সার্বিক বিচারে বাংলাদেশ চিকিৎসাসেবায় অনেক উন্নতি করেছে। কিন্তু একই সঙ্গে উল্লেখযোগ্যসংখ্যক হাসপাতাল ও ক্লিনিকে পেশাগত বিশৃঙ্খলা ও অনিয়ম চরমে উঠেছে। তিন হাসপাতালে র্যাবের অভিযান চালিয়ে অনিয়ম ও প্রতারণার অভিযোগে জেল-জরিমানা করাটা ইঙ্গিত দিচ্ছে যে দেশের স্বাস্থ্যব্যবস্থা রুগ্ণ হয়ে পড়েছে, এর জরুরি চিকিৎসা দরকার। র্যাবের ভ্রাম্যমাণ আদালত দিয়ে এর কার্যকর নিরাময় সম্ভব নয়।
এসব বিষয়ের দেখভালের জন্য নিয়োজিত বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলকে (বিএমডিসি) উদ্যোগী হতে হবে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, বিএমডিসির অভ্যন্তরীণ প্রশাসনিক ব্যবস্থা সন্তোষজনক পর্যায় থেকে এখনো অনেক দূরে। চিকিৎসাক্ষেত্রে দীর্ঘদিন ধরে নানা ধরনের জাল-জালিয়াতি ও প্রতারণা ডালপালা বিস্তার করলেও এই সংস্থা খুব বিরল ক্ষেত্রে আইনানুযায়ী কঠোর ব্যবস্থা নিয়ে থাকে। এক দশকের বেশি সময় ধরে সংস্থাটি আইনগতভাবে প্রশ্নবিদ্ধ কমিটি নিয়ে একটি শিথিল ও নির্জীব প্রশাসন নিয়ে কাজ করেছে। এরপর অল্প কয়েক বছর আগে যখন তারা নতুন কমিটি করল, তারপরও চিকিৎসাক্ষেত্রের অব্যাহত জাল-জালিয়াতির বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে আগের মতোই শিথিল মনোভাব দেখিয়ে চলছে বলে প্রতীয়মান হয়। একটি সংবিধিবদ্ধ সংস্থা হিসেবে চিকিৎসাশিক্ষায় উচ্চ মান বজায় রাখাই নয়, চিকিৎসাসেবার যথাযথ মান সংরক্ষণ করাও বিএমডিসির প্রধান দায়িত্ব।
বিশেষজ্ঞদের তালিকায় মৃত চিকিৎসক!বিশেষজ্ঞদের তালিকায় মৃত চিকিৎসকের নাম রাখা হাসপাতাল প্রশাসন পরিচালনায় অযত্ন ও গাফিলতিরই পরিচায়ক। ভুয়া চিকিৎসক, ডিগ্রি প্রতারণা, চিকিৎসকের স্বাক্ষর জাল করে প্যাথলজি প্রতিবেদন তৈরি, অননুমোদিত হাসপাতালে নিবন্ধিত চিকিৎসকদের কাজ করার মতো যেসব অপরাধ সংঘটনের তথ্য র্যাব অভিযানে উদ্ঘাটিত হয়েছে, তা অভিনব নয়। স্বাস্থ্য অধিদপ্তরের কাছে এসব বিষয়ে অভিযোগের পাহাড় জমলেও যথাযথ কর্তৃপক্ষের দ্বারা এর কোনো প্রতিকার নেই। আমরা র্যাব অভিযানের সাফল্য কামনা করি। তবে আশা করব, স্বাস্থ্য–বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটি বিএমডিসির জবাবদিহি নিশ্চিত করবে। এ বিষয়ে সংসদীয় কমিটি ভুক্তভোগীদের অংশগ্রহণনির্ভর গণশুনানির উদ্যোগ নিতে পারে।