নারীর ক্ষমতায়নের সঙ্গে আধুনিক প্রযুক্তি ব্যবহারের নিগূঢ় সম্পর্ক আছে, ব্যাংকিং খাতের আর্থিক লেনদেনের হিসাবে তা-ই বেরিয়ে এসেছে। বৃহস্পতিবার প্রথম আলোয় ‘নারীর ক্ষমতায়নের নতুন দিগন্ত’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনে দেখা যায়, মোবাইল ব্যাংকিংয়ে নারীর অংশগ্রহণ পুরুষের কাছাকাছি চলে এসেছে। যদিও প্রচলিত ব্যাংকের গ্রাহকদের ৭০ শতাংশের বেশি পুরুষ। সেখানে নারীর অংশগ্রহণ ৩০ শতাংশের কম।
মোবাইল ব্যাংকিং সেবা এখন শুধু টাকা পাঠানোতে সীমিত নয়। বরং এর মাধ্যমে দৈনন্দিন কেনাকাটা, গ্যাস-বিদ্যুৎ, পানির বিলসহ বিভিন্ন বিল পরিশোধ এবং মোবাইল রিচার্জসহ নানা ধরনের সেবা মিলছে। অর্থাৎ মোবাইল ফোনের ব্যবহার বহুমাত্রিক রূপ নিয়েছে। বিকাশ, রকেট, এম ক্যাশ, উপায়সহ দেশে বর্তমানে ১৫টি প্রতিষ্ঠান মোবাইলের মাধ্যমে আর্থিক সেবা (এমএফএস) দিচ্ছে। এর বাইরে ডাক বিভাগের ‘নগদ’ একই ধরনের সেবা দিয়ে আসছে।
বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনের বরাত দিয়ে প্রথম আলোর প্রতিবেদনে বলা হয়েছে, গত মার্চের শেষে এই সেবার মোট গ্রাহক ছিলেন ১০ কোটি ২৭ লাখ ৯৬ হাজার। তবে সক্রিয় হিসাব ছিল ৩ কোটি ৪৬ লাখ। মোট গ্রাহক হিসাবের মধ্যে পুরুষদের ৫ কোটি ৩০ লাখ এবং নারীদের ৪ কোটি ৫০ লাখ। আর এসব হিসাবে গত মার্চে জমা ছিল ৫ হাজার ৮১৪ কোটি টাকা। গত বছরের মার্চে পুরুষ গ্রাহকের হিসাব ছিল ৪ কোটি ১৫ লাখ এবং নারীদের ৪ কোটি ৮ লাখ। ফলে নারী ও পুরুষের হিসাব প্রায় কাছাকাছি এসে পড়ছে। এই হিসাব নগদ-এর সেবা কার্যক্রমের বাইরে।
মোবাইল ব্যাংকিং প্রসারিত হওয়ার পেছনে করোনাকালীন বিশেষ পরিস্থিতিরও ভূমিকা আছে। সরকার তৈরি পোশাকশিল্পসহ বিভিন্ন রপ্তানিমুখী খাতের শ্রমিকদের বেতন-ভাতা দিতে যে প্রণোদনা দিয়েছে, তার অর্থ বিতরণ করা হয় মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে। আগে যেসব শ্রমিক প্রতিষ্ঠান থেকে নগদ বা প্রচলিত ব্যাংকিংয়ের মাধ্যমে বেতন-ভাতা পেতেন, তাঁরা এখন পাচ্ছেন মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে। এ ছাড়া এর মাধ্যমে সরকারের বিভিন্ন সহায়তা কর্মসূচির অর্থও বিতরণ করা হচ্ছে। এর ফলে গ্রাহক ঘরে বসে তাঁর পাওনা টাকা তুলতে পারেন।
প্রচলিত ব্যাংকের হিসাব খুলতে গেলে গ্রাহককে ব্যাংকে যেতে হয়। মোবাইল ব্যাংকিংয়ে ঘরে বসেই হিসাব খোলা যায়। আগের চেয়ে এই হিসাব খোলাও অনেক সহজ করা হয়েছে। গ্যাস, বিদ্যুৎ, পানিসহ বিভিন্ন সেবা খাতের বিল যখন অফিসে গিয়ে পরিশোধ করতে হতো, তখন পুরুষেরাই প্রধানত কাজটি করতেন। এখন ঘরে বসে নারীরা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে বিল পরিশোধ করছেন।
মোবাইল ব্যাংকিংয়ে নারীর অংশগ্রহণ বাড়ার ক্ষেত্রে উদ্যোক্তাদের ভূমিকাও ইতিবাচক। বিকাশ-এর প্রধান নির্বাহী কামাল কাদীর বলেছেন, ‘আমরা শুরু থেকেই নারীদের হিসাব খোলায় প্রাধান্য দিয়েছি। এ কারণে বিকাশে নারী গ্রাহকের সংখ্যা বেশি।’
মোবাইল ব্যাংকিংয়ে নারীর হিসাব খোলা কেবল একটি হিসাব হিসেবে দেখা ঠিক হবে না। এর মাধ্যমে তার এক ধরনের অর্থনৈতিক স্বনির্ভরতাও প্রতিষ্ঠিত হয়। অনেক দেশে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে গ্রাহকদের ঋণ দেওয়া হয়। বাংলাদেশের মোবাইল সেবাদাতারা নারী উদ্যোক্তাদের জন্য ছোটখাটো ঋণ চালু করতে পারেন। মোবাইল ব্যাংকিংয়ের ক্ষেত্রে নারী গ্রাহকদের জন্য আলাদা গুচ্ছ সুবিধাও দিতে পারেন তাঁরা। অর্থনৈতিক কার্যক্রমে নারীর অংশগ্রহণ বাড়লেই তাঁরা প্রকৃত অর্থে ক্ষমতাবান হবেন।