মেঘনায় লঞ্চডুবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের লঞ্চডুবির ঘটনায় আরেকবার প্রমাণিত হলো, বাংলাদেশের নৌপথ একটি মরণফাঁদ হয়েই টিকে আছে। দুর্ঘটনাকবলিত লঞ্চ ও লাশ উদ্ধার অভিযান এবং তিনটি তদন্ত কমিটি গঠনের সবটাই কার্যত দায়সারা ও লোক দেখানো। এই অপমৃত্যুর দায় সরকারও এড়াতে পারে না। এক বছরের কম সময়ের আগে ওই এলাকায় একটি তেলের ট্যাংকারে ধাক্কা লেগে এমভি শরীয়তপুর-৩ ডুবে প্রায় দেড় শ লোকের মৃত্যু হয়েছিল। সেই দুর্ঘটনার পর নৌপথে যাত্রীদের নিরাপত্তা দিতে যেসব পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়েছিল, তার কোনোটিই করা হয়নি।প্রতীয়মান হচ্ছে যে বালুবোঝাই নৌযানের সঙ্গে ধাক্কা লেগে সংঘটিত লঞ্চডুবিতে মৃতের সংখ্যা ৪০ জনের বেশি। কিন্তু ১৪টি লাশ উদ্ধারের পর কর্তৃপক্ষ উদ্ধারকাজের সমাপ্তি ঘোষণা করেছে। বাকি লাশের অপেক্ষায় থাকা আত্মীয়স্বজনের কাছে জবাবদিহি করার কেউ থাকবে না।বিআইডব্লিউটিএ, জেলা প্রশাসন ও লঞ্চ মালিক সমিতি—এই তিনটি প্রতিষ্ঠান মৃত ব্যক্তিদের ক্ষতিপূরণের হার ৫০ হাজার টাকা নির্দিষ্ট করেছে। ক্ষতিপূরণ দেওয়ার মনোভাব ইতিবাচক। কিন্তু এই দুর্ঘটনায় তাদের কার কী দায়, তাও চিহ্নিত হওয়া দরকার। দুর্ঘটনার প্রায় ১৮ ঘণ্টা পর লঞ্চ উদ্ধার করতে সক্ষম হওয়া এবং উদ্ধারকাজে পেশাদারি প্রদর্শনে ব্যর্থ হওয়ার অভিযোগ গুরুতর। অথচ এসব বিষয় দেখার কেউ নেই। দরিদ্র মানুষের জীবন এতই অকিঞ্চিৎকর যে প্রযুক্তি ও আধুনিকতার উৎকর্ষের যুগেও নৌ-চলাচলে যেমন, তেমনি নৌ-দুর্ঘটনা মোকাবিলায়ও বাংলাদেশ পিছিয়ে আছে। মান্ধাতার আমলের ব্যবস্থাপনা কৌশল আঁকড়ে আছে প্রশাসন। এসব বিষয় দুর্ঘটনার পুনরাবৃত্তি এড়ানো এবং নৌপরিবহন ক্ষেত্রে বিরাজমান ব্যবস্থাপনাগত বিশৃঙ্খলা ও দায়মুক্তির সংস্কৃতি থেকে বেরিয়ে আসা অপরিহার্য।আমরা মনে করি, সর্বশেষ লঞ্চডুবির দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ওই এলাকার বালুমহাল ইজারা দুর্নীতি, যার সঙ্গে নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জের জেলা প্রশাসন ও স্থানীয় প্রভাবশালীদের যোগসূত্র থাকার বিষয়টি খতিয়ে দেখার দাবি রাখে। সংসদ অধিবেশনরত অবস্থায় এই দুর্ঘটনা ঘটল। একটি উপযুক্ত সংসদীয় কমিটি নৌযান ব্যবস্থাপনা-সংশ্লিষ্ট সরকারি মহলের জবাবদিহি নিশ্চিত করার উদ্যোগ নিতে পারে।