মৌনতার ভাষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অমৃতসরে স্বর্ণমন্দিরসংলগ্ন হোটেলে শুরু সুফি সম্মেলন। তুরস্ক থেকে জাপানব্যাপী বিস্তৃত ভূখণ্ডে সুফিতত্ত্ব নিয়ে গবেষণারত পণ্ডিতেরা উপস্থিত। উপপাদ্য: অশান্ত বিশ্ব কীভাবে হবে শান্ত। সুন্দর জায়গা, স্বর্ণমন্দিরের হ্রদে অসংখ্য পুণ্যার্থী সকাল থেকে। অমৃতসর থেকে খানিক দূরে সরহিন্দ্ শরিফ, চিরনিদ্রায় শায়িত যেখানে শেখ আহমেদ ফারুক (রা.), যাঁর পরিচয় মুজাদ্দিদ আলফেসানি, শতাব্দীর মুজাদ্দিদ, হাজারো মানুষের সমাগম সেখানে। আকবর চেয়েছিলেন সর্বধর্মসমন্বয়, ‘দীন-ই-এলাহী’। মুজাদ্দিদের আহ্বানে ইসলাম জিন্দা হয়েছিল সেদিন।আফগানিস্তান, তুর্কমেনিস্তান, আজারবাইজান, উজবেকিস্তান, তাজিকিস্তান, ইরান, ইরাক, তুরস্ক, পাকিস্তান ছাড়াও আমেরিকা, যুক্তরাজ্য, ফ্রান্স, রোমানিয়া থেকে আসা পণ্ডিতেরা উৎকর্ণ হয়ে শুনছেন বাহাউদ্দিন নকশ্বন্দিয়া তরিকার কথা, মধ্যপ্রাচ্যে উৎপন্ন হলেও যা পত্রপল্লবে বিস্তৃত এই মুলুকে। ‘দি সাইলেন্ট জিকির’ প্রবন্ধে বলেছি পুরোটাই। টেলিভিশনের প্রতিনিধি জানালেন, নিস্তব্ধতা কাকে বলে, দয়া করে বোঝাবেন কি। বললাম, ধর্মের কথা কে-ই বা শুনতে চায়, বলুন। আধুনিক আয়োজনে এখন জাপান থেকে আমেরিকায় নতুন পণ্ডিতেরা বলে চলেছেন নির্যাস, অন্যের প্রতি হিংসার বদলে ভালোবাসার বাণী ছুড়ে দেওয়ার কথা, নিজেকে বিলীন করা। পাশে যিনি অবস্থান করছেন, আমার চেয়ে উৎকৃষ্ট এই বোধ সংক্রামিত হবে তাঁর জন্য, যাঁর প্রতি আমার সমগ্র সমর্পণ। যখন তিনি বুঝতে পারবেন আমার বিনয় ও সমর্পণের মূল্য, দূরে ফেলে দেবেন না আমায়। যদি খুঁজে থাকি পরম প্রভুকে, তিনি পাশেই দাঁড়িয়ে। অথচ এত দিন মূল্য দিইনি তাঁকে। যাকে খুঁজে ফিরছি, তাঁকে পেতে হলে নিশ্চুপ হয়ে যেতে হবে। তর্ক ও বাদানুবাদের মহিফল থেকে নিষ্ক্রান্তি, নিজকে প্রথমে ফকির জ্ঞান করতে হবে, অর্থাৎ কিছুই জানি না। ‘আমি কিছু নয় রে, আমি কিছু নয়, অন্তরে-বাহিরে দেখি কেবল দয়াময়।’ [হাসন রাজা]।‘থাক থাক কাজ নেই, বলিও না কোনো কথা/ চেয়ে দেখি চলে যাই, মনে মনে গান গাই/ মনে মনে রচি বসে, কত সুখ কত ব্যথা।’ [মৌন কথা]আরেকজনের মনে আঘাত দেওয়ার জন্যই কি আমার সৃষ্টি। তা কেন হবে?লালন থেকে জসীমউদ্দীন, রাধারমণ থেকে হাসন রাজা, বিজয় সরকার থেকে আবদুল করিম—তাঁদের গান পণ্ডিতেরা শোনেননি। বললেন, এত সুন্দর ভালোবাসার গান কমই হয়। এগুলোই ভালোবাসার মন্ত্র।