জামালপুরের মেলান্দহ উপজেলায় একটি সেতুর একাংশ তিন বছর ধরে ভেঙে পড়ে থাকলেও তা মেরামতে কারও কোনো মাথাব্যথা আছে বলে মনে হয় না। যদি থাকত, তবে নিশ্চয়ই এর একটা বিহিত হতো।
বুধবার প্রথম আলোর খবরে প্রকাশ, ১৯৯০ সালে উপজেলার কুলিয়া ইউনিয়নের বিলদাখালী খালের ওপর নির্মিত সেতুটির পশ্চিম অংশ ও সংযোগ সড়কসহ মাঝখানের অংশ ২০১৫ সালের বন্যায় ভেঙে যায়। তিন বছর পার হতে চলল, কিন্তু সংস্কার হয়নি সেতুটির। তাই এলাকাবাসী বাধ্য হয়ে সেতুর সংযোগ সড়কের ভাঙা অংশে বাঁশের সাঁকো তৈরি করেন। এই সাঁকোর ওপর দিয়েই এখন ঝুঁকি নিয়ে চলাচল করছেন উপজেলার ১০ গ্রামের ১৫ হাজার মানুষ। এর মধ্যে দেড় হাজার হচ্ছে শিক্ষার্থী। গত বছর সাঁকো থেকে পড়ে গিয়ে এক ব্যক্তি আহত হন। সেতু ভাঙা থাকায় এসব গ্রামের কৃষকদের উৎপাদিত পণ্য বাজারে নিতে হলে পাঁচ কিলোমিটার ঘুরে যেতে হয়।
তিন বছরেও যখন কারও টনক নড়েনি, তখন এই প্রশ্ন ওঠা তো স্বাভাবিক যে এখানে স্থানীয় প্রশাসন বলে আদৌ কি কিছু আছে? স্থানীয় প্রশাসনের কাজ এলাকাবাসীর দুর্ভোগ ও দুর্দশা লাঘবে কাজ করা। বোঝা যাচ্ছে সেখানকার স্থানীয় প্রশাসন তাদের সেই দায়িত্বের ব্যাপারে একেবারেই সচেতন নয়। সেতু সংস্কারের কাজটি করার দায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের। কিন্তু স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসন সক্রিয় ও দায়িত্বশীল না হলে এ ধরনের সমস্যার সমাধান করা যায় না। ফলে তাদের উদ্যোগী ভূমিকা জরুরি। কিন্তু এখানে দেখা যাচ্ছে জনগণের দুর্ভোগ নিয়ে তাদের কোনো চিন্তা নেই।
এলজিইডির মেলান্দহ উপজেলা কার্যালয়ের প্রকৌশলী বলেছেন, ভাঙা সেতুর জায়গায় একটি নতুন সেতু নির্মাণের জন্য এলজিইডির প্রধান শাখায় একটি প্রস্তাব পাঠানো হয়েছে। আমরা আশা করব, দ্রুত এই সেতু নির্মাণের কাজ শুরু হবে এবং স্থানীয় মানুষের ভোগান্তি পুরোপুরি দূর হয়ে যাবে।