নদীর মতো বড় একটি খাল কীভাবে দিনে দিনে তার অস্তিত্ব হারিয়ে ফেলছে, এর প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে গাজীপুরের শ্রীপুর উপজেলার ওপর দিয়ে বয়ে যাওয়া লবলং খাল। শিল্পকারখানার বিষাক্ত বর্জ্যে খালটি এখন মৃতপ্রায়। কিন্তু তা যেন দেখার কেউ নেই।
বুধবার প্রথম আলোয় প্রকাশিত খবর অনুযায়ী, উপজেলার বহেরারচালা গ্রামে লবলং খালের পাশ ঘেঁষে গড়ে উঠেছে এক্স সিরামিকস নামের একটি কারখানা। এই কারখানার তরল বর্জ্য পাইপের মাধ্যমে সরাসরি খালে পড়ছে। খালের চারটি পয়েন্টে কারখানার প্লাস্টিকের পরিত্যক্ত বস্তা, প্লাস্টিকজাত বিভিন্ন যন্ত্রাংশ, ভাঙা তৈজসপত্রসহ অন্যান্য বর্জ্য খালে ফেলা হচ্ছে। সরকারি খালে ব্যক্তিগত উদ্যোগে কালভার্ট তৈরির নিয়ম না থাকলেও এই খালের এক জায়গায় তিনটি কালভার্ট তৈরি করেছে এক্স সিরামিকস। তার ওপর বালুর বস্তা দিয়ে রাস্তা তৈরি করেছে প্রতিষ্ঠানটি। কালভার্টের কারণে জমিতে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় গত মৌসুমে এলাকার প্রায় ৪০০ বিঘা জমিতে ধান চাষ করতে পারেননি কৃষকেরা। এক পাশে পলি জমে খালের গভীরতাও কমে গেছে। খালটির দুপাশে কারখানার নিজস্ব জায়গায় মাটি ভরাটের কাজ করায় চারটি পয়েন্টে খালটির প্রস্থ কমে প্রায় ১০ ফুট হয়ে গেছে। স্থানীয় কয়েকটি পোলট্রি খামারের মরা মুরগি এই খালে ফেলা হয়। এ ছাড়া বহেরারচালা গ্রামের আশপাশে গড়ে ওঠা কয়েকটি কারখানা তাদের বর্জ্য ও রংমিশ্রিত পানি নালার মাধ্যমে লবলং খালে ফেলছে।
একটি খালের ওপর যদি এভাবে অত্যাচার করা হয়, তাহলে তা টিকবে কীভাবে? কিন্তু পরিতাপের বিষয় হচ্ছে এ নিয়ে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিআইডব্লিউটিওর কোনো মাথাব্যথা নেই। কবে তাদের টনক নড়বে? স্থানীয় প্রশাসনও নির্বিকার। অথচ দেখা যায় স্থানীয় প্রশাসনের কাছ থেকে তাগিদ এলে অনেক কাজ সহজে হয়।
তবে শুধু লবলং খাল নয়, সারা দেশে এ রকম অনেক খাল, নদ-নদী দখল-দূষণের কবলে পড়ে হারিয়ে যাচ্ছে। খাল ও নদীর তীরে স্থাপিত শিল্প-কারখানার বর্জ্যে বিষাক্ত হচ্ছে পানি। অন্যদিকে তীর দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ করায় সংকুচিত হচ্ছে সেগুলো। তবে আশার কথা হচ্ছে বিভিন্ন পরিবেশবাদী সংগঠন ও সচেতন নাগরিকদের মানববন্ধনসহ বিভিন্ন আন্দোলন কর্মসূচির ফলে অনেক খাল ও নদী দখলমুক্ত হয়েছে এবং হচ্ছে।
শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহেনা আকতার এবং গাজীপুরের জেলা প্রশাসক দেওয়ান মোহাম্মদ হুমায়ূন কবির বলেছেন, তাঁরা দ্রুত এ ব্যাপারে ব্যবস্থা নেবেন। আমরা আশা করছি তাঁরা তাঁদের কথা রাখবেন। তাঁরা লবলং খাল রক্ষায় প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবেন।