শেষ পর্যন্ত মূল্যস্ফীতির হার বার্ষিক লক্ষ্যমাত্রার সীমা অতিক্রম করে গেল। এমনটা যে হবে তা অবশ্য কয়েক মাস আগেই নিশ্চিত হওয়া গিয়েছিল। তাই সদ্য সমাপ্ত ২০১২-১৩ অর্থবছরের মূল্যস্ফীতির বার্ষিক গড় হার সরকারের ৭ দশমিক ৫০ শতাংশের সীমা ছাড়িয়ে ৭ দশমিক ৭০ শতাংশে গিয়ে ঠেকেছে। যদিও এই হার ২০১১-১২ অর্থবছরের ১০ দশমিক ৬২ শতাংশের তুলনায় অনেক কম। সে বিবেচনায় সরকার কিছুটা পরিতৃপ্তির ঢেকুর তুলতে পারে। বলতে গেলে কয়েক মাস ধরেই মূল্যস্ফীতির হার ছিল নিম্নমুখী। সেই ধারাবাহিকতায় অর্থবছরের শেষ মাস জুনে এসে তা আরও কমে। ফলে সার্বিক মূল্যস্তরও আগের চেয়ে নিচের দিকে নেমে আসে। এতে প্রতীয়মান হয় যে জনজীবনে দ্রব্যমূল্যজনিত চাপ কিছুটা প্রশমিত হয়েছে। নানা নেতিবাচক পরিস্থিতিতেও গত অর্থবছরে সরকারের জন্য এটি একটি স্বস্তিদায়ক অর্জন। তবে এর কারণ ও প্রতিক্রিয়া বুঝতে গেলে মূল্যস্ফীতির গোটা বিষয়টি আরও কিছু বিশ্লেষণের দাবি রাখে।বস্তুত অর্থনীতির সামগ্রিক গতিময়তা সম্প্রতি শ্লথ হয়ে পড়েছে। এক দিকে বিনিয়োগ ও উৎপাদন কমেছে, অন্যদিকে কমেছে চাহিদা। রাজনৈতিক অস্থিরতা ও সরকারের সামষ্টিক অর্থনীতি ব্যবস্থাপনাজনিত দুর্বলতা যখন বিনিয়োগ ও উৎপাদনকে কমিয়েছে, তখন মূল্যস্ফীতিকে প্রশমন করতে চাহিদা নিয়ন্ত্রণের দিকে জোর দেওয়া ছাড়া সরকারের হাতে বিকল্প কিছু ছিল না। তাই কেন্দ্রীয় ব্যাংকের নিয়ন্ত্রণমূলক মুদ্রানীতির মাধ্যমে অর্থপ্রবাহ তথা ঋণের জোগান কমানোর উদ্যোগটি ছিল যথেষ্ট দৃশ্যমান। চেষ্টা ছিল, বেসরকারি খাতে যেন ঋণ কিছুটা কম যায়। আর এই ঋণপ্রবাহ কমাতে গিয়ে কিছু খাতকে বঞ্চিত হতে হয়েছে, আগের চেয়ে কম ঋণ মিলেছে। স্বাভাবিকভাবেই এটা সার্বিক উৎপাদনের ওপর প্রভাব ফেলেছে। এর সঙ্গে রাজনৈতিক অস্থিরতা ও আর্থিক খাতের সাম্প্রতিক কেলেঙ্কারি ও অনিয়ম। এগুলো নতুন বিনিয়োগকে যেমন নিরুৎসাহিত করেছে, তেমনি বিদ্যমান বিনিয়োগের প্রয়োজনীয় সম্প্রসারণেও সহায়ক হয়নি। সব মিলিয়ে অর্থনীতির গতি বেশি মাত্রায় শ্লথ হয়ে পড়েছে। মূল্যস্ফীতি প্রশমনে এতটা দরকার ছিল কি না, তা খতিয়ে দেখা যেতে পারে।অর্থনীতি শ্লথ হওয়ার বিষয়টি তো প্রবৃদ্ধির হার কমে যাওয়ার মধ্য দিয়েই প্রতিফলিত হয়েছে। ২০১২-১৩ অর্থবছরে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধির হার হয়েছে ৬ দশমিক শূন্য ৩ শতাংশ, যা তার আগের বছর ছিল ৬ দশমিক ২১ শতাংশ। তাই উল্টোভাবেও বলা যেতে পারে যে প্রবৃদ্ধির জন্য গতিময়তা তৈরি করতে ব্যর্থ হয়ে সরকার বোধ হয় মূল্যস্ফীতি প্রশমনের দিকেই বেশি নজর দিয়েছে। কিন্তু মূল্যস্ফীতির হার নিম্নমুখী হওয়ার মধ্য দিয়ে সাধারণ মানুষের ওপর চাপ বাস্তবে কতটা কমেছে, তা-ও যাচাই করে দেখা দরকার। শ্লথ অর্থনীতিতে নিম্নমূল্যস্ফীতি নিয়ে স্বস্তি হয়তো দীর্ঘস্থায়ী হবে না।