গুজরাটের মুখ্যমন্ত্রী নির্বাচনে নরেন্দ্র মোদির তৃতীয় বিজয় বিজেপিকে নতুন করে আশাবাদী করেছে। অতীতে আরও আরও মুখ্যমন্ত্রী অবশ্য এভাবে মহাসমারোহে আশাবাদ জাগিয়ে হারিয়ে গেছেন। বিজেপি এবার বিশ্বাস করছে, ২০১৪ সালের নির্বাচনে ভোটাররা কংগ্রেসের বিকল্প হিসেবে তাদের ক্ষমতায় বসাবে। এ চিন্তার কোনো ভিত নেই। হঠাৎ দলটি ক্ষমতার ঘ্রাণ পাওয়া শুরু করেছে। কিন্তু যার নিজের ঘরের ভেতরেই গন্ডগোল, সে কীভাবে ক্ষমতার গোলা ক্যাচ ধরবে? বিজেপির সমর্থকদের বড় অংশও যদি দলের ভিন্ন ভাবমূর্তি তৈরি করতে চায়, তবু চরমপন্থী আরএসএসই এখনো বিজেপিকে নিয়ন্ত্রণ করবে। বিজেপি আরএসএসের পিতৃত্বকে অস্বীকার করতে পারবে না। আরএসএস থেকেই জনসংঘের জন্ম হয়েছে, পরে নাম বদলে আরএসএসের রাজনৈতিক শাখা হয়েছে বিজেপি। দ্বিতীয়ত, দলটির নিজস্ব কর্মী-বাহিনী নেই। মধ্যবিত্ত শ্রেণী থেকে আসা বিজেপি নেতৃত্ব প্রচারকদের (আরএসএসের হিন্দুত্ববাদী পুরোহিত গোষ্ঠী) ঘামের গন্ধ পছন্দ করবে না। অথচ এই প্রচারকেরাই হলো দলটির মূল শক্তি।সত্যিকার অর্থে বিজেপি কখনোই রাজনৈতিক দল ছিল না। আরএসএসের সঙ্গে সম্পর্ক চিরতরে ঘোচানোর উদ্দেশ্যে জনতা পার্টি থেকে জনসংঘের সদস্যদের বহিষ্কারের প্রতিক্রিয়ায় এর জন্ম। সেই থেকে আরএসএস এর ওপর নিয়ন্ত্রণ জারি রেখেছে। এমনকি অটল বিহারি বাজপেয়ির মতো প্রভাবশালী ব্যক্তিত্বকেও খাকি হাফপ্যান্ট-শার্ট পরতে হয়েছে এবং সামরিক ভঙ্গিতে আরএসএসের ড্রিলমার্চের সামনে সটান হয়ে দাঁড়িয়ে থাকতে হয়েছে। তিনি হয়তো বোঝাতে চেয়েছিলেন যে তিনিই নেতা। এ জন্যই আরএসএস পারে বিজেপিকে দিয়ে যখন খুশি যেভাবে খুশি কাজ করিয়ে নিতে। বিজেপির প্রধান নিতিন অধিকারী আরএসএসেরই হাতের পুতুল। এমনকি দলের বর্ষীয়ান নেতা এল কে আদভানি অথবা লোকসভায় বিরোধীদলীয় নেতা সুষমা স্বরাজ তাঁকে পছন্দ না করলেও তিনি দলের নেতা। দলের যে সদস্যরা মনে করেন তাঁদের নিজস্ব জনস্বীকৃতি আছে, তাঁরা এ রকম চাপিয়ে দেওয়া মানতে চান না। তার পরও কখনোই তাঁরা আরএসএসকে চ্যালেঞ্জ করতে চাইবেন না। কারণ, তাঁরা জানেন, যাঁরা এ রকম করেছেন, তাঁরা দল থেকে ছিটকে মাটিতে গিয়ে পড়েছেন। তাঁদের বিদায়ে কেউ কাঁদেনি, কেউ দুঃখ করেনি। আসল কথা হলো, যেহেতু আরএসএসের সঙ্গে তাঁদের মতভেদ আদর্শ নিয়ে নয়, সেহেতু এই বিরাট পরিবার ছেড়ে তাঁরা যাবেন না। আরএসএস জানে, কখন কাকে ওপরে তুলতে হবে। মোদি প্রথমে শুরু করেছিলেন এভাবে যে, যখন নির্বাচনের পর দল সরকার গঠন করবে, তখন তিনি হবেন প্রধানমন্ত্রী। আর আরএসএসের সমালোচনা ছিল যে, দল একসঙ্গে একাধিক ব্যক্তিকে প্রধানমন্ত্রিত্বের অভিলাষ পুষে রাখতে দিচ্ছে। হয়তো তারা ভেবেছিল এত আগেই মোদিকে ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসেবে তুলে ধরার দরকার নেই। হয়তো তারা ভেবেছিল, এতে করে বিজেপিকে ভোট দেবে কি দেবে না, এমন দোদুল্যমান ভোটাররা চটে যেতে পারে। কিন্তু আরএসএস একেবারেই ভাবতে পারেনি যে, মোদির পদপ্রার্থিতাকে কেন্দ্র করে জাতি বিভক্ত হয়ে পড়বে। মোদি গুজরাটে দাঙ্গা লাগিয়ে মুসলমানদের ওপর যে গণহত্যা চালিয়েছেন, তারপর অনেক ভারতীয়ই তাঁকে