বললাম, মুনিরা মৌন, কথা বলেন না। করছি উল্টোটা। কথা বন্ধ করে দিই। মনের মধ্যেই গুঞ্জরিত হোক ভালোবাসার গোলাপ, প্রস্ফুটিত হবে যা ভালোবাসার দৃষ্টিকে সংহত করে। আল্লাহ তাআলা মানুষের জিকির শুনতে ভালোবাসেন, ৯৯টি নাম। সব মিলিয়ে চার হাজার নাম তাঁর। যে নামেই ডাকি, তাঁরই নাম। উৎকৃষ্ট নিঃশব্দ জিকির, মানুষ বা ফেরেশতার অবকাশ নেই শোনার, প্রতিধ্বনিত যা কলবের ভেতর। রুমির কবিতা: ‘শুধু ভালোবাসার জন্য সবকিছু বাজি রাখো/ যদি সত্যি মানুষ হয়ে থাকো/ যদি না পারো, চলে যাও এ সভা থেকে অন্য কোথাও।’আমার কবিতা:বেহিসাবী আমি, তসবিহর হিসাব তাই তোমাকে দিলামচব্বিশ হাজার জিকরে ডাকব তোমায় প্রতিদিনবারবার ভুল হয় হিসাব হাতে গুনে বা তসবিহতেগণনায় কঠোর তুমি‘ওয়া আহসা কুল্লা শাইয়িন আবাদান’,তার চেয়ে যদি বেহিসাবী ডাকি তোমায় প্রভুবলেছো, ভিজিয়ে রাখতে জিহ্বা তোমার জিকরেআমার কলবে যে জিকর তারও কি হিসাব হবে?দুজন প্রহরী আছে তারাই রাখুক যত্ন করেভুলচুক যা করেছি জীবনেআমি বেহিসাবী ভুল করি বেহিসাবতেমনি যখন অশ্রুজলে ডাকব তোমায়চারদিক আমার তখন সয়লাবহকচকিত হবে তোমার দুই প্রহরীতাদেরও ভুল হয়ে যাবে সেদিন।কথা কমিয়ে দেখি, কাজ চলে যাচ্ছে। কথা না বললেও কাজ থেমে নেই। আঘাত হানি মানুষকে কথা দিয়ে। ‘ও তুই যারে আঘাত হানলিরে মনে, সেজন কি তোর পর’। কথা নেই, আঘাত নেই, জিহ্বার কাজ সংকুচিত। কথার পাট শেষ হলে ভেতরের মানুষ জেগে উঠবে, জগতের পিতা এসে আশ্রয় নেবেন কলবের মধ্যে, এতই সহজ, অথচ বেশ কঠিন। ‘সাইলেনস ইজ ইলোকোয়েনস’ কবিতার ভাষা। কবিরা নিঃশব্দে অনেক কথা বলে যান। এবার গল্প। কুম্ভ মেলায় লাখো মানুষ, ‘টুঁ’ শব্দটি নেই। জাপানের কিওটো বৌদ্ধমন্দিরে কয়েক লাখ মানুষ। নিশ্চুপ সবাই। ক্যান্ডির বৌদ্ধমন্দিরে লাখো মানুষ, জোড় হাত করে নিস্তব্ধ হয়ে বসে আছে। আল্লাহর পছন্দ নিস্তব্ধতা। যেদিন নিস্তব্ধ হতে পারব, সেদিন নিজকে চিনব। আরাফাতের ময়দানে একটি ছেলে মাকে হারিয়েছে। পাওয়ার সম্ভাবনা যখন শেষ, নীরবে আল্লাহকে বলল, ‘তুমি কি এটাই চেয়েছিলে যে এমন একটি জায়গায় এসে মাকে হারাব?’ কান্নার এত বেগ যে আল্লাহর ফেরেশতারা সেই জায়গায় এসে হাজির। একবাক্যে জানালেন, সবচেয়ে নীরব কান্না এখানেই। ছেলেটি হয়ে গেছে পাথরের মতো। তাকিয়ে আছে উন্মুখ হয়ে প্রভুর পানে, যদি প্রভুর দয়া হয়। মাকে পাওয়া গেল তক্ষুনি।তেমনি আমার জীবনেও। মৃত্যুর দ্বারপ্রান্তে। শরীর থেকে পানি বেরিয়ে গিয়েছিল। মৃত্যুকে প্রত্যক্ষ করেছি। আল্লাহকে বললাম, তুমি কি এই মুহূর্তের জন্য প্রতীক্ষিত? আমি প্রস্তুত। কেমন করে কী হলো, জানি না। স্তব্ধ জিকিরে আল্লাহ সাড়া দিলেন। বললেন, ‘অজু করে নাও।’ পরের দিন ছিল আরাফাতের জন্য যাত্রা।মুস্তাফা জামান আব্বাসী: সাহিত্য-সংগীতব্যক্তিত্ব।[email protected]