মৌলবাদের উল্লাস-মঞ্চই তবে আমার দেশ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তথাকথিত ফেসবুকে ট্যাগ করা অবমাননাকর একটি ছবিকে কেন্দ্র করে তথাগত বুদ্ধ-অনুসারীদের ওপর এই নির্মমতা আমাদের যারপরনাই বিস্মিত করেছে। সভ্যতার কোন ঘৃণ্য আবহে তবে আমাদের বসবাস? বুকের ভেতর পোড়া রামুর গন্ধ; মাথার ভেতর অগ্নিদগ্ধ মৃত্যুর দুয়ার থেকে ফিরে আসা ৭০ বছরের বুচি শর্মার যন্ত্রণা; চোখের সামনে তথাগত বুদ্ধের অহিংস বিগ্রহের ওপর সহিংস তাণ্ডব, ধূলিসাৎ ১২টি বৌদ্ধমন্দিরের বিগ্রহ আর ব্যর্থ করুণ প্রার্থনা; এবং তার চেয়েও বাস্তব, ছাই হয়ে উড়ে যাওয়া ১০টি জনপদ, মানুষের বসতি, লুট হয়ে যাওয়া সর্বস্ব দেখে প্রশ্ন জাগে, আমরা কি এই বাংলাদেশ চেয়েছিলাম? রামু-টেকনাফ-উখিয়া আর খানিক দূরেই পটিয়া। মানুষের জীবন, সম্পদ আর বিশ্বাসের ওপর তাণ্ডব চালিয়েছে আমারই দেশের হাজারো মানুষ। পরিকল্পিতভাবে, মিছিলের পর মিছিলে সজ্জিত হয়ে। ঘটনাটি ঘটেছে বাংলাদেশে। জন্মসূত্রে যে একদিন চিহ্ন ধারণ করেছিল অসাম্প্রদায়িক রাষ্ট্রব্যবস্থার।ফেসবুক-অজুহাতে হাজার মানুষ একত্র হয়ে দফায় দফায় সুসজ্জিত মিছিলে এসে আক্রমণ করেছে নিরীহ, ঘুমন্ত বৌদ্ধধর্মাবলম্বী মানুষের জীবন, বসতি আর দেবালয়ের ওপর। ৩০০ বছরের পুরোনো বৌদ্ধমন্দিরকে যেমন তছনছ করেছে, তেমনি নির্মাণাধীন ১০০ ফুট উঁচু বুদ্ধবিগ্রহের ওপরও হামলা চালিয়েছে। এই ঘটনা যেমন ঠেকানো যায়নি, তেমনি ঘটনা ঘটার প্রথম ২৪ ঘণ্টার মধ্যে কাউকে গ্রেপ্তার করা যায়নি। অন্যদিকে ঘটনাস্থল পরিদর্শন শেষে গ্রেপ্তারের আদেশ দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এবং শিল্পমন্ত্রী ফিরে আসার পরও আবার আগুন লাগানো হয়েছে উখিয়ার পাঁচটি বৌদ্ধমন্দিরে এবং টেকনাফের বৌদ্ধ বসতিতে। প্রকাশিত ঘটনা থেকে প্রশ্ন উঠে আসে, রামু-টেকনাফ-উখিয়া ও পটিয়ার মতো এলাকায় কজন বৌদ্ধধর্মাবলম্বীর বাড়িতে ফেসবুক আছে? যারা আক্রমণ করেছে তাদের কজনের ঘরেই বা আছে ফেসবুক যে ট্যাগ করা ছবি দেখে সবাই মুহূর্তে ঝাঁপিয়ে পড়ল ঘুমন্ত মানুষের ওপর? এই প্রশ্ন যে উত্তরের দিকে অনিবার্যভাবে আমাদের দৃষ্টি আকর্ষণ করে, তা হলো, দোহাইটি তুচ্ছ হলেও আক্রমণের কারণটি হঠাৎ উত্তেজনার আকস্মিক প্রকাশ নয়। এটি পূর্বপরিকল্পিত; এর ব্যাপ্তি এবং শৃঙ্খলা পরিষ্কারভাবে বুঝিয়ে দেয় রাজনৈতিক উদ্দেশ্য থেকেই এই আক্রমণ। ‘কারা’ ও ‘কেন’ এটি ঘটিয়েছে, সরকারকে অবশ্যই খুঁজে বের করতে হবে। যে এলাকায় পুলিশ, বিডিআর, র‌্যাবের ছড়াছড়ি, সেই এলাকায় কয়েক প্রহর ধরে বসতির পর বসতিতে আগুন দেওয়া হলো, অথচ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টিকিটি পাওয়া গেল না! তবে কি প্রশাসনের পৃষ্ঠপোষকতায় এই কাজ হলো? আবার দুই মন্ত্রী ঘটনাস্থল থেকে চলে যাওয়ার পরেই (৩০ সেপ্টেম্বর) কীভাবে সন্ধ্যায় আবারও আগুন দেওয়া হলো নতুন করে পাঁচ মন্দিরে? এই দুই প্রশ্নের সন্তোষজনক জবাব সরকারকেই দিতে হবে। যদি সরকার এই প্রশ্নের উত্তর দিতে ব্যর্থ হয়, তা হলে ঘটনা আরও মারাত্মক। সে ক্ষেত্রে প্রশ্ন হলো, কারা তবে প্রশাসন চালায় ওসব এলাকায়? দেখলাম কয়েকজনকে জড়িত সন্দেহে গ্রেপ্তার করা হয়েছে, তাদের শাস্তির কী বিধান হবে? এক ধর্মাবলম্বী মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগার অভিযোগে যদি আরেক ধর্মাবলম্বীর ১২টি উপাসনালয় ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়, তবে আক্রান্ত ধর্মাবলম্বী মানুষের ধর্মীয় অনুভূতির ক্ষতিপূরণ কী? ৩০০ বছরের পুরোনো মন্দির শুধু সেই ধর্মাবলম্বীর দেবালয় নয়, সভ্যতা ও ঐতিহ্যেরও সম্পদ। