মূল সমস্যাটি উপেক্ষিত থাকছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংবিধানের সপ্তম ভাগে বাংলাদেশের জন্য একটি নির্বাচন কমিশন গঠন, এর দায়িত্ব ও পরিসীমা ইত্যাদি বিশদভাবে বর্ণনা করা হয়েছে। নির্বাচন কমিশন দায়িত্ব পালনে স্বাধীন এবং কেবল সংবিধান ও আইনের অধীনে রয়েছে। তদুপরি সংবিধানের ১২০ অনুচ্ছেদ অনুসারে নির্বাচন কমিশনের দায়িত্ব পালনের জন্য যেরূপ কর্মচারীর প্রয়োজন হবে, কমিশন অনুরোধ করলে রাষ্ট্রপতি সেরূপ কর্মচারী প্রদানের ব্যবস্থা করবেন বলে উল্লেখ রয়েছে। আর এর ১২৬ অনুচ্ছেদে নির্বাচন কমিশনকে দায়িত্ব পালনে সহায়তা করা সব নির্বাহী কর্তৃপক্ষের জন্য আবশ্যিক বলে ঘোষিত হয়েছে। সুতরাং, নির্বাচন কমিশনকে দায়িত্ব পালনে সংবিধান প্রকৃতপক্ষে বাধাহীন ক্ষমতা অর্পণ করেছে, এটা বললে অত্যুক্তি হবে না। এ ধরনের অবারিত ক্ষমতা সত্ত্বেও অতীতে বেশ কিছু প্রহসনমূলক নির্বাচন আমরা লক্ষ করেছি। ৯০-এর পর লাইনচ্যুত ট্রেনটি লাইনে নেওয়া হলে পরে একটি বিচ্যুতি, আরও একটি বিচ্যুতির প্রয়াস ক্ষণস্থায়ী হয়েছে। জনদাবিতে ট্রেনটি সঠিক পথেই চলতে হচ্ছে। একে আরও শক্তিশালী করার দাবি দীর্ঘদিন ধরে সামনে আসছে। আর বেশ কয়েক বছর ধরে কয়েকটি সরকার কিছু ইতিবাচক পদক্ষেপ নিয়ে সে দাবি মেটাতে যথেষ্ট সহায়ক ভূমিকা রেখেছে। শক্তিশালীকরণের বেশ কতগুলো দিক রয়েছে। যেমন: ভৌত অবকাঠামো, যথোপযুক্ত জনবল, আইনি দিক আর নির্বাচনকালে যারা তাদের প্রধান শক্তিরূপে কাজ করবে, তাদের সামর্থ্য। আমাদের নির্বাচন কমিশন সদর দপ্তরের নিজস্ব কোনো ভবন নেই, এটা একটা প্রতিবন্ধকতা হিসেবে রয়েছে। হয়তো বা সহসাই সমস্যাটি কেটে যাবে। যত তাড়াতাড়ি হয়, ততই কমিশনের দক্ষতা বৃদ্ধিতে সহায়ক হবে। জনবলকাঠামো সাম্প্রতিক কালে উদারভাবে সম্প্রসারণ করা হয়েছে। আইনের মাধ্যমে স্বাধীন নির্বাচন কমিশন সচিবালয় প্রতিষ্ঠা করে তাদের প্রশাসনিক ও বাজেট অনুসারে ব্যয়ের স্বাধীনতা দেওয়া হয়েছে। বর্তমানে অনুমোদিত জনবল সচিবালয় পর্যায়ে প্রায় ২৭০ জন, জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনু বিভাগে ৭১ জন ও নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে ৫৩ জন আর অঞ্চল, জেলা ও উপজেলা নির্বাচন কার্যালয়ে ২৩৭০ (সূত্র: কমিশন ওয়েবসাইট)। পক্ষান্তরে ভারতীয় নির্বাচন কমিশনের ওয়েবসাইট অনুযায়ী তাদের সচিবালয়ের জনবল কমবেশি ৩০০। ৩৫টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল পর্যায়ে রাজ্য সরকারের কর্মকর্তাদের মধ্য থেকে রাজ্য সরকারেরই সুপারিশে কমিশন একজন চিফ ইলেক্টোরাল অফিসার নিয়োগ দেয়। তিনি স্বল্পসংখ্যক কর্মচারী দিয়ে নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণ ও তদারকিতে দায়িত্ব পালন করেন। বেশির ভাগ রাজ্যেই তিনি পূর্ণকালীন এ কাজ করলেও কিছু ক্ষেত্রে করেন খণ্ডকালীন হিসেবে। জেলা ও নির্বাচনী এলাকায় জেলা নির্বাচন অফিসার, ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার, রিটার্নিং অফিসারসহ বিশালসংখ্যক কর্মী বাহিনী অন্য দায়িত্বের পাশাপাশি (যখন আবশ্যক হয় তখন পূর্ণকালীন) রাজ্য সরকারের কর্মকর্তারাই এ দায়িত্ব পালন করেন। আমরা কিছু তিক্ত রাজনৈতিক ও প্রশাসনিক অতীতের পটভূমিকায় উপজেলা পর্যায় পর্যন্ত কমিশনের নিজস্ব জনবলকাঠামো সম্প্রসারণ করেছি। এ বাস্তবতা সবারই জানা। মনে করা অযৌক্তিক হবে না, জনবলকাঠামোর দিক দিয়ে কমিশনকে পর্যাপ্তভাবে শক্তিশালী করা হয়েছে। রইল আইনি দিক। সূচনাতেই উল্লেখ করা হয়েছে কমিশনকে শক্তিশালী করতে সংবিধান অকৃপণভাবে ব্যবস্থাদি রেখেছে। তেমনি ব্যবস্থা রয়েছে জনপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২সহ নির্বাচনসংক্রান্ত অন্যান্য আইনে। বিগত পাঁচ বছরে (২০০৭ থেকে) বেশ কিছু অপূর্ণতা দূরীভূত করতে বিদায়ী কমিশন, সরকার ও সংসদ কার্যকর পদক্ষেপও নিয়েছে। তাও অপূর্ণতা থেকেই যাবে। আর নজরে এলে ব্যবস্থাও নিতে হবে যতটা দ্রুত সম্ভব। খবরের কাগজে দেখেছিলাম বিদায়ী কমিশন মনোনয়নপত্র দাখিল থেকে ফলাফল প্রকাশ করা পর্যন্ত কমিশনের কাজে আদালতের হস্তক্ষেপ বারিত করে সংবিধান সংশোধনের একটি প্রস্তাব সরকারের কাছে রেখেছিল। এ ধরনের বিধান সংবিধানের মৌলিক বৈশিষ্ট্যের সঙ্গে সাংঘর্ষিক হতে পারে (সংক্ষুব্ধ ব্যক্তির আদালতের কাছে প্রতিকার চাওয়ার অধিকার) ভেবেই হয়তো বিষয়টি বিবেচনায় আসেনি। তবে কমিশনের এ প্রস্তাবের পেছনে বেশ কিছু অভিজ্ঞতা কাজ করছে। কেননা প্রার্থিতা সম্পর্কে একেবারে শেষ মুহূর্তে কোনো আদেশ কোনো নির্বাচনী এলাকার গোটা ব্যালট পেপার রাতারাতি পুনরায় ছাপানোর দুরূহ দায়িত্ব কমিশনকে পালন করতে হয়েছে। ভারতীয় সংবিধানে আদালতের এখতিয়ার আমাদের মতোই। তাদের নির্বাচন কমিশনের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, নির্বাচনপ্রক্রিয়া শুরু থেকে শেষ পর্যন্ত (ফলাফল প্রকাশ) দীর্ঘদিনের ঐতিহ্য এবং আদালতের বেশ কিছু সিদ্ধান্তের অনুসরণে নির্বাচনপ্রক্রিয়ায় হস্তক্ষেপ থেকে আদালত স্বীয় বিবেচনায় বিরত থাকছে। এ ঐতিহ্যটি কি আমরা অনুসরণ করতে পারি না?