মেয়ররা কি জনপ্রতিনিধি নন?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরখাস্তকৃত সবাই বিএনপি-জামায়াত সমর্থিত নির্বাচিত জনপ্রতিনিধি। এর বাইরে ফুলবাড়ী উপজেলার মেয়র ফুলবাড়ী রক্ষা আন্দোলনকারী সম্মিলিত অরাজনৈতিক পেশাজীবী সংগঠনের আহ্বায়ক। তাঁদের সবাই কোনো না কোনো মামলার অভিযোগপত্রভুক্ত আসামি। ২০১৫ সালের এক হিসাব দেখায়, বিএনপি-জামায়াতের অন্তত ২৫ জন পৌর মেয়র ও উপজেলা চেয়ারম্যান নাশকতার মামলার কারণে অপসারিত হন। বিপরীতে আওয়ামী লীগের অন্তত পাঁচজনের ক্ষেত্রে অভিযোগপত্র দায়ের হলেও তাঁরা সে সময় অপসারিত হননি। দোষী সাব্যস্ত হওয়ার পরও মন্ত্রী পদে বহাল থাকার দৃষ্টান্তও আছে। তাই প্রশ্ন উঠেছে, স্থানীয় সরকারের মেয়ররা কি দ্বিতীয় শ্রেণির জনপ্রতিনিধি?

রাজশাহীর মোসাদ্দেক হোসেন বুলবুলের বিরুদ্ধে মামলা ২৩টি। সিলেটের আরিফুল হক চৌধুরী ও হবিগঞ্জের জি কে গউছ বন্দী অবস্থায় নির্বাচন করে বিজয়ী হন। তাঁদের বিরুদ্ধে অদ্ভুত কায়দায় শাহ এ এম এস কিবরিয়া হত্যা এবং সুরঞ্জিত সেনগুপ্তের সভায় বোমা হামলার অভিযোগ আনা হয়। ঘটনার প্রায় ১০ বছর পর সম্পূরক অভিযোগপত্রে তাঁদের আসামি দেখানো হয়। অভিযোগপত্রে নাম থাকলেই কেউ অপরাধী হয়ে যায় না—এই যুক্তি আদালত গ্রহণ করেছেন। অথচ এর আগেই এই তিন মেয়র দুই বছর পর্যন্ত জেল খেটেছেন।

২০০৮ সালের স্থানীয় সরকার আইনে নির্বাচিত জনপ্রতিনিধিদের সুরক্ষার যে ব্যবস্থা ছিল, সেই স্বাধীন স্থানীয় সরকার কমিশনের বিধান বর্তমান সরকার ২০০৯ সালে তামাদি করে দেয়। ওই আইনে সিটি করপোরেশন ও পৌরসভার মেয়রদের অপসারণে কমিশনের মতামত নেওয়া বাধ্যতামূলক ছিল। সাম্প্রতিক ঘটনাবলি সেই আইনের পুনর্বহালকে জরুরি বলে প্রমাণ করল। যে আইন ‘অবাঞ্ছিত’ ব্যক্তি নির্বাচিত হয়ে গেলে তাঁদের সরানোর সুযোগ দেয়, তা নিয়েও পুনর্বিবেচনা দরকার।