জ্ঞাত-আয়বহির্ভূত সম্পদ অর্জন ও তথ্য গোপনের মামলায় কুমিল্লা সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র ও বিএনপির নেতা মনিরুল হক সাক্কুর বিরুদ্ধে মাননীয় আদালত যে গ্রেপ্তারি পরোয়ানা জারি এবং তাঁর মালামাল ক্রোকের নির্দেশ দিয়েছেন, তার যথার্থতা নিয়ে প্রশ্ন উঠেছে। আদালত থেকে এ নির্দেশ এমন সময়ে এল, যখন তিনি কুমিল্লা সিটি করপোরেশনে দ্বিতীয়বারের মতো মেয়র নির্বাচিত হয়ে শপথ নেওয়ার অপেক্ষায় আছেন। ইতিমধ্যে নির্বাচনের ফলাফল–সংক্রান্ত গেজেটও প্রকাশিত হয়েছে।
গ্রেপ্তারি পরোয়ানার ব্যাপারে মনিরুল হকের বক্তব্য হলো, ওই মামলায় তিনি সুপ্রিম কোর্ট থেকে স্থায়ী জামিন নিয়েছেন; কিন্তু তাঁর আইনজীবী বিষয়টি আদালতের কাছে উল্লেখ না করায় এ অবস্থা হয়েছে। তিনি মনোনয়নপত্র দাখিলের সময় হলফনামায় ২(খ) কলামে ‘আমি বর্তমানে ফৌজদারি মামলায় অভিযুক্ত’ কথাগুলো উল্লেখ করেছেন। সে ক্ষেত্রে মনিরুল তথ্য গোপন রেখেছেন, এ কথা বলা যাবে না। স্বাভাবিক নিয়মে সংশ্লিষ্ট আদালতে উচ্চ আদালতের কাগজপত্র জমা দিলেই মনিরুল হকের বিরুদ্ধে জারি করা গ্রেপ্তারি পরোয়ানা রহিত হওয়ার কথা। আইনের বিধি অনুযায়ী যেকোনো মামলার বিষয়ে যেকোনো সময়ে আদালত সিদ্ধান্ত দিতে পারেন। কিন্তু উচ্চ আদালতের স্থায়ী জামিন থাকলে নিম্ন আদালত কারও ওপর গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে পারেন না।
উল্লেখ্য, সেনাসমর্থিত সরকারের আমলে আওয়ামী লীগ ও বিএনপির অনেক নেতার বিরুদ্ধেই দুর্নীতির মামলা হয়েছিল। কিন্তু বেছে বেছে আওয়ামী লীগের নেতাদের মামলা প্রত্যাহার, আর বিএনপির নেতাদের মামলা সচল হওয়া ন্যায়বিচারের পরিপন্থী। আইন দলমত-নির্বিশেষে সবার জন্য সমভাবে প্রয়োগ করা উচিত। যেসব সিটি করপোরেশনে বিএনপির সমর্থক মেয়ররা নির্বাচিত হয়েছিলেন, মামলার খড়্গ ঝুলিয়ে তাঁদের দায়িত্ব পালন থেকে বঞ্চিত করা যেমন অনৈতিক, তেমনি আইনের অপব্যবহারও বটে।
কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র মনিরুলের বিরুদ্ধে করা মামলা যাতে জনপ্রতিনিধি হিসেবে তাঁর দায়িত্ব পালনে কোনো বাধার সৃষ্টি না করে, সে ব্যাপারে সংশ্লিষ্ট সবার দৃষ্টি আকর্ষণ করছি। মেয়র মনিরুলের আইনজীবীর ভুলের কারণে যদি এ পরিস্থিতি তৈরি হয়ে থাকে, তাহলে দ্রুতই তা আদালতের নজরে এনে বিষয়টির সুরাহা করা সম্ভব। আদালতের সিদ্ধান্তের বিষয়ে আমাদের কোনো বক্তব্য নেই। তবে প্রশাসন, পুলিশ ও আইনজীবীরা এ ক্ষেত্রে রাজনৈতিক অথবা অন্য কোনো কারণে একজন জনপ্রতিনিধির দায়িত্ব গ্রহণে বাধা হয়ে দাঁড়াবেন না—সেটাই প্রত্যাশা। কারও বিরুদ্ধে মামলা বা অভিযোগপত্র দাখিল প্রমাণ করে না যে তিনি অপরাধী। অতএব, মামলার ভয় দেখিয়ে কোনো নির্বাচিত জনপ্রতিনিধিকে তাঁর পদ থেকে বঞ্চিত করা যাবে না। কুমিল্লার নাগরিকেরা যাঁকে মেয়র হিসেবে নির্বাচিত করেছেন, তাঁকে তাঁর দায়িত্ব পালন করতে দেওয়াই প্রত্যাশিত।