সবশেষে আসছে নির্বাচন কমিশন শক্তিশালীকরণ প্রসঙ্গে প্রায় অনালোচিত একটি দিক। নির্বাচন কমিশনকে যেকোনো নির্বাচনে মাঠ পর্যায়ে মাঠ প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা নেওয়া অত্যাবশ্যক হয়। সে সহায়তা দিতে তারা কতটা সক্ষম আর অসামর্থ্যের কারণ ও প্রতিকার কী এটাও ভেবে দেখা দরকার। যে জনপ্রশাসন (আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ) দলীয়করণের ফলে একদিকে নিষ্ঠাহীন অন্যদিকে অদক্ষ হয়ে পড়ছে বলে অভিযোগ; তারাই তো ১৯৯১, ১৯৯৬-এর জুন, ২০০১ এবং ২০০৮-এর সফল নির্বাচনগুলোর মূল হাতিয়ার ছিল। অবশ্য সব ক্ষেত্রেই এ দেশের রাজনীতির বেদনাদায়ক সংস্কৃতির অনুসরণে পরাজিত দল নির্বাচনের ফলাফল মেনে নেয়নি। তবে দেশে-বিদেশে সর্বত্রই এ নির্বাচনগুলো গ্রহণযোগ্যতা পেয়েছে। উপেক্ষিত হয়েছে পরাজিতদের মূল্যায়ন ও অভিযোগ। উল্লেখ করা আবশ্যক, এ চারটি নির্বাচন নির্দলীয় সরকারের আওতায় হয়েছিল। দলীয় সরকারের আওতায় সম্প্রতি গুটিকয়েক সংসদ উপনির্বাচন ও সিটি করপোরেশন সফল হয়েছে। তেমনি আগের সরকারের আওতায়ও ঢাকা, চট্টগ্রাম ও সিলেট সিটি করপোরেশনের নির্বাচনে ক্ষমতাসীন দল হেরে গিয়েছিল। এ বিচ্ছিন্ন বিষয়গুলো দিয়ে পরবর্তী জাতীয় নির্বাচনের পরিকাঠামো চিন্তা করা সমীচীন হবে না।সুপ্রিম কোর্টের একটি রায় এবং এর অনুসরণে সংবিধানের পঞ্চদশ সংশোধনী আনার মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বিলুপ্ত হয়েছে। বর্তমান বিধান অনুসারে ক্ষমতাসীন দলই নির্বাচনকালে ক্ষমতায় থাকবে। স্বপদে বহাল থাকবেন সাংসদরা। ধারণাটি অভিনব বা বিস্ময়কর নয়। বরং প্রায় সব গণতান্ত্রিক দেশেই ব্যবস্থাটি বিরাজমান। কিন্তু বাংলাদেশের প্রেক্ষিত কিছুটা হলেও ভিন্ন। ইতিমধ্যেই প্রধান বিরোধী দলের নেতৃত্বাধীন জোট অন্তর্বর্তী সরকার বা যেকোনো নামে নির্বাচনকালে একটি অরাজনৈতিক সরকার প্রতিষ্ঠার বিধান সংযোজনের দাবিতে অনড় অবস্থান নিয়েছে। সরকারের পক্ষ থেকে কেউ কেউ অন্তর্বর্তীকালীন সরকারের বিষয়ে কিছুটা ইতিবাচক মন্তব্য করেছেন। তবে এর রূপরেখা সম্পর্কে মুখ খুলছেন না। সুতরাং আগামী জাতীয় সংসদ নির্বাচনের সময় দেশে সংবিধানের কোনো সংশোধনী না আনা হলে দলীয় সরকারই ক্ষমতায় থাকার কথা। যদি একটি আপস-মীমাংসা ভিন্ন কিছু হয়ও তবুও ধারণা করা যথাযথ হবে যে আগামী বছর দশেক পর( সুপ্রিম কোর্টের রায়ে দুই মেয়াদের কথা বলা হয়েছিল) দেশে তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার ধরনের কোনো ব্যবস্থা নাও থাকতে পারে। ক্ষমতায় থেকেই হয়তোবা একটি দল বা জোট নির্বাচনে যাবে। অবশ্যই বরাবরের মতো নির্বাচন কমিশনের হাতে থাকবে সে নির্বাচন পরিচালনার নিরঙ্কুশ ক্ষমতা।এখন দেখা যাক সে ধরনের পরিস্থিতিতে নির্বাচন কমিশন কাজ করেও সুষ্ঠু, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন পরিচালনার জন্য দেশের প্রশাসনিক পটভূমিকা কতটা তৈরি রয়েছে। আগেই উল্লেখ করা হয়েছে, নির্বাচন কমিশনের জনবল ও আইনি বিধানের বিবেচনায় এটা যথেষ্ট শক্তিশালী একটি কমিশন। বিশেষ করে আমাদের নিকট প্রতিবেশী ভারতের সঙ্গে তুলনা করলে তা-ই বলতে হবে। কিন্তু নির্বাচন পরিচালনায় কমিশনের মাঠপর্যায়ের মূল হাতিয়ার মাঠ প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর একটি দলীয় সরকার ক্ষমতায় থাকাকালে সাময়িকভাবে কমিশনের যত নিরঙ্কুশ ক্ষমতাই থাকুক জাতীয় নির্বাচন পরিচালনাকালে আমাদের বর্তমান রাজনৈতিক ও প্রশাসনিক পরিপ্রেক্ষিতে সে হাতিয়ার ভোঁতা বা অকেজো হয়ে যাবে। সীমিত আকারে স্থানীয় নির্বাচনে রাষ্ট্রক্ষমতার পরিবর্তন হয় না। এতে কমিশন অনেক বেশি অনুপাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমাবেশও ঘটাতে পারে। কিন্তু জাতীয় নির্বাচনে তা নস্যিসদৃশ হবে এমনকি ছয়-সাত দফায় ভাগ করে নির্বাচন করলেও। আমাদের চলমান রাজনৈতিক সংস্কৃতিতে কারও কি পরাজয় মেনে নেওয়ার মানসিকতা আছে? দীর্ঘদিনের চাপে নতজানু প্রশাসন ও পুলিশ সে সময়টিতে ক্ষমতায় যারা আছে বা ভবিষ্যতে যারা থাকবে তাদের ইচ্ছাকে রূপ দেওয়ার ভিন্ন কিছু ভাবতেও পারবে না। তুলনা দেওয়া দু-একটি স্থানীয় নির্বাচনের মতো জাতীয় নির্বাচনে গণমাধ্যম ও দেশি-বিদেশি পর্যবেক্ষকদের নজরদারি নগণ্য হয়ে যাবে। সম্প্রতি সদ্য বিদায়ী সিইসি একটি অতি সত্যি কথা বলেছেন। তা হচ্ছে শুধু শক্তিশালী নির্বাচন কমিশন নিরপেক্ষ নির্বাচনের জন্য একমাত্র প্রতিষ্ঠান নয়। পাশাপাশি স্বাধীন বিচার বিভাগ, রাজনৈতিক চাপমুক্ত প্রশাসন ও পুলিশ এতে অন্যতম সহায়ক শক্তি। সুতরাং বলা চলে, নির্বাচন কমিশনকে শক্তিশালী করা হচ্ছে যে উদ্দেশ্যে, তা পূরণকল্পে মাঠ প্রশাসন ও পুলিশের ওপর দলীয় স্বার্থে রাজনৈতিক খবরদারি দৃঢ়ভাবে বন্ধ করা আজ সময়ের দাবি। তারা যদি আইনানুগ কাজ করার সুযোগ পায়, তাদের সেভাবে অনুপ্রাণিত করা হয়; ক্ষমতাসীন রাজনৈতিক নেতা-কর্মীদের নিজদের স্বার্থে তাদের ব্যবহার পুরোপুরি বন্ধ করা হয়, তবে তারা অতীতের গৌরবোজ্জ্বল ধারাবাহিকতা নিজেরাই খুঁজে নেবে। সব রাজনৈতিক দলই তাদের বিচার-বিবেচনার ওপর আস্থাশীল হয়ে উঠবে। সর্বোপরি স্বাধীন নির্বাচন কমিশন নির্বাচনকালে তাদের ওপর চূড়ান্ত খবরদারি করবেই। একটি রাজনৈতিক দলকে ক্ষমতায় রেখে আমাদের নিকটতম প্রতিবেশী ভারত নির্বাচন করতে পারলে আমরা পারব না কেন? আমাদের গণতান্ত্রিক ব্যবস্থার সঙ্গে সংশ্লিষ্ট হওয়ার সময়কাল (ব্রিটিশ শাসনামলের শেষার্ধ) একই। দেশ ও জনগণের স্বার্থে মাঠ প্রশাসন ও পুলিশকে আইনি ভূমিকায় সীমিত রাখতে রাজনৈতিক দলগুলোকে (প্রধানত সরকারকে) উদ্যোগী হতে হবে। বিষয়টি উপেক্ষিত রেখে নির্বাচন কমিশনকে শক্তিশালী করার অন্য সব প্রচেষ্টায় ইপ্সিত সুফল দেবে না। আমরা ছুটব মরীচিকার পেছনেই। আলী ইমাম মজুমদার: সাবেক মন্ত্রিপরিষদ সচিব।