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, এই ক্ষতি তিনি পুষিয়ে দেবেন। কীভাবে? ১২টি মন্দির তো শুধু ১২টি স্থাপনা নয়, মানুষের ধর্মীয় বিশ্বাস ও আবেগ জড়িত আছে এর সঙ্গে। সেই ক্ষতি কি পুষিয়ে দেওয়া সম্ভব? কীভাবে সর্বস্ব হারানো মানুষের বিশ্বাস ফিরিয়ে আনা যাবে? কীভাবেই বা তাঁদের এই আতঙ্কিত জীবন থেকে মুক্তি দেওয়া সম্ভব? প্রধানমন্ত্রী যা করতে পারেন, তা হলো, বড়জোর তাদের ঘরবাড়ি তুলে দেওয়ার ব্যবস্থা করা। সেটি কি যথেষ্ট? কারা এই ঘটনা ঘটিয়েছে এবং এর পেছনে কী রাজনৈতিক স্বার্থ কাজ করেছে—সরকার যদি তা শনাক্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে না পারে, তবে আমাদের ধারণা, এতে সরকার রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবে। অতীতের সাম্প্রদায়িক নির্যাতনগুলোর মতোই, সরকারি এবং বেসরকারি দল পরস্পরকে অভিযুক্ত করার খেলায় নেমেছে। সরকার বলছে, এই কাজ বিএনপি-জামায়াতের; বিএনপি বলেছে, এই কাজ সরকারের মদদে হয়েছে। আমরা মনে করি, যথেষ্ট হয়েছে। এসব ঘটনাকে আর রাজনৈতিক ফায়দা অর্জনের হাতিয়ার হিসেবে আমরা দেখতে আগ্রহী নই। এসব ঘটনায় কার লাভ, শুধু এই প্রশ্ন ধরে এগোলেই সরকারের পক্ষে প্রকৃত অপরাধীদের খুঁজে বের করা সম্ভব। বিষয়টি যেমন রাজনৈতিক, তেমনি অর্থনৈতিক। সীমান্তের পাশের ধর্মীয় সংখ্যালঘু জনগোষ্ঠীকে উচ্ছেদ করতে পারলে তাদের ভিটেমাটি দখলস্বত্বে যেমন অর্থনৈতিক লাভ, তেমনি লাভ ভোটের রাজনীতিতে। একইভাবে, গোটা রামু-উখিয়া-টেকনাফ এলাকাজুড়ে যাদের ঢুকানো হয়েছে, তাদের প্রাথমিক পুঁজি জোগানোর অন্যতম উপায় যেমন হতে পারে এসব এলাকার অধিবাসীকে ভিটেমাটি থেকে উচ্ছেদ করে তাদের সম্পত্তি দখল করা এবং একই সঙ্গে এসব সেটলারদের ভোটব্যাংক হিসেবে ব্যবহার করা। সেই ভোট কার পক্ষে যাবে, এটা বাহ্য! আর তাই কখনো বা হুজুর কেবলা মঞ্চস্থের অভিযোগে, কখনো ফেসবুকের অজুহাতে, প্রয়োজনে ঈশপের গল্পের মতো ‘পানি ঘোলা করা’র অভিযোগ তৈরি করে এসব অঘটন ঘটানো হবে।সবশেষে দ্ব্যর্থহীনভাবে বলতে চাই, আমরা বাংলাদেশের অধিবাসীরা কেমন দেশ চাই, সেটি আমাদেরই ঠিক করতে হবে। ধর্মনিরপেক্ষতা এবং সাম্প্রদায়িক রাজনীতিকে নিষিদ্ধ করার প্রশ্নে যে আপসহীনতা জরুরি ছিল তা না থাকা; ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের নির্যাতনের প্রশ্নে যে গা-সওয়া ভাব, তা শুধু একাত্তরের পরাজিত শিবিরকেই শক্তিশালী করছে এমন নয়, বরং দিনে দিনে তা মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে সাংঘর্ষিক হয়ে উঠছে। যদি সত্যিই বিশ্বাস রাখি এ দেশ সব ধর্মাবলম্বীর, তবে এ দেশের রাজনীতিতে ধর্ম ব্যবসা বন্ধ করা প্রয়োজন। দোহাই মুক্তিযুদ্ধের, বাংলাদেশ জেগে উঠুক, বাংলাদেশ রুখে দিক এই সাম্প্রদায়িক শক্তিকে। মানবতা যখন আক্রান্ত, তখন সব ভরসা শেষ হয়ে গেলেও মানুষই পারে রুখে দাঁড়াতে। মানুষই রুখে দাঁড়ায়। এখনো ভরসা শতভাগ মুক্তিযুদ্ধে, ভরসা মানুষের গণজাগরণে। লেখকবৃন্দ: ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক।