ঈদ এলেই চলাচলে নেমে আসে মৃত্যুর করাল ছায়া। এবার ঈদযাত্রার দুর্ঘটনায় নিহত হয়েছেন ২৬৫ জন। গত ঈদুল ফিতরে যখন আরও বেশিসংখ্যক মানুষ ঈদযাত্রা করেছিলেন, তখন এই সংখ্যা ছিল ১৮৬। এ তথ্য ভয়াবহ। মৃত্যু বাড়ছে, বাড়ছে না দায়িত্বশীলতা। মৃত্যুগুলো মানুষের, তাই মানুষেরই উচিত জীবনের ডাকে সাড়া দেওয়া। এটা বিশ্বাস্য নয় যে, সরকার চাইলে সড়ক, নৌ ও রেলপথকে আরও নিরাপদ করতে পারে না।
ঘরের মধ্যে ট্রাক ঢুকে পড়ে হত্যা করছে ঘুমন্ত দম্পতিকে। বুধবার রাতে বরিশালে তীরের কাছে লঞ্চডুবির ঘটনায় এ পর্যন্ত উদ্ধার হয়েছে ১৮টি লাশ; নিখোঁজ রয়েছেন অনেকে। এগুলো শুধু তথ্য ও পরিসংখ্যান নয়, মানুষের মৃত্যুর চালচিত্র। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি জানিয়েছে, দুর্ঘটনার ৯৪ শতাংশই ঘটে সড়কে। বাংলাদেশে সড়ক দুর্ঘটনার হার পৃথিবীর মধ্যেই অত্যন্ত বেশি। সড়ক দুর্ঘটনায় বার্ষিকভাবে কত লোক নিহত হয়? পুলিশের হিসাবে তিন-চার হাজার কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাবে তা ২০ থেকে ২১ হাজারের বেশি। যাত্রী কল্যাণ সমিতির হিসাবে ২০১৫ সালে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে ৮ হাজার ৬৪২ জন।
দুর্ঘটনার কারণগুলো তো অজানা নয়। বিশেষজ্ঞরা প্রধানত দায়ী করেন চালকের অতিরিক্ত গতি ও ওভারটেকের প্রবণতাকে। দেশে গাড়ির চেয়ে প্রশিক্ষিত চালক অনেক কম। মহাসড়ক থেকে ধীরগতির যানবাহন সরাতে বিকল্প সমান্তরাল রাস্তা বানানোর কোনো উদ্যোগ নেই। একাধারে চালকের প্রশিক্ষণ, অন্যদিকে দুর্ঘটনা ঘটানোর জন্য দায়ীদের শাস্তি নিশ্চিত করা। বুয়েটের গবেষণা বলছে, প্রায় ৭০ শতাংশ দুর্ঘটনা হয় মহাসড়কের মাত্র ৪ শতাংশ স্থানে। এর সমাধান কি অসম্ভব?
যোগাযোগমন্ত্রী দুর্ঘটনা আইন আরও কঠোর করা এবং দোষীদের শাস্তি নিশ্চিত করার কথা বলেছেন। অথচ সরকারের ভেতরে থাকা ক্ষমতাবান শ্রমিকনেতা ও মন্ত্রী নিজেই প্রকাশ্যে জনস্বার্থবিরোধী অবস্থান নিয়েছিলেন। ফলে সরকারকে করণীয় বিষয়ে কঠোর হতে হবে। জীবনের অপচয় ও অর্থনীতির এই রক্তক্ষরণ আর কত দেখবে বাংলাদেশ?