
দীর্ঘদিন নিখোঁজ থাকার পর যাঁরা ফিরে আসেন তাঁরা সাধারণত যা বলেন, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের মোবাশ্বার হাসান ও সাংবাদিক উৎপল দাস ফিরে এসেও ভিন্ন কিছু বলেননি বা বলতে পারেননি। তবে নিখোঁজ হওয়ার একজনের আড়াই মাস ও আরেকজনের দেড় মাসের মাথায় বাড়িতে ফিরে আসা নিঃসন্দেহে স্বজনদের জন্য অসামান্য পাওয়া। একই কায়দায় নিখোঁজ হওয়ার পর ফিরে না আসারও অনেক নজির রয়েছে।
নিখোঁজ হওয়ার দীর্ঘ সময় পরও যাঁরা ফিরে আসেননি, তাঁদের অনেকেই গুম হয়ে গেছেন বলে ধরে নেওয়া হচ্ছে। আবার সাম্প্রতিক সময়ে নিখোঁজ হয়েছেন এমন অনেকের পরিবার তাঁদের স্বজনদের ফিরে আসার আশায় রয়েছেন। মোবাশ্বার ও উৎপলের ফিরে আসা সেই পরিবারগুলোর মধ্যে সামান্য হলেও আশা জাগাবে। গত চার মাসে এভাবে নিখোঁজ হওয়া ১৫ জনের মধ্যে এ নিয়ে ৫ জন ফিরে এসেছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গ্রেপ্তার দেখিয়েছে ৬ জনকে। আমরা চাই অন্যরা দ্রুত ফিরে আসুক।
এই যে একের পর এক এ ধরনের নিখোঁজ হওয়ার ঘটনাগুলো ঘটে চলেছে, কেউ ফিরে আসছেন আর কেউ আসছেন না—এর কোনো বিহিত না হওয়ার বিষয়টি রাষ্ট্র, সরকার ও তার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য ব্যর্থতারই পরিচয় বহন করে। সরকারের নীতিনির্ধারকদের পক্ষ থেকে অনেক সময় বলা হয় ব্যক্তিগত বা গোষ্ঠীগত বিরোধের কারণেও অনেক নিখোঁজের ঘটনা ঘটে থাকে। এ রকম ঘটনা যে ঘটে না তা অস্বীকার করছি না। কিন্তু সেসব ক্ষেত্রেও তো সরকারের দায়িত্ব অপহরণকারীদের খুঁজে বের করা।
বিশেষ করে যাঁরা নিখোঁজ থাকার পর ফিরে এসেছেন, তাঁদের সূত্র ধরে অাইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কেন সেই চেষ্টা করছে না। মোবাশ্বার ও উৎপল যা বলেছেন, তাতে এটা স্পষ্ট যে একই গোষ্ঠী একই কায়দায় তাদের অপহরণ করেছিল। এমনকি তাঁদের অবরুদ্ধ অবস্থার অভিজ্ঞতাও প্রায় অভিন্ন।
উদ্বেগের বিষয় হলো কোনো কোনো ক্ষেত্রে মানুষ নিখোঁজ হওয়ার অনেক দিন পর জানা যায় বা জানানো হয় তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছেন। কারও বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে উচিত আইনি নিয়ম মেনেই তাঁকে গ্রেপ্তার করা।
অপহরণের পর যাঁরা ফিরে এসেছেন, তাঁদের কাছ থেকে যেটুকু তথ্য পাওয়া যায় তাতে এটা পরিষ্কার যে অপহরণকারীরা সংগঠিত এবং মানুষকে ‘নিখোঁজ’ করে রাখার অবকাঠামোও তাদের আছে। প্রশ্ন হচ্ছে কারা এই অপহরণকারী চক্র, যারা দেশে বেশ শক্ত ঘাঁটি গড়ে তুলেছে। তারা কীভাবে রাষ্ট্র ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে? এমন পরিস্থিতি যেকোনো দেশের জন্য বিপজ্জনক। দল–মতনির্বিশেষে নাগরিকের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব রাষ্ট্রের।
আর কোনো মানুষ নিখোঁজ হওয়ার খবর আমরা দেখতে চাই না। অপরাধীদের প্রতিরোধে সরকারের এত সব বাহিনী আছে, তারা অপহরণকারীদের খুঁজে বের করতে পারে না, এটি বিশ্বাসযোগ্য নয়।