মৃত্যু ও ঝুঁকি ঠেকাতে জরুরি কর্মসূচি চাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহে ৪০ দিনে চার প্রসূতির মৃত্যু হয়েছে কেবল একটি ক্লিনিকে; মৃত্যুর ঝুঁকিতে রয়েছেন আরও পাঁচজন। প্রায়ই দেশের বিভিন্ন ক্লিনিকে অবহেলা ও ভুল চিকিৎসায় প্রসূতি ও শিশুর মৃত্যুর সংবাদ পাওয়া যায়। বেশির ভাগ ক্ষেত্রেই প্রসব করানো খুব জটিল কাজ নয়, সর্বক্ষেত্রে অস্ত্রোপচারের প্রয়োজনও হয় না। তারপরও এত মৃত্যু ঘটায় বোঝা যায়, প্রসবের মতো মানবের গুরুত্বপূর্ণ ও আবেগজড়িত সেবায় ক্লিনিক ও হাসপাতাল কর্তৃপক্ষ কতটা অবহেলা করে।
মূলত সরকারি হাসপাতালের ধারণক্ষমতা কম থাকাতেই দেশজুড়ে লাখো ক্লিনিক গড়ে উঠেছে। কয়েকটি কক্ষ ও কয়েকজন চিকিৎসক এবং কিছু যন্ত্রপাতি সম্বল করেও চলতে পারছে অজস্র ক্লিনিক। চিকিৎসকেরা সর্বক্ষেত্রেই নিরঙ্কুশ সাফল্য পাবেন—এ দাবিও করা হচ্ছে না। কিন্তু ন্যূনতম কিছু শর্ত মানা হবে, প্রসবকালে অবেদন (অ্যানেসথেসিয়া) করার যন্ত্র ও অবেদনবিদ থাকবেন, অস্ত্রোপচারের সময় যথাযথ পরিচ্ছন্নতা ও জীবাণু-সতর্কতা বজায় রাখা তো জরুরি। ঝিনাইদহের ওই ক্লিনিকে এর কোনোটিই ছিল না।
মঙ্গলবার প্রথম আলোয় প্রসূতি মৃত্যুর সংবাদ প্রকাশিত হওয়ার পর জেলার সিভিল সার্জন সেই ক্লিনিক পরিদর্শন করে সিলগালা করে দিয়েছেন বটে। আমাদের প্রশ্ন, এই কাজটি আগে করা হয়নি কেন? জেলার স্বাস্থ্যসেবার দেখভাল করার দায়িত্ব তো তাঁর দপ্তরের? দেশের সব সিভিল সার্জন ও স্বাস্থ্য অধিদপ্তরের যা করণীয়, তা কি ঠিকমতো করা হচ্ছে?
প্রসবকালে মা ও শিশুর মৃত্যু রোধে বাংলাদেশের যে অগ্রগতি, তা এভাবে বিনষ্ট হতে দেওয়া যায় না। দেশের সরকারি ও বেসরকারি চিকিৎসাকেন্দ্রগুলোতে গাফিলতির চিত্র প্রতিনিয়ত গণমাধ্যমে আসছে। আরও অবনতি মানে আরও আরও মৃত্যু। মৃত্যু ও দুর্ভোগের বিরুদ্ধে স্বাস্থ্য মন্ত্রণালয়ের জরুরি কর্মসূচি চাই।