গত মার্চে হঠাত্ করে মেজর জেনারেল মজিদ-উল-হক চলে গেলেন চিরদিনের জন্য না-ফেরার দেশে, মহাপ্রস্থানে। তাঁর মৃত্যু আমার মতো অনেকের কাছে, বিশেষ করে তাঁর স্বজনদের কাছে বেশ আকস্মিক ঠেকেছে। আমরা কেউ এমন আশঙ্কা করিনি। এমনটির জন্য কেউ প্রস্তুত ছিল না। এটি অপরিণত মৃত্যু, তা-ও নিশ্চয়ই কেউ বলবে না। তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর। কিন্তু মৃত্যুটি আকস্মিক এই অর্থে যে তাঁর দীর্ঘদিনের জীবনসঙ্গিনী জেবুননেসা মজিদ মাত্র ১০ দিন আগে ইন্তেকাল করেন।জেনারেল মজিদকে দেখেছি স্ত্রীর দীর্ঘ রোগশয্যায় অহর্নিশ শক্ত হয়ে তাঁর পাশে থাকতে, সাহস জোগাতে, পরিচর্যা করতে, বাঁচার প্রেরণা দিতে। স্ত্রীর তিরোধানে বৃদ্ধ জেনারেলকে লোকসমক্ষে ভেঙে পড়তে দেখিনি। তাঁর স্বভাবসুলভ সৌম্য-শান্ত মূর্তি নিয়ে তিনি শোকাহত অতিথিদের অভ্যর্থনা জানিয়েছেন, জানাজায় সবার উদ্দেশে কথা বলেছেন, দোয়া চেয়েছেন। বনানী সামরিক গোরস্থানে নিজ হাতে স্ত্রীকে সমাহিত করেছেন। তখন তাঁর পাশে থাকা আমরা কেউ এতটুকুও ভাবতে পারিনি যে এই মানুষটিও মাত্র কয়েক দিনের মধ্যে আমাদের ছেড়ে যাবেন। চলে যাবেন প্রিয়তমা স্ত্রীর কাছে। দুটি মৃত্যুই এত কাছাকাছি ভেবে অবাক হই। তাঁরা সমাহিতও হয়েছেন একই জায়গায় অত্যন্ত পাশাপাশি। জেনারেল মজিদের সহোদর কমল সিদ্দিকী আমার বন্ধু। তিনি বীর মুক্তিযোদ্ধা ও বীর উত্তম আমার ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির সহপাঠী। তিনি আমাকে বলছিলেন, জেনারেল মজিদ কোমার মধ্যে বারবার তাঁর স্ত্রীর সুপ্রিয় নামটি বিড়বিড় করে মৃদু উচ্চারণ করছিলেন। আমরা শোকাহত তাঁর গুণমুগ্ধরা, তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি। জেনারেল মজিদের বর্ণাঢ্য এক দীর্ঘ জীবন, এক সুদীর্ঘ জীবনপরিক্রমণ। এক বিশাল ক্যানভাসে বিচিত্র রঙ্গে রঞ্জিত শিল্পীর হাতের আঁকা ছবি। সেখানে সবুজের অনেক সমারোহ, সমারোহ লালের, লালিমার সোনালির। কিন্তু ঊষর-ধূসর রংফিকা কিছু জায়গাও। বহুমাত্রিক প্রতিভার বিকাশ ঘটিয়েছিলেন জেনারেল মজিদ। জন্মেছিলেন পদ্মা, ইছামতীবিধৌত মাগুরায়। শৈশব-কৈশোর কাটে ব্রিটিশ ভারতের রাজধানী দিল্লিতে। লেখাপড়া করেন রাইসিনা হিলসে অবস্থিত বর্তমান ভারতের রাষ্ট্রপতি ভবনের সন্নিকটে রাইসিনা হাইস্কুলে। পড়তে চেয়েছিলেন ইংরেজি সাহিত্য। পিতার অকালমৃত্যু জ্যেষ্ঠ পুত্রকে ঠেলে দেয় ইঞ্জিনিয়ারিং পড়তে সংসারের ভাবী গুরুদায়িত্ব পালনে। কলকাতার শিবপুর ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে সদ্য স্নাতক সিভিল ইঞ্জিনিয়ার তরুণ মজিদ-উল-হক দেরাদুন মিলিটারি একাডেমিতে যোগদান করেন।১৯৪৭ সালে দেশ বিভক্তির সময় প্রশিক্ষণরত সামরিক ক্যাডেট মজিদ পাকিস্তান সেনাবাহিনীর সদর দপ্তর রাওয়ালপিন্ডিতে প্রত্যাবর্তন করেন এবং কোর অব ইঞ্জিনিয়ার্সে কমিশনপ্রাপ্ত হন। অত্যন্ত চৌকস পেশাদক্ষ ও বুদ্ধিদীপ্ত তরুণ অফিসার মজিদ গোটা সেনাবাহিনীর দৃষ্টি কেড়ে নেন। তিনি প্রতিযোগিতায়, প্রশিক্ষণে সবাইকে ডিঙিয়ে তরতর করে সিঁড়ি বেয়ে ওপরে উঠতে থাকেন একমাত্র স্বীয় মেধা, পরিশ্রম আর নিষ্ঠাবলে। পাকিস্তানে তাঁর সময় তিনি সবচেয়ে উচ্চশিক্ষা ও প্রশিক্ষণ সম্পন্ন (যুক্তরাষ্ট্রের স্টাফ কোর্স, অ্যাডভান্স ইঞ্জিনিয়ারিং কোর্স, ওয়ার কলেজ) পেশাদার অফিসার-সবার অনুকরণীয় ও অনেকের ঈর্ষণীয়। পাকিস্তান সেনাবাহিনীতে তিনি অনেক বড় বড় দায়িত্ব পালন করেছেন। তাঁর অন্যতম দৃষ্টান্ত পাকিস্তান চীনের সংযোগপথ (স্ট্রাটেজিক হাইওয়ে), যা সোয়াত, গিলগিত, হুঞ্জা হয়ে কারাকোরাম পর্বতমালা অতিক্রম করে চীনের শিনচিয়াং প্রদেশকে সংযোগ করেছে, সেই কঠিন মহাপ্রকল্পের পাকিস্তান অংশের তিনি ছিলেন প্রথম প্রকল্প পরিচালক। উল্লেখ করতে চাই, পাকিস্তান সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোরের ইউনিটগুলোই এই চ্যালেঞ্জ প্রকল্প বাস্তবায়ন করে। ১৯৭৩ সালে স্বাধীনতা-পরবর্তী সময়ে জেনারেল মজিদ রিপ্যাট্রিয়ট হয়ে দেশে ফিরলে বঙ্গবন্ধু তাঁকে কাছে ডেকে নেন এবং তাঁর মেধা ও যোগ্যতাকে দেশ গঠনে কাজে লাগান। জেনারেল মজিদ বাংলাদেশের এক কঠিন সময়ে জেনারেল জিয়াউর রহমানের আহ্বানে রাজনীতিতে জড়িয়ে পড়েন। তিনি জেনারেল জিয়াকে সর্বতোভাবে সহযোগিতা করে তাঁর গঠিত জাতীয়তাবাদী দলকে শক্ত ভিত্তির ওপর দাঁড় করতে অগ্রণী ভূমিকা রাখেন। জেনারেল মজিদ আমার সামরিক জীবনের প্রথম ইউনিট কমান্ডার। আমার প্রথম সিও, কমান্ডিং অফিসার। ১৯৬৪ সালে ইঞ্জিনিয়ারিং কোরে কমিশন নিয়ে ঢাকায় ৬ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নে যোগদান করি। আমি গর্বিত, লে. কর্নেল মজিদ ছিলেন আমার সিও। আমার মনে পড়ে, কমিশন পাসিং আউট প্যারেডের রিভিউয়িং অফিসার ছিলেন পাকিস্তান এয়ার ফোর্সের প্রধান এয়ার মার্শাল আজগর খান। ইঞ্জিনিয়ারিং কোরের ডাইরেক্টর ব্রিগেডিয়ার আনোয়ার (পরবর্তী সময়ে লে. জেনারেল ও ই-ইন-সি) সদ্য কমিশনপ্রাপ্ত অফিসারদের ইঞ্জিনিয়ার এমব্লেমসহ নীল ক্যাপ ও নীল শোল্ডার ব্যাচ পরিয়ে দেওয়ার সময় আমাকে বলছিলেন, ‘young man you are lucky. You are going to Dhaka. Your CO there, is an Englishman.’ আমি তাঁকে বলি, Sir, there is no British Officer in Pakistan Army. তিনি সঙ্গে সঙ্গে বলে ওঠেন, ‘Yes, there is one. Majid is British, top to toe a British. He speaks like British He walks like British conducts like British and even eats like British.’জেনারেল মজিদ তাঁর মেমোয়ার লিখেছেন। বইটির নাম Unknown, Unhonored, Unsung। প্রথম খণ্ড, From Ganges Plains to Karakoram প্রকাশিত হয়েছে। তিনি বইটির প্রথম পাতায় কিছু স্নেহমাখা কথা লিখে আমাকে পড়ার জন্য পাঠিয়ে দেন এবং প্রকাশনা উত্সবে আমাকে কিছু বক্তব্য দিতে হবে বলেন। তিনি আরও বলেন, তাঁর দ্বিতীয় খণ্ড শিগগিরই প্রকাশিত হবে এবং তিনি তখনো আমাকে প্রকাশনা অনুষ্ঠানে ডাকবেন। আমি প্রতীক্ষায় ছিলাম। জেনারেল মজিদ ডাকেননি। তিনি ফাঁকি দিয়ে চলে গেলেন। জেনারেল মজিদ এক প্রতিভা, একটি প্রতিষ্ঠান। একজন চির উন্নত মম শিরের মতো দৃঢ় ব্যক্তিত্ব। তাঁকে আমি কখনো মাথা হেঁট করতে দেখিনি। নিজের অবস্থানে নিজের ডিগনিটি নিয়ে সব সময় মাথা উঁচু করে থেকেছেন, চলেছেন। আমার কাছে অনেক সময় মনে হয়েছে, অনেক অভিমান তিনি বুকে ধারণ করে ছিলেন এবং তা সঙ্গে নিয়েই চলে গেছেন। আজ তাঁকে আমার সবচেয়ে চৌকস স্যালুটটি অর্পণ করছি। লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান: সাবেক সেনাপ্রধান।