প্রধানমন্ত্রী হিসেবে কোনোভাবেই মেনে নেবে না। সুপ্রিম কোর্ট ইনভেস্টিগেশন ব্রাঞ্চের প্রধান আর কে রাঘবনের ওপর মোদির বিষয়ে তদন্তের ভার দিয়ে যে ভুল করেছিলেন, সেই ভুলও শোধরানো যাবে না, তা নয়। রাঘবন মোদিকে দায়মুক্ত করেছিলেন। তাঁর প্রতিবেদন ছিল পক্ষপাতপূর্ণ। আরএসএসের উচিত, একে একে সব মামলা থেকে মোদির খালাস হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করা। আদভানির অসন্তোষের কারণটা বোধগম্য; কারণ, তিনিই তো জনতা পার্টি থেকে বহিষ্কৃতদের নেতৃত্ব দিয়ে বিজেপি নামে এক ছাতার তলে তাঁদের জড়ো করেছিলেন। তিনি যে আরএসএসের প্রতি সৈনিকের মতো অনুগত ছিলেন, দেখতে পেলেন সেই আরএসএস তাঁকে লোকসভায় বিরোধীদলীয় নেতা হতে দিল না। কার্যত, বিজেপির যে পার্লামেন্ট সদস্যরা পার্লামেন্টারি পার্টির চেয়ারম্যানের পদ সৃষ্টি করে তাঁকে পুনর্বাসিত করেছিলেন, তাঁদের কাছে এ প্রত্যাশাটা তাঁর ছিল। ২০১৪ সালের শুরুর নির্বাচন সামনে রেখে উভয় দলই মারাত্মক সংকটে আছে। প্রথম সমস্যা হলো, শীর্ষ ব্যক্তিকে মনোনয়ন দেওয়া এবং দ্বিতীয় সমস্যা হলো, তাঁকে নিয়ন্ত্রণে রাখা। ধরা যাক সাবেক মুখ্যমন্ত্রী বসুন্ধরাজে সিন্দিয়ার কথা। তিনি দলকে বুড়ো আঙুল দেখিয়ে বিচ্ছিন্ন হয়ে বসে ছিলেন এই বিশ্বাসে যে, কেন্দ্রীয় বিজেপি একদিন তাঁর শরণাপন্ন হবে এবং তাঁর কর্তৃত্ববাদী নেতৃত্বকে বরণ করে নেবে। রাজ্যপর্যায়ের নেতাদের নিয়ে সমস্যার সমাধানে বিজেপিকে ক্রমে আরও বেশি করে আরএসএসের সহযোগিতা নিতে হবে। এই বাস্তবতা অনুভব করেই আরএসএসের প্রধান মোহন ভাগবত ঘোষণা করেছেন, ভারতের প্রধানমন্ত্রী হওয়ার সব যোগ্যতাই নরেন্দ্র মোদির রয়েছে। তাহলেও স্বাভাবিকভাবেই বিজেপির বেশ কিছু মিত্রকে এই চিন্তা খেপিয়ে তুলেছে। এর মধ্যে রয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারও, ইতিমধ্যে তিনি এ ব্যাপারে তাঁর অসন্তোষের কথা প্রকাশ করেছেন। ভাগবত প্রশ্ন তুলেছেন, হিন্দুত্ববাদী প্রধানমন্ত্রী হলে সমস্যা কী? এ প্রশ্নই বুঝিয়ে দেয়, সেক্যুলার ভারতের বাস্তবতা থেকে মুখ ফিরিয়ে নিয়ে নিজেদের গড়া বিশ্বেই বসবাস করছে আরএসএস। ইতিমধ্যেই দ্বিধাবিভক্ত বিজেপির মধ্যে এ ব্যাপারে সিদ্ধান্তহীনতা আরও গভীর হয়েছে। তারা বুঝতে পারছে, সাম্প্রদায়িকতার ওপর ভর করে দেশ শাসন করতে পারবে না তারা। এমনকি সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়িও এটা উপলব্ধি করতে পেরেই তাঁর উদারনৈতিক পার্টিকেই সামনে বাড়িয়ে রাখতেন। কিন্তু এখন বিজেপির সমস্যা হলো, বাজপেয়ির মতো করে আরএসএসের চাপ সামাল দিতে পারবে, এমন কেউ তাদের নেই। গোষ্ঠীবাদ আর স্বার্থপরতায় ভরপুর বিজেপি আর কংগ্রেস দেশকে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা রাখে কি না, সে ব্যাপারে জনগণও সন্দিহান। আমি তবু তীব্রভাবে চাইছি, আকারে ছোট হলেও কিছু দল উঠে আসুক, যাদের দেশের দুর্বলতা ঘুচিয়ে সামনে এগিয়ে যাওয়ার রূপরেখা আছে! বিভিন্ন রকম গণ-আন্দোলন—সেই সব শত শত জনবিদ্রোহ—একজোট হয়ে উঠে দাঁড়াক, বিকল্প হয়ে আসুক জনগণের সামনে।ইংরেজি থেকে অনূদিতকুলদীপ নায়ার: ভারতীয় সাংবাদিক।