রাষ্ট্রীয় সীমানার ঊর্ধ্বে ওঠা জঙ্গিবাদের বৈশ্বিক বিপদ বাংলাদেশে যথেষ্ট জোরেশোরেই নিশ্বাস ফেলছে। সাম্প্রতিক কিছু ধারাবাহিক ঘটনা ও তথ্য আমাদের জন্য যথেষ্ট উদ্বেগজনক। সিঙ্গাপুরে বাংলাদেশের জঙ্গিদের যে তৎপরতার কথা সে দেশের সরকারের সূত্রে আনুষ্ঠানিকভাবে জানা গেল, তাতে পরিস্থিতি মোকাবিলায় নতুন পথ খোঁজা ও চিন্তাভাবনা জরুরি হয়ে পড়েছে।
জঙ্গিবাদের সমস্যা শুধু আমাদের নয়। সব দেশই এখন জঙ্গিদের যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে এবং যেকোনো দেশের জঙ্গিরা যেকোনো ভূখণ্ডে গিয়ে সহিংসতা ঘটাতে পারে। সম্প্রতি আমরা জেনেছি যে সিরিয়ায় মার্কিন বিমান হামলায় নিহত আইএসের প্রধান তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ সাইফুল হক বাংলাদেশের নাগরিক। ২০১৪ সালেও তিনি বাংলাদেশ ঘুরে গেছেন। স্ত্রী ও সন্তানদের নিয়ে আইএসে যোগ দেওয়া সাইফুল তাঁর পরিবারের লোকজনকেও উদ্বুদ্ধ করেছেন আইএসে যোগ দিতে। বাংলাদেশ হয়ে লেনদেন হয়েছে আইএসের অর্থ।
সিঙ্গাপুরের ঘটনায় প্রমাণিত হলো যে শুধু দেশের জঙ্গি তৎপরতার দিকে নজর দিলেই পরিস্থিতি সামাল দেওয়া যাবে, বিষয়টি এমন নয়। বাংলাদেশে সশস্ত্র জিহাদের প্রস্তুতি ও পরিকল্পনা বিদেশে বসেও হতে পারে। সিঙ্গাপুর সরকার জানিয়েছে, গত বছরের শেষের দিকে তারা ২৭ জন বাংলাদেশিকে আটক করেছে। এই বাংলাদেশিরা সংঘবদ্ধভাবে সশস্ত্র জিহাদ নিয়ে আলোচনা ও বাংলাদেশে তা কার্যকর করার কথা ভাবতেন। এই অভিযুক্তদের ২৬ জনকেই বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। এদের মধ্যে ১৪ জন সন্ত্রাসবিরোধী আইনে আটক ও ১২ জন নজরদারির মধ্যে রয়েছেন।
জঙ্গিবাদের মতো বিপদ এককভাবে মোকাবিলা করা কোনো দেশের পক্ষেই সম্ভব নয়। আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে সহযোগিতা, গোয়েন্দা তৎপরতা, গোয়েন্দা তথ্য লেনদেনের বিষয়গুলোতে জোর দিতে হবে। যুক্তরাজ্য থেকে ঢাকা হয়ে আইএসের অর্থ লেনদেনের ঘটনা প্রমাণ করে এই দিকটিতেও নজরদারি জোরালো করা জরুরি হয়ে পড়েছে।
জঙ্গিবাদ নিয়ে রাখঢাক বা লুকোচুরির চেষ্টাও কাম্য নয়। সিঙ্গাপুর থেকে মাস খানেক আগে সন্দেহভাজন জঙ্গিদের পাঠানো হলেও সরকারের পক্ষ থেকে এ ব্যাপারে কিছু জানানো হয়নি। আমরা মনে করি, জনগণকে আস্থায় নিয়েই সরকারকে জঙ্গিবাদ মোকাবিলা করতে হবে। এ ব্যাপারে জনসচেতনতা সৃষ্টির বিষয়টিও জরুরি।