কী খাচ্ছে শিশুরা? যে খাবার আমরা দোকান থেকে কিনে তাদের হাতে তুলে দিচ্ছি, তা কী দিয়ে বানানো, তা কি আমরা জানি? যে অভিভাবক তাঁর সন্তানকে আদর করে চকলেট, লজেন্স বা ক্যান্ডি কিনে দিচ্ছেন, তিনি কি নিশ্চিত যে তা মোম, কাপড়ের রং আর ট্যালকম পাউডার দিয়ে বানানো নয়? কারণ, এসব দিয়ে লজেন্স, ক্যান্ডি ইত্যাদি বানানো হচ্ছে এবং তা দোকানে বিক্রি হচ্ছে!ঢাকা জেলা প্রশাসন, বিএসটিআই ও মহানগর পুলিশের ভ্রাম্যমাণ একটি আদালত শুক্রবার অভিযান চালিয়েছিলেন হাজারীবাগের সোনিয়া লজেন্স ফ্যাক্টরিতে। সেখানে লজেন্স বানানোর যে উপকরণ পাওয়া গেছে, এর মধ্যে রয়েছে মোম, ট্যালকম পাউডার, খাদ্যে ব্যবহারনিষিদ্ধ রং ও ঘন চিনি। আর এ ধরনের লজেন্স তৈরির জন্য যে পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ প্রয়োজন, তার বালাইও নেই কারখানায়। অবৈধভাবে এখানেই তৈরি হয় ১৫টি বিভিন্ন ব্র্যান্ডের চকলেট ও লজেন্স। বিএসটিআইয়ের অনুমোদন না থাকলেও নকল সিল লাগানো হতো এসব লজেন্সে। একটি শোরুমের মাধ্যমে তা বিক্রি করে ছড়িয়ে দেওয়া হতো বিভিন্ন স্থানে। এসব চকলেট ও লজেন্সের ভোক্তাদের সবাই শিশু, যে অভিভাবক তাঁর সন্তানকে এই প্রতিষ্ঠানের লজেন্স কিনে দিয়েছেন, তিনি আসলে তাঁর সন্তানের হাতে বিষ তুলে দিয়েছেন।খাদ্যে ভেজাল বিশ্বে অনেক দেশেই একটি বড় সমস্যা, কিন্তু বাংলাদেশের পরিস্থিতি বলা যায় শোচনীয়। বিশ্বে অধিকাংশ দেশে এ ব্যাপারে আইন অত্যন্ত কঠোর এবং ধরা পড়লে কোনোভাবেই ছাড় পাওয়ার সুযোগ নেই। ডেইলি স্টার পত্রিকার প্রতিবেদন বলছে, বছর খানেক আগে একই অভিযোগে এই সোনিয়া লজেন্স ফ্যাক্টরি সিল করে দেওয়া হয়েছিল এবং ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছিল। মালিক জরিমানা দিয়েছেন এবং অবৈধভাবে কারখানার সিল ভেঙে আবার উৎপাদন শুরু করেছেন। আইনের দুর্বলতার বিষয়টি এখানে স্পষ্ট। শিশুদের মুখে বিষ তুলে দেওয়ার মতো জঘন্য অপরাধ করেও মাত্র কিছু টাকা জরিমানা দিয়ে পার পেয়ে গেছেন। দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা গেলে নিশ্চয়ই একই অপরাধ করা থেকে বিরত রাখা যেত।এবার ভ্রাম্যমাণ আদালত সোনিয়া লজেন্স ফ্যাক্টরির ব্যবস্থাপক ও কারিগরকে এক বছর করে কারাদণ্ড দিয়েছেন। কারখানাটি আবারও সিল করা হয়েছে, কিন্তু মালিক ধরাছোঁয়ার বাইরে রয়েছেন। আমরা মনে করি, ভ্রাম্যমাণ আদালতের এই তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের পাশাপাশি নিয়মিত মামলার মাধ্যমে এই কারখানা এবং এর মালিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়টি খুবই জরুরি। এটা নিশ্চিত করা গেলে এ ধরনের তৎপরতা ঠেকানো সহজ হবে।