের। মুস্তাফিজ এখন এক বিস্ময়-বোলারের নাম। ভারত, ইংল্যান্ড আর অস্ট্রেলিয়ার বিখ্যাত ক্রিকেট ক্লাবগুলো তাঁকে দারুণভাবে চায়। বাংলাদেশের পরিকল্পনা কমিশন তাদের সাফল্যের পোস্টারে ছেপেছে মুস্তাফিজের আত্মবিশ্বাসী চেহারা। ভারত-বাংলাদেশ সম্পর্কের দ্বিপক্ষীয় আলোচনায়ও মুস্তাফিজ যেন এক শুভেচ্ছার নাম। চোখধাঁধানো খেলোয়াড়ি জাদু দিয়ে ২০ বছরের এই যুবক হয়ে উঠেছেন আন্তর্জাতিক ক্ষেত্রে বাংলাদেশের অনানুষ্ঠানিক দূত। যে দূতের মুখে হাসি, খেলায় প্রতিভা আর কণ্ঠে শুধুই বাংলা ভাষা ও বাংলাদেশের নাম।
মুস্তাফিজ মনে করিয়ে দিচ্ছেন গত শতকের বিশ্বপ্রিয় রোমানিয়ান জিমন্যাস্ট নাদিয়া কোমানিচির কথা। কোমানিচি ১৯৭৬ ও ১৯৮০ সালের অলিম্পিকে তাক লাগানো নৈপুণ্য দেখিয়ে অনালোচিত রোমানিয়াকে আলোচনায় নিয়ে এসেছিলেন। ক্যামেরুনের ফুটবলার রজার মিলাও বিশ্বমঞ্চে নিজ দেশের মুখ উজ্জ্বল করেছিলেন। সারল্যমাখা মুখ আর দুর্ধর্ষ বোলিং দিয়ে মুস্তাফিজও হয়ে উঠেছেন এক নন্দিত বাংলাদেশি তরুণের প্রতিমূর্তি। কবি রবীন্দ্রনাথের ভাষায় বললে, মুস্তাফিজের বিনয়ে তার সামর্থ্যেরই পরিচয়।
উপমহাদেশের ক্রিকেট-ভক্তদের মধ্যে ঈর্ষা ও রেষারেষি সুবিদিত। জাতীয়তাবাদী আবেগের আতিশয্যে প্রতিপক্ষের খেলোয়াড়দের বিদ্রূপের বাণে আহত করার বাড়াবাড়িও আকছার চলে। বিগত বিশ্বকাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপের পর বাংলাদেশ ও ভারত দলের সমর্থকদের মধ্যে অহং ও দর্পের সংঘাত চরমে উঠেছিল। কিন্তু ভারতে চলমান আইপিএলে মুস্তাফিজ নামামাত্রই সবার মন জয় করে নিলেন। ভারতীয় ক্রিকেটামোদীরাও মুস্তাফিজে দারুণ আসক্ত। বড় প্রতিভা প্রতিপক্ষের মুখেও হাসি ফোটাতে পারে, জাগাতে পারে সম্প্রীতির সুবাতাস।
মুস্তাফিজের উত্থানই প্রমাণ, বাংলা মায়ের ঘরে—হয়তো অনাদরেই—এমন আরও প্রতিভা প্রকাশ হওয়ার অপেক্ষায়। গ্রাম-মফস্বলের তরুণদের উঠে দাঁড়ানোর সাধনার কথাও মুস্তাফিজ আমাদের মনে করিয়ে দেন। বিভিন্ন অনাকাঙ্ক্ষিত কারণে ইদানীং বাংলাদেশ দুঃসংবাদের শিরোনাম। তার মধ্যে মুস্তাফিজ এক হঠাৎ আলোর ঝলকানি।