মৃত শ্রমিকদের ক্ষতিপূরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত সাত বছরে বিদেশে কর্মরত অবস্থায় মারা যাওয়া বাংলাদেশি শ্রমিকদের ৭৫ শতাংশের পরিবারের কোনো ধরনের ক্ষতিপূরণ না পাওয়ার বিষয়টি খুবই দুঃখজনক। পরিবারের উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে এসব পরিবার এমনিতেই অসুবিধায় পড়ে যায়। তার ওপর ক্ষতিপূরণ না পেলে তাদের অবস্থা কী হয়, তা সহজেই অনুমেয়।
গতকাল প্রথম আলোয় প্রকাশিত খবর অনুযায়ী, ২০০৯ থেকে ২০১৭ সাল পর্যন্ত বিদেশ থেকে ১৮ হাজার ৪২৯ জন শ্রমিকের মৃতদেহ এসেছে। কিন্তু বিদেশে নিয়োগকারী কর্তৃপক্ষের কাছ থেকে ক্ষতিপূরণ পেয়েছে সাড়ে ৪ হাজার শ্রমিকের পরিবার। অভিবাসী শ্রমিকদের মতে, বিদেশে নিয়োগকারী কর্তৃপক্ষের সঙ্গে চুক্তির দুর্বলতা, জনশক্তি রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলোর ওপর প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের নজরদারির অভাব এবং বিদেশে বাংলাদেশ দূতাবাসগুলোর নিষ্ক্রিয়তা এর জন্য দায়ী।
বিদেশে নিয়োগকারী কর্তৃপক্ষের সঙ্গে চুক্তি অনুযায়ী, বাংলাদেশের শ্রমিকদের বৈধ হতে হবে এবং তাঁরা শুধু কর্মক্ষেত্রে দুর্ঘটনায় মারা গেলে তাঁদের পরিবার ক্ষতিপূরণ পাওয়ার যোগ্য হবে। কিন্তু পরিসংখ্যানে দেখা গেছে, কর্মক্ষেত্রে দুর্ঘটনা বা সড়ক দুর্ঘটনায় শ্রমিকদের মৃত্যুর হার খুব কম। হৃদ্রোগ ও মস্তিষ্কের রক্তক্ষরণে বেশির ভাগ শ্রমিক মারা গেছেন। এ ছাড়া যেসব পরিবার ক্ষতিপূরণ পাওয়ার যোগ্য, তাঁদেরও তা পাওয়ার জন্য বছরের পর বছর ঘুরতে হচ্ছে। ক্ষতিপূরণের জটে পড়ে মৃত শ্রমিকদের স্বজনদের এই ভোগান্তি কোনোভাবেই কাম্য নয়। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় তাহলে কী করছে? জনশক্তি রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলোর ওপর তাদের নজরদারি নেই কেন? জনশক্তি রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলোই বা কেন শ্রমিকদের স্বার্থবিরোধী চুক্তি করে?
প্রথম আলোর খবর অনুযায়ী, অসাধু জনশক্তি রপ্তানিকারক প্রতিষ্ঠানের প্রতারণার কারণে বহু বৈধ শ্রমিক বিদেশে গিয়ে অবৈধ হচ্ছেন। তাঁরা মারা গেলে তাঁদের স্বজনেরা কোনো ক্ষতিপূরণ পান না। কিন্তু এ রকম তো দিনের পর দিন চলতে পারে না। সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলোকে অবশ্যই এ ব্যাপারে নজর দিতে হবে। বিদেশে মারা যাওয়া শ্রমিকদের স্বজনেরা যাতে ক্ষতিপূরণ পান, সে জন্য বিদেশে নিয়োগকারী কর্তৃপক্ষের সঙ্গে দুর্বল চুক্তি করা যাবে না। শ্রমিকেরা যে কারণেই মারা যাক না কেন, তাঁদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার শর্ত থাকতে হবে চুক্তিতে। দূতাবাসগুলোকেও শ্রমিকদের স্বার্থের দিকটি সবার আগে দেখতে হবে।