মেধার বিস্ফোরণ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের ২০০৯-২০১০ শিক্ষাবর্ষে মাস্টার্স পরীক্ষায় ৫২ জন শিক্ষার্থীর মধ্যে প্রথম শ্রেণী পেয়েছেন ২৬ জন। এটা কি মেধার বিস্ফোরণ, নাকি অন্য কিছু?পরীক্ষায় ভালো ফল নিশ্চয়ই সবার জন্য সুসংবাদ। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের ওই পরীক্ষার ফলাফলের খবরটি সংবাদপত্রে ছাপা হয়েছে সুসংবাদ হিসেবে নয়, একটি উদ্বেগজনক খবর হিসেবে। উদ্বেগের কারণ খুব যৌক্তিক; যেমন, এই ব্যাচের একজন পরীক্ষার্থী, যিনি অনার্সে রেকর্ড পরিমাণ নম্বর পেয়ে প্রথম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছিলেন, মাস্টার্সের ফলাফলে তিনি পেয়েছেন দ্বিতীয় শ্রেণী। এই ব্যাচের শিক্ষার্থীদের মধ্যে অনার্সে প্রথম শ্রেণী পেয়েছিলেন মাত্র পাঁচজন, আর মাস্টার্সে প্রথম শ্রেণী পেয়েছেন ২৬ জন! অর্থাৎ, অনার্স ও মাস্টার্সের ফলাফলের তারতম্য পাঁচ গুণের বেশি। এমনটা কী করে ঘটতে পারল? যেসব শিক্ষার্থীর ফল খারাপ হয়েছে, তাঁরা সংগত কারণেই ফল পুনর্মূল্যায়নের দাবি তুলেছেন। আর যাঁদের ফল অপ্রত্যাশিতভাবে ভালো হয়েছে, তাঁরা বিস্ময় প্রকাশ করেছেন। বিস্ময় প্রকাশ করেছেন নৃবিজ্ঞান বিভাগের চেয়ারম্যানও।মোট পরীক্ষার্থীর ৫০ শতাংশ প্রথম শ্রেণী পেয়েছেন, এমন ঘটনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে বিরল। ২০০৪ সালের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ৫২ জন এবং ২০০৭ সালের সমাজবিজ্ঞান বিভাগের স্নাতকোত্তর পরীক্ষায় ৪৬ জন শিক্ষার্থীর প্রথম শ্রেণী পাওয়ার ঘটনা চাঞ্চল্য সৃষ্টি করেছিল। অনৈতিকতা ও স্বজনপ্রীতির মাধ্যমে শিক্ষার্থীদের প্রথম শ্রেণী পাইয়ে দেওয়া হয়েছে—এ রকম অভিযোগের সত্যতার প্রমাণ মিলেছিল ওই সব ঘটনার তদন্তে। এমনকি দ্বিতীয় শ্রেণী পেয়েছিলেন, এমন এক ছাত্রীর নম্বর বাড়িয়ে তাঁকে প্রথম শ্রেণীতে প্রথম স্থানের অধিকারী করা হয়েছে—এমন ঘটনারও সত্যতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ স্বীকার করেছিল।এসব ঘটনা যদি চলতেই থাকে, তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিগ্রির মূল্য ও মর্যাদা অচিরেই শূন্যের কোঠায় নেমে যেতে পারে। আগের ঘটনাগুলোর ক্ষেত্রে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে যেসব ব্যবস্থা নেওয়া হয়েছে, তা ছিল ‘গুরু পাপে লঘুদণ্ড’। প্রতিকারের এই ব্যবস্থা থেকে মনে হয়, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অপরাধগুলোর গুরুত্ব উপলব্ধি করতে ব্যর্থ। শিক্ষকদের অনৈতিক আচরণের যদি প্রতিকার না হয়, তাহলে শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের গুরুতর ও সুদূরপ্রসারী ক্ষতির পথগুলো উন্মুক্তই থেকে যাবে। সর্বশেষ ঘটনাটির অবশ্যই প্রতিকার হওয়া উচিত।