আমাদের দেশে যেমন আওয়ামী লীগ আর বিএনপি ‘অলি বারবার ফিরে’ আসার মতো আসে আর মধু খেয়ে যায়—এখানেও তা-ই হচ্ছে। এই পালাবদল চলছে কনজারভেটিভ আর লেবার পার্টির মধ্যে। তৃতীয় দল লিবারেল ডেমোক্র্যাটস। এরা এত দিন ছিল রাজনীতির খেলার মাঠের বাইরে। গতবারের ইলেকশনে যখন বড় দুই দল সরকার গঠনের মতো পর্যাপ্ত সংখ্যাগরিষ্ঠতা পেল না আর কোয়ালিশন করার কথা উঠল, তখন মাঠে প্রবেশ করেছিল এই দল। তিন দলের মূল নীতিমালাগুলো সাধারণ মানুষ সেসব দলের নামকরণের অর্থ দিয়েই বুঝতেন। ব্যাপারটা আসলে ঠিকই। একজন অনাবাসী বাংলাদেশি মানুষ হিসেবে আমিও তাদের সে চোখেই দেখেছি এবং মিল খুঁজে পেয়েছি। কনজারভেটিভরা রক্ষণশীল, আদি অকৃত্রিম এবং গোঁড়া। লেবাররা শ্রমিক, খেটে খাওয়া মানুষ, প্রগতিশীল এবং বহুজাতিক মতাদর্শী। লিবারেলরা মুক্তমনা, প্রতিক্রিয়াবিরোধী এবং গণতন্ত্রে বিশ্বাসী। কিন্তু বায়ুতে বর্জ্যের মতো সব দলেই আবার কিছু কট্টরপন্থী আছেন, যাঁরা সবাই মিলে এক দল করলেই পারতেন, যাঁরা আমাদের দেশের জামায়াতের মতোই। সর্বশেষ যাঁদের কথা বললাম, এখানে এঁরাও চূড়ান্ত চক্রধারী। তাই সবাই তাঁদের তোয়াজ করে, বারবার জনতা বিচ্ছিন্ন হয়—ক্ষমতা বিচ্যুত হয়—আবার আসে, আবার যায়। এই তো দেখছি দুই দশকের বেশি সময় ধরে।কনজারভেটিভ এখন ক্ষমতাসীন। কিন্তু একা আসতে পারেনি, এসেছে লিবড্যামকে নিয়ে। তাই প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের ডেপুটি হয়ে সাথি হলেন নিক ক্লেগ। ক্লেগদের নীতি ও উদ্দেশ্যের সঙ্গে মিল ছিল বেশি লেবার পার্টির সঙ্গে। কিন্তু দর-কষাকষির সময় তারা কিছুতেই পরাজিত লেবার সেনাপতি গর্ডন ব্রাউনের সঙ্গে পড়তায় পড়ল না। তখন আমরা মনেপ্রাণে চেয়েছিলাম যাতে নিকের মনটা একটু নরম হয়, গর্ডন যেন অহেতুক গোঁ না ধরেন। এদিকে ডেভিডের যা ডামাডোল—তারা আসছেই, নিককে তাদের কথা মানতে হবে না কখনো। দুই দলের মতামতেই হবে সব স্থির। নিক সবার জন্য শিক্ষা শিক্ষা করছেন, ইরাক যুদ্ধসহ সব যুদ্ধেও বিরুদ্ধে গেছেন, বুড়ো মানুষদের ভালোভাবে বেঁচে থাকার কথা বলছেন—এই তো! এটা কে না চায়। সবই হবে বাবা নিক, তুমি শুধু আমাদের সঙ্গে থাকতে রাজি হয়ে যাও। কোয়ালিশনটা হলেই দেখবে আমরা কীভাবে ব্রিটেনকে ‘এক জাতি, এক দেশ’ করে তুলি। সবাই সবার স্থান থেকে তার ন্যায্য (ফেয়ার) হিস্যা পাবে—যুক্তিযুক্ত ‘প্রদান’ করবে। এদিকে লেবার লিডার এড মিলিব্যান্ড তাঁর পূর্বসূরি যুদ্ধবাজ, বাখোয়াজ, একরোখা ভূতপূর্ব প্রধানমন্ত্রীর কৃতকর্মের শোধ দিতে দিতে প্রায় পরাস্ত ও পর্যুদস্ত হয়ে পড়েছেন। দেশের জনতার বিরুদ্ধে গিয়ে এক আমেরিকার দোসরগিরিতেই টনি ব্লেয়ার দলের যা ক্ষতি করেছেন, এমন কোনো দলনেতা করেননি। শুধু দুর্নাম যে এনেছেন তা নয়, দেশের পররাষ্ট্রনীতি ঘুলিয়ে দিয়ে এমন করেছেন যে আজ ব্রিটেনে সাম্প্রদায়িকতা ও ইসলামি সন্ত্রাসীদের তৎপরতা বেড়েই চলেছে, সামরিক ব্যয় বেড়েই চলেছে, প্রতিদিন আফগানিস্তান থেকে কফিন হয়ে আসছে ব্রিটিশ সেনা। শ্যামের কাছ থেকে আসেনি শস্য, আসেনি তেল। বরং কুলও গেছে।এই ছিল গত কয়েক বছরের অবস্থা। সবাই আশা করেছিল অলিম্পিক মশালের আলোয় দেশের অর্থনীতি চাঙা হয়ে উঠবে। অন্তত সে রকম আশ্বাসই কোয়ালিশন সরকার দিয়েছিল। কিন্তু তা হয়নি। সেই পুরোনো বচনের মতোই—সমস্ত শরীর বাদ দিয়ে আঙুলে রক্ত সঞ্চালনকে তো আর স্বাস্থ্য বলা যায় না। লন্ডন ঝলসে উঠেছিল, গোটা জাতি প্রণোদিতও হয়েছে। কিন্তু সুস্বাস্থ্য সম্পর্কে সজাগ এ জাতি আগেও ছিল। ছিল শিশুদের স্কুলে খেলার মাঠ, বৃদ্ধদের ব্যায়াম ও রক্ষণাবেক্ষণের সুব্যবস্থা, হাত বাড়ালেই ডাক্তার, নার্স, সম্ভাব্য মায়েদের উপদেশ, অবিবাহিত মায়েদের অনাকাঙ্ক্ষিত মাতৃত্ব এড়ানোর ব্যবস্থা আরও যা কিছু দরকার। অনেকে ভেবেছিলেন, এ দেশের সাধারণ শ্রমজীবী মানুষের কল্যাণে যে ন্যাশনাল হেলথ সার্ভিসের ব্যবস্থা রয়েছে, যা দেখে সারা বিশ্ব ব্রিটেনের প্রশংসা করে, সেটার আরও উন্নতি হবে। কিন্তু অলিম্পিক প্রসব করেছে অর্থনৈতিক অশ্বডিম্ব। কোনোমতে টিকে গিয়েছিল প্যারালিম্পিক। কিন্তু তার কোনো কৃতিত্ব নিতে পারবে না কোয়ালিশন সরকার। এর সফলতার সব সাধুবাদ ব্রিটেনের সাধারণ মানুষের। তাদের ক্রয়ক্ষমতায় একটি টিকিটের টাকা থাকলে তারা প্যারালিম্পিকেরই টিকিট কিনেছে। আর বেগার খেটেছে শত শত মানুষ। কিন্তু তাদেরই ওপর পড়েছে খড়্গ। শুধু সব খাতেই মহা কর্তন চলছে। প্রতিদিনই নতুন কর্তনের কথা পড়তে পড়তে নতুন বাড়তি ভাড়ায় ট্রেনের টিকিট কেটে ম্রিয়মাণ মুখে কাজে হাজির হচ্ছেন খেটে খাওয়া মানুষ। আর আমাদের মতো তৃণমূল শিল্পী-সাহিত্যিকদের অবস্থা এখন একেবারেই অবসন্ন। এ খাতে সরকারি সাহায্য এত অল্প যে স্কুল-কলেজগুলোর রুগ্ণ বাজেটে এখন আর আবাসিক কবি-সাহিত্যিক জোটানো যায় না। শিক্ষাপ্রতিষ্ঠানগুলো এখন কর্মরত শিক্ষকদের বাড়তি মেধা দিয়েই সে কাজ চালাচ্ছে। কোথাও কোথাও ক্লাসরুম সহকারীদের দিয়েও সে কাজ করানো হচ্ছে কিন্তু বাড়ানো হচ্ছে না তাঁদের আয়। পুলিশের সংখ্যা কমে গেছে, অপরাধ বাড়ছে। গত দুই সপ্তাহের প্রধান খবরই অল্প বয়সী মেয়ে ও মেয়েশিশুর নিখোঁজ বার্তা। কিছুতেই তাদের আর জীবিত উদ্ধার হচ্ছে না। এদের খুঁজে বের করতে ঝাঁপিয়ে পড়েছে পাড়া-প্রতিবেশী। কিন্তু তারা তো প্রশিক্ষণপ্রাপ্ত অফিসার না। বাড়ছে গাড়ি ডাকাতি, মাদক সমস্যা। এসব কারণেই গত বছর জ্বলে উঠেছিল টটেনহ্যাম। আর কোয়ালিশন বরাবরের মতোই তখন তা কঠোর হাতে দমন করতে সেসব বখাটে কর্মহীনদের হয় পাঠিয়েছে জেলে, না হয় কমিউনিটি সার্ভিসে। মূল যে সংকট—শিক্ষা, কর্মসংস্থান তা এড়িয়ে গেছে।নির্বাচন এগিয়ে আসছে। তিন-তিনটি প্রধান দলই তাদের জাতীয় সম্মেলন শেষ করল। আশাহীন জাতি আবারও অনেক প্রতিশ্রুতি শুনল। তবে লেবার পার্টির নেতা এড মিলিব্যান্ড একটা মজা করেছেন। তিনি প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের ‘এক দেশ, এক জাতি’র সঠিক ব্যাখ্যাটা তুলে এনেছেন, সেই সঙ্গে ফেয়ার বা ন্যায্য ব্যবস্থার কথাও। এক দেশ, এক জাতি গড়তে হলে দেশের এ দুঃসময়ে যাদের বেশি আছে, তাদেরই লম্বা হাত বাড়াতে হবে। নাই থেকে আসবে কেবলই শূন্য। বিলম্বে হলেও নিক ক্লেগও তা-ই বলছেন। আমরা তৃণমূলে থাকলেও সূর্য উঠলে ঠিকই টের পাব। এখন তারই অপেক্ষা। হে সূর্য, শীতের সূর্য, তুমি আমাদের উত্তাপ দাও। লন্ডন শামীম আজাদ: কবি ও কলাম লেখক।[email protected]