মানুষ কতটা নিষ্ঠুর আর কতটা অমানুষ হলে সাভারের ভয়াবহ দুর্যোগ নিয়ে বাদানুবাদ করতে পারেন। একজন আরেকজনের ঘাড়ে দোষ চাপিয়ে পার পাওয়ার চেষ্টা চালাতে পারেন। ক্ষমতাধর এ মানুষগুলোর মনে সামান্য দয়ামায়া থাকলে এমন কাজ করতে পারতেন না। সবকিছু নিয়ে রাজনীতি করা গেলেও মানুষের জীবন ও মৃত্যু নিয়ে রাজনীতি কাম্য হতে পারে না।রাজনীতিকেরা হবেন অন্য যেকোনো মানুষের চেয়ে অধিক হূদয়বান, সংবেদনশীল। মানুষের বিপদে-আপদে তাঁরাই ছুটে যাবেন সবার আগে। কিন্তু এখন দেখা যাচ্ছে, দুর্যোগ মোচনের চেয়ে দুর্যোগ তৈরিতেই তাঁরা সিদ্ধহস্ত। কেউ অপরাধীকে আশ্রয়-প্রশ্রয় দেন, কেউ বা শাস্তি না পাওয়ার ব্যবস্থা করেন। সরকারি ও বিরোধী দল কেউ-ই এখন মানুষের নিরাপত্তা নিয়ে ভাবে না। ক্ষমতা রক্ষা এবং ক্ষমতা পাওয়ার জন্য তারা সদা উদ্গ্রীব।তিন মাস ধরে দেশে আন্দোলন করা কিংবা আন্দোলন ঠেকানোর নামে যা চলেছে, তাকে কোনোভাবেই সুস্থ ও জনকল্যাণমুখী রাজনীতি বলা যায় না। কেউ খেলার নিয়ম মানছে না। আইন মানছে না। যেন হীরক রাজার দেশ। সব পেয়েছির রাজত্ব। না হলে এক ছিঁচকে সন্ত্রাসী কী করে সাংসদের ডান হাত হন? কীভাবে তিনি ডোবাকে বহুতল ভবনে রূপান্তর করেন? কীভাবে বিজিএমইএ ও শিল্প পুলিশের নিষেধাজ্ঞা সত্ত্বেও পোশাকশিল্পের মালিকেরা কারখানা খোলেন। এখানেই শেষ নয়। আগের দিন ভবনে ফাটল দেখা দেওয়ার কারণে যে শ্রমিকেরা বাড়ি চলে গিয়েছিলেন, পরদিন তাঁদেরই পিটিয়ে, ভয় দেখিয়ে কারখানা নামের মৃত্যুপুরিতে ঢোকানো হয়েছিল। এ কারণেই এটি দুর্ঘটনা নয়, হত্যাকাণ্ড। রাজনৈতিক অঙ্গনে কিছুদিন ধরে ‘গণহত্যা’ নিয়ে প্রবল বিতর্ক উঠেছিল। এবার আমরা সত্যিকার ‘গণহত্যা’ প্রত্যক্ষ করলাম। মুহূর্তে তিন শতাধিক মানুষের জীবনপ্রদীপ নিভিয়ে দেওয়া হলো। আমরা অদ্ভুত এক রাষ্ট্রে বাস করছি। এখানে গরিব পোশাকশ্রমিক এক বেলা কামাই করলে চাকরি হারান। আর ক্ষমতাধর ভবন ও পোশাকশিল্পের মালিক শত শত শ্রমিককে নিশ্চিত মৃত্যুর মুখে ঠেলে দিয়েও রেহাই পান। সরকার তাঁদের খুঁজে পায় না। খুঁজে পেলেও জামিন পেতে অসুবিধা হয় না।হে মহামহিম রাজনীতিবিদ-মন্ত্রী-নেতারা, আপনাদের কাছে হাতজোড় করে বলি, এখন ঝগড়া করার সময় নয়। আপনারা ঝগড়া করার অনেক সময় পাবেন, হরতাল ডাকারও সময় পাবেন। এখন এই বিপন্ন ও বিধ্বস্ত মানুষগুলোকে বাঁচান। যেসব হতভাগ্য শ্রমিক মারা গেছেন, স্বজনদের কাছে তাঁদের লাশটি পৌঁছে দেওয়ার সুযোগ দিন। যে স্বজনেরা দিনাজপুর থেকে বা বরিশাল থেকে সাভারের উদ্দেশে রওনা হয়েছেন, তাঁদের পথ আটকাবেন না।আর যাঁরা এ দেশের মানুষের জীবন ও ধর্ম হেফাজতের দায়িত্ব নিয়েছেন, তাঁরাও সেই দায়িত্ব পালনের অনেক সময় পাবেন। কিন্তু এখন সব কর্মসূচি বাতিল করে সাভারের বিপন্ন মানুষগুলোর পাশে দাঁড়ান। আটকে পড়া মানুষগুলোকে উদ্ধারের চেষ্টা করুন। প্রতিবাদী নারী সংগঠনগুলো ২৭ এপ্রিলের কর্মসূচি স্থগিত করেছে। যাঁদের নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় তাঁরা কর্মসূচি নিয়েছিলেন, তাঁরা এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। সারা দেশে পোশাকশ্রমিকেরা ফুঁসে উঠেছেন। তাঁরা এত দিন বেতন-ভাতার জন্য রাস্তায় নেমেছিলেন। এখন নেমেছেন সহকর্মী ও নিজেদের নিরাপত্তার দাবিতে, ঘাতকের গ্রেপ্তারের দাবিতে। এ তো জীবনের দাবি। এ মুহূর্তে সবার প্রথম ও প্রধান কর্তব্য মানুষগুলোকে বাঁচানো, চিকিৎসাসেবা দিয়ে, খাদ্য দিয়ে, পোশাক দিয়ে। যাঁরা বেঁচে আছেন, তাঁরা যাতে মৃত ব্যক্তিদের ঈর্ষা না করেন, সে জন্য একটু মানবিক হোন। একটু সাহায্যের হাত বাড়ান। উজ্জ্বল নামের গাজীপুরের সেই রাজমিস্ত্রির কথায় বলতে হয় ‘মানুষের জন্যই মানুষ’। এক দিন কাজে না গেলে যাঁর আহার জোটে না, তিনিও সাভারে ছুটে এসেছেন বিপন্ন মানুষগুলোকে উদ্ধার করতে। ছুটে এসেছেন আরও অনেক সাধারণ ও শ্রমজীবী মানুষ। আর রাজনীতিকেরা খেয়োখেয়িতে ব্যস্ত হয়ে পড়েছেন। তাঁরা সবকিছুই দেখছেন ক্ষমতার হাতিয়ার হিসেবে। লাশও তাঁদের কাছে ক্ষমতায় যাওয়ার ও থাকার হাতিয়ার ছাড়া কিছু নয়।দুই.খরা, বন্যা, ঘূর্ণিঝড়ের এ দেশে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় মানুষ বরাবরই অভ্যস্ত, তারা প্রকৃতির সঙ্গে খাপ খাইয়ে চলার চেষ্টা করে। কখনো কখনো প্রকৃতির রুদ্র রোষ রুখে দিতে তারা সর্বশক্তি নিয়োগ করে। কখনো জয়ী হয়, কখনো হয় না। কিন্তু হার মানে না। তারা আইলা, সিডরের আঘাতে আক্রান্ত হয়। নদীর ভাঙনে কিংবা বন্যার ছোবলে সবকিছু হারায়। আবার জেগে ওঠে। বাঁচার অবলম্বন খুঁজে নেয়। ফিনিক্স, স্পেকট্রাম, তাজরীনের পর সাভারের মহাবিপর্যয়ও হয়তো মানুষ একদিন কাটিয়ে উঠবে। কিন্তু রাজনীতির যে দুর্যোগ, সেই দুর্যোগ থেকে সম্ভবত আমাদের মুক্তি নেই। উদ্ধার নেই।সম্প্রতি সাভারে ঘটে যাওয়া মানবসৃষ্ট দুর্যোগটি রাজনীতিকেরা যে কীভাবে দেখছেন, তার ময়নাতদন্ত করা যেতে পারে। এ রকম অভূতপূর্ব, প্রাণঘাতী দুর্যোগ মোকাবিলায় যেখানে সমগ্র জাতির এককাট্টা হয়ে দুস্থ ও বিপন্ন মানুষের পাশে দাঁড়ানো দরকার ছিল, সেখানেও দলীয় বিভাজন ও কাদা-ছোড়াছুড়ি প্রকট হয়ে উঠেছে। দুই দলই একে ক্ষুদ্র রাজনৈতিক স্বার্থে ব্যবহারের নগ্ন প্রতিযোগিতায় নেমেছে।প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্যোগের পর হরতাল প্রত্যাহার করায় বিরোধী দলকে ধন্যবাদ জানিয়েছেন। একই সঙ্গে তিনি এ-ও বলেছেন, এ মুহূর্তে কাউকে শাস্তি দেওয়ার চেয়ে আটকে পড়া মানুষগুলোকে রক্ষা করা জরুরি। কিন্তু প্রধানমন্ত্রীর কথায় মানুষ তখনই আশ্বস্ত হতে পারছে না। অতীতে এ ধরনের ঘটনায় কেউ শাস্তি পেয়েছে, এমন দৃষ্টান্ত নেই। তিনি প্রকৌশলী ও বুদ্ধিজীবীদের টিভি টক শোতে সময় নষ্ট না করে দুর্ঘটনাকবলিত মানুষকে উদ্ধারে সহায়তা করার আহ্বান জানিয়েছেন। তাঁর এ আহ্বানের সঙ্গে আমরা দ্বিমত করছি না। কিন্তু তাঁর দলের কজন নেতা-মন্ত্রী, সাংসদ ঘটনাস্থলে গিয়েছেন? কেন দলের সাধারণ সম্পাদক ঘটনাস্থলে গেলেন না? কেন দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রীকে এত বড় দুর্যোগের সময় মানুষ পাশে পেল না?প্রধানমন্ত্রী গত বৃহস্পতিবার যখন সংসদে বক্তব্য দিচ্ছিলেন, অধিকাংশ আসন ফাঁকা ছিল। এ রকম নিষ্প্রাণ ও অকার্যকর অধিবেশন আর দেখা যায়নি। সংসদে উল্লেখযোগ্যসংখ্যক ব্যবসায়ী ও পোশাকশিল্পের মালিক আছেন। এ ঘটনায় তাঁরা লজ্জিত হতে পারেন। কিন্তু অন্যরা কেন আসেননি? আগে প্রধানমন্ত্রী বা সংসদের নেতা সংসদে উপস্থিত থাকলে দলীয় বা জোটীয় সাংসদেরা হাজির থাকতেন। কিন্তু এখন সংসদের নেতার উপস্থিতিও তাঁদের সংসদে টানতে পারছে না। সরকারি দলের সাংসদেরা মনে করতেন, বিরোধী দলের মুষ্টিমেয় সদস্য গরহাজির থাকলে কী আসে-যায়। এখন দেখা যাচ্ছে, সরকারি দলের সাংসদেরাও আসেন না। বেলাশেষের ডুবন্ত তরিতে ভরসা পাচ্ছেন না। কয়েক দিন আগে আমরা দেশজুড়ে জামায়াত-শিবিরের তাণ্ডব অবলোকন করলাম, তারপর নারায়ণগঞ্জের ত্বকী হত্যার ঘটনা ঘটল; তারপর আরও হত্যাকাণ্ড, আরও মৃত্যু, আরও সংহার, আরও প্রাণহানি। আবারও বলছি, নির্বাচন, ক্ষমতা দখলের হিসাব-নিকাশ অনেক করা যাবে, কিন্তু এখন বিপন্ন-বিধ্বস্ত মানুষগুলোকে উদ্ধার করুন। আহত ব্যক্তিদের চিকিৎসার ব্যবস্থা করুন, নিহত ব্যক্তিদের সৎকারের ব্যবস্থা করুন। আর সেই দুর্বৃত্তদের ধরুন, যাদের কারণে এ বিপর্যয়ের সৃষ্টি হয়েছে। এই যে সাভারে কয়েক শ মানুষ নির্মম মৃত্যুর শিকার হলেন, এর জন্য কে দায়ী? কেবলই সোহেল রানা নামের এক দুর্বৃত্ত? কেবলই কয়েকজন মুনাফালোভী পোশাকশিল্পের মালিক? যে সরকার, যে প্রশাসন, যে রাজনীতির এসব অন্যায় বন্ধ করার কথা; তারা তা পারেনি। রাজনীতিকেরা গরিব পোশাকশ্রমিকদের ভোট নিয়ে ক্ষমতায় এসে তাদেরই হাত শক্তিশালী করেছে, যারা তাঁদের অবলীলায় মৃত্যুর মুখে ঠেলে দেয়। এই সমাজ, এই প্রশাসন, এই মালিক, এই সরকার, এই বিরোধী দল—সবার কাছে এই গরিব পোশাকশ্রমিকেরা কেবলই সংখ্যা। কেবলই মুনাফা-লোকসানের হিসাব। তারা সম্মিলিতভাবে এই শ্রমিকদের ঠেলে দিয়েছে ‘অন্ধ মৃত্যুকূপে’।সিরাজউদ্দৌলার ‘অন্ধ কূপ’ কাহিনি মিথ্যা প্রমাণিত হলেও ২৫০ বছর পর স্বাধীন বাংলাদেশে আমরা একটি নয়, অসংখ্য ‘মৃত্যুকূপ’ নির্মাণ করে চলেছি, যাতে আত্মাহুতি দিয়েছেন ডলার কন্যাখ্যাত বাংলাদেশের গরিব মেয়েরা। আমাদেরই বোন ও সন্তানেরা।রাষ্ট্র হিসেবে বাংলাদেশ কার হেফাজত করবে—এই ‘গরিব পোশাকশ্রমিকদের, নাকি যারা তাঁদের বারবার মৃত্যুকূপে ঠেলে দিয়েছে? সোহরাব হাসান: কবি, সাংবাদিক। [